লোকজ নির্মাণ কৌশলে প্রাকৃতিক উপকরণের ব্যবহার
Image Created by OpenAI
আধুনিক স্থাপত্যের জগতে কংক্রিট, ইস্পাত, কাচ ও বিভিন্ন কৃত্রিম উপকরণের ব্যবহার দিন দিন বাড়ছে। কিন্তু এর বহু আগে থেকেই বাংলার গ্রামাঞ্চলসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ স্থানীয় পরিবেশ থেকে পাওয়া প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে তৈরি করেছিল ঘরবাড়ি, সেতু, বেড়া, নৌকা, কৃষি সরঞ্জাম ও নানা ধরনের স্থাপনা। এই নির্মাণ পদ্ধতিই আমাদের লোকজ নির্মাণ কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। লোকজ নির্মাণ কৌশলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো- প্রকৃতিকে জয় করার পরিবর্তে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মাণ করা। স্থানীয় মাটি, বাঁশ, কাঠ, খড়, পাতা, বেত, পাট ও অন্যান্য সহজলভ্য উপকরণ ব্যবহার করে মানুষের প্রয়োজন অনুযায়ী তৈরি হয়েছে টেকসই ও নান্দনিক স্থাপনা।
বাংলার লোকজ স্থাপত্যে মাটি অন্যতম প্রাচীন নির্মাণ উপকরণ। এঁটেল বা দোআঁশ মাটি ব্যবহার করে দেয়াল তৈরি করা হতো। কোথাও মাটির সঙ্গে খড় বা অন্যান্য তন্তুযুক্ত উপাদান মিশিয়ে দেয়ালকে আরও শক্ত ও স্থিতিশীল করা হতো।মাটির ঘরের সবচেয়ে বড় সুবিধা হলো এর স্বাভাবিক তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা। বাঁশ বাংলার লোকজ নির্মাণ শৈলীর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। গ্রামীণ জীবনে বাঁশ দিয়ে ঘরের কাঠামো, বেড়া, ছাউনি, মাচা, দরজা-জানালা, সিঁড়ি এমনকি ছোট সেতুও তৈরি করা হতো। কাঠও লোকজ নির্মাণে একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপকরণ। দরজা, জানালা, খুঁটি, ছাদের কাঠামো এবং বিভিন্ন অলংকরণে কাঠের ব্যবহার দেখা যায়। এইরকম আরো নানা উপকরণ ব্যবহার হতো।
