হঠাৎ দেখা
নমস্কার বন্ধুরা,
সময়ের পালাবদলে একটা প্রশ্ন থেকে যায়,আমরা আসলেই কি ঠিক ছিএলাম?আজকে এই ব্যস্ততম জীবনে দাঁড়িয়ে ফেরার তো আসলেই কোনো পথ নেই তবুও ভাবনারা আসে।
সারাদিন মানুষের মধ্যে ছিলাম।
লিফটে কারও কাঁধে কাঁধ লেগেছে,
দুপুরে একসঙ্গে খেতে বসে
অন্যের হাসিতে হেসেছি।
ফেরার পথে বাজার করেছি—
টমেটো বাছতে বাছতে মনে পড়েনি
আজ মন খারাপ করার কোনো কারণ আছে।
তবু ব্যাগ নামিয়ে রাখার সময়
হঠাৎ থেমে গেলাম।
কোথায় এই শূন্যতা আসে?
যারা চলে গেছে,
তাদের সবার নাম মনে আছে।
কিন্তু এই অভাবের মুখে
কাউকে ঠিক বসানো যায় না।
একদিন অনেক দূরে যাওয়ার ইচ্ছে ছিল।
এখন দূরের শহর থেকে ফিরেও
পরদিন সময়মতো কাজে যাই।
স্যুটকেসের ভেতর পড়ে থাকে
হোটেলের একটি ছোট সাবান,
যেন কোথাও গিয়েছিলাম—
তার সামান্য সাক্ষী।
যে জীবন চেয়েছিলাম
তার অনেকটাই হয়েছে।
অথচ পাওয়ার খবর দিতে গিয়ে
মাঝে মাঝে থেমে যাই;
যাকে জানালে সবচেয়ে আনন্দ হতো,
সে মানুষটি কি এখনও
আমার ভেতরে আছে?
কতবার বলেছি, কিছু চাই না।
কথাটা শুনে অন্যরা নিশ্চিন্ত হয়েছে।
আমিও আর শুধরে দিইনি।
এখন কেউ ইচ্ছে জানতে চাইলে
প্রথমে তার মুখ দেখি—
কোন উত্তর শুনলে
তার অসুবিধে হবে না।
আজ বাজারের ব্যাগে
একটি অতিরিক্ত পেয়ারা পেয়েছি।
বিক্রেতা হয়তো দিয়েছিল,
আমি খেয়াল করিনি।
কেটে খেতে খেতে মনে হলো,
কাল তাকে বলব, ভালো ছিল।
তারপর বাকি অর্ধেকটা
ঢেকে রাখলাম।
কতদিন পরে
আগামীকালের জন্য
এত ছোট কিছু রেখে দিলাম।
VOTE @bangla.witness as witness

OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



