বার্তা
স্থানীয় পরিচিত এক ছোট ভাই গত কয়েকদিন ধরে উঠে-পড়ে লেগেছে, আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে তাকে একটা স্ক্রিপ্ট লিখে দেওয়ার জন্য।
যদিও এসব কাজে আমার খুব একটা আগ্রহ নেই। কেননা, আমি ব্যক্তিগতভাবে কাউকে না জানলে, না চিনলে, তার সম্পর্কে আন্দাজ করে খুব একটা লিখি না। তবে স্থানীয় ছোট ভাইয়ের ক্ষেত্রে ঘটনাটা সম্পূর্ণ আলাদা। কেননা, ওকে যেহেতু ছোটবেলা থেকেই চোখের সামনে বড় হতে দেখেছি, তাই হয়তো নিম্নোক্ত লেখাগুলো ওর জন্য লিখেছি।
এই ৬ নম্বর ওয়ার্ডের ভেতরেই আমার নাড়ি পোঁতা। এখানকার আলো-বাতাস মেখেই বেড়ে উঠেছি। যেহেতু পরিবর্তনশীল চিন্তায় বিশ্বাসী, তাই হয়তো সমসাময়িক সময়ে নিজের ওয়ার্ডটাকে খানিকটা আরও যত্নে আগলে রাখার জন্য আপনাদের শরণাপন্ন হয়েছি।
কেননা মনে হয়েছে, আপনারা চাইলেই হয়তো এই ওয়ার্ডকে নিস্তেজ, ধুঁকে-মরা আইসিইউ থেকে বের করে খানিকটা পুনরুজ্জীবিত করা সম্ভব।
ওয়ার্ডের সমস্যার কথা বলব না, কেননা এসব সম্পর্কে আপনারা সবাই অবগত। যেহেতু আপনি এই ওয়ার্ডের বাসিন্দা, তাই এই ওয়ার্ডকে পুনরুজ্জীবিত করার দায়িত্বও আপনার।
টাকা-পয়সা, যশ-খ্যাতি,সব দিক থেকেই আমি দুর্বল। রাস্তাতেই বেড়ে ওঠা, এমনকি রাস্তাতেই থাকতে চাই। তবে আপনার মূল্যবান ভোটটাকে যদি আমানত মনে করেন, তাহলে আমানতকে কীভাবে রক্ষা করতে হয়, সেই স্বচ্ছ মানসিকতার প্রতিনিয়ত হয়তো চর্চা করছি।
বর্তমান প্রেক্ষাপটে সৎ মানুষ হওয়া মোটেও সহজ ব্যাপার নয়। তবে চেষ্টা করতে অসুবিধা কোথায়?
সর্বোপরি, যদি মনে করেন আমার থেকেও কেউ যোগ্য ব্যক্তি, মেধা-মনন কিংবা সৃজনশীল চিন্তায় এই ওয়ার্ডের নেতৃত্ব দেওয়ার মতো সক্ষম, আপনারা চাইলে স্বেচ্ছায় তাকেও জয়ী করতে পারেন।
দিনশেষে, ওয়ার্ডটা সুস্থ ও পুনরুজ্জীবিত হোক,এতটুকুই চাওয়া।
