উচিত কিছু শিক্ষা!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

একটা বিষয় কি দেখবেন যে কিছু কিছু মানুষকে দেখে সত্যিই মনে হয় যে এরা যেনো নিজেদের একটা আলাদা কল্পনার জগতে বাস করে।সেই জগতে তারা যা করে সব ঠিক আর পৃথিবীর বাকি মানুষগুলোই ভুল।নিজের কোনো আচরণ নিয়ে প্রশ্ন নেই,নিজের কোনো ভুল স্বীকার করার মানসিকতা নেই।কোনো সমস্যা হলেই খুব সহজে অন্য কাউকে দোষ দিয়ে দেয়।এমন মানুষদের সঙ্গে কথা বললেও অনেক সময় মনে হয় যে ওরা আসলে নিজের ভুলটা দেখতেই চায় না।আর আমার মনে হয় যে কিছু কিছু মানুষকে জীবনে একটা সময় শিক্ষা পেতেই হয়।কারণ শুধু ভালোভাবে বুঝিয়ে বললেই ওরা নিজেদের ভুল বুঝতে পারে না।বারবার একই ভুল করে একইভাবে অন্যকে কষ্ট দেয় আবার পরে এমনভাবে কথা বলে যেনো সমস্যাটা তার না।

যতক্ষণ পর্যন্ত নিজের কাজের কোনো ফলাফল ওদের সামনে এসে না দাঁড়ায় ততোক্ষণ তারা হয়তো বুঝতেই চায় না যে তারা ভুল করেছে।আর সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে এই ধরনের মানুষ নিজের ভুলের জন্য সবসময় একটা যুক্তি খুঁজে বের করতে পারে।সে কাউকে কষ্ট দিয়েছে।কারণ নাকি ওই মানুষ তাকে বাধ্য করেছে।সে খারাপ ব্যবহার করেছে।কারণ নাকি পরিস্থিতি এমন ছিলো।সে কারো সঙ্গে অন্যায় করেছে।কারণ নাকি অন্য মানুষটিও ভালো ছিলো না।অর্থাৎ নিজের কাজের দায়টা কোনোভাবেই নিজের ওপর নিতে চায় না।আবার অন্য কেউ একই ধরনের ভুল করলে তারাই সবার আগে বিচার করতে বসে যায়। তখন কিন্তু কোনো যুক্তি থাকে না।অন্যের ভুল মানেই চরিত্র খারাপ,মানুষ খারাপ,উদ্দেশ্য খারাপ। নিজের ক্ষেত্রে যে বিষয়কে পরিস্থিতির কারণে হওয়া ভুল বলা হচ্ছে অন্যের ক্ষেত্রে সেটাই বড় অপরাধ হয়ে যায়। এই দ্বিমুখী মানসিকতাই অনেক সময় তাদের সবচেয়ে বড় সমস্যা।

আর আমার কাছে মনে হয় যে মানুষকে নিজের ভুল বুঝতে হলে নিজের কাজের ফলাফলও কখনো কখনো দেখতে হয়।কেউ যদি সবসময় অন্যের ভুল ক্ষমা করে দেয়,নিজের ভুলকে এড়িয়ে যায় এবং কোনো পরিণতির মুখোমুখি না হয়।তাহলে তার মনে হতে পারে সে যা করছে সেটাই স্বাভাবিক।তাই জীবনে কখনো কখনো কাউকে তার ভুলের ফলাফল বুঝতে দেওয়া প্রয়োজন।কিন্তু শিক্ষা দেওয়া মানে কাউকে অপমান করা বা প্রতিশোধ নেওয়া না।তার ভুলের জায়গায় তাকে দায়িত্বশীল হতে শেখানো।কেউ বারবার একইভাবে কষ্ট দিলে তার থেকে দূরে সরে যাওয়া,তার অন্যায় আচরণকে প্রশ্রয় না দেওয়া কিংবা নিজের সীমা পরিষ্কার করে দেওয়া এগুলোও এক ধরনের শিক্ষা হতে পারে।কারণ সবসময় কাউকে বুঝিয়ে পরিবর্তন করা সম্ভব হয় না।

আর কিছু মানুষ আবার নিজের সম্পর্কে এতটাই ভালো ধারণা নিয়ে থাকে যে ওদের কাছে নিজের ভুল স্বীকার করাটা অসম্ভব মনে হয়।ওরা মনে করে যে ওরা যেহেতু ভালো মানুষ তাই ওদের কাজও নিশ্চয়ই ভালো।কিন্তু ভালো মানুষ হওয়া মানে কখনো ভুল না করা না।ভুল করার পর সেটা স্বীকার করতে পারা,ক্ষমা চাওয়া এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করাটাই আসল।লাইফে নিজের ভুল দেখতে পারাটা খুব গুরুত্বপূর্ণ।আমি যদি সব সমস্যার জন্য শুধু অন্য মানুষকে দায়ী করি।তাহলে নিজের কোথায় পরিবর্তন প্রয়োজন সেটা কখনো বুঝবো না।নিজের দিকে তাকানোর অভ্যাস না থাকলে একই ভুল বারবার হতে থাকবে।তাই কিছু কিছু মানুষকে সত্যিই এমন একটা পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেখানে আর অন্য কাউকে দোষ দিয়ে নিজের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ থাকে না।তখন হয়তো প্রথমবারের মতো নিজের আচরণ নিয়ে ভাবতে শুরু করে।বুঝতে পারে,সবসময় অন্য মানুষই খারাপ ছিল না,নিজেরও কিছু ভুল ছিলো।আর আমার মনে হয় যে লাইফে শিক্ষা পাওয়া জরুরি।সেটা কখনো কথার মাধ্যমে আসে,কখনো অভিজ্ঞতার মাধ্যমে আবার কখনো নিজের ভুলের ফলাফল থেকে আসে।কিছু মানুষ হয়তো অন্যের কথা শুনে বুঝতে পারে আবার কিছু মানুষকে নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝতে হয়।

কারণ যতোক্ষণ পর্যন্ত একজন মানুষ মনে করবে তার নিজের কোনো ভুল নেই ততোক্ষণ তাকে পরিবর্তন করা খুব কঠিন।নিজের ভুল স্বীকার করার মতো মানসিকতা তৈরি না হলে কোনো শিক্ষা থেকেই আসলে লাভ হয় না।তাই জীবনে কখনো কখনো কঠিন বাস্তবতাই মানুষকে সবচেয়ে বড় শিক্ষা দেয়।আর তখনই হয়তো সেই কল্পনার জগতটা ভেঙে যায় যেখানে নিজের ছাড়া আর সবাই দোষী ছিলো।

ABB.gif