তার পরে!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার মাঝেমধ্যে কিছু কিছু মানুষের জন্য আমরা একটানা অনেক এফোর্ট দিতে থাকি।নিজের সময় দিই,প্রয়োজনের সময় পাশে থাকি তাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করি।এমনকি অনেক সময় নিজের কিছু সুবিধাও বাদ দিয়ে অন্য মানুষটার জন্য কিছু করি।তখন বিনিময়ে খুব বেশি কিছু আশা করি না।শুধু মনে হয় যে মানুষটা অন্তত আমার এফোর্টটুকু বুঝবে। আমার পাশে থাকার বিষয়টা মনে রাখবে।কিন্তু পরে যখন দেখি সেই মানুষটাই অসম্ভব অকৃতজ্ঞ।তখন সত্যিই মনটা একদম ভেঙে যায়।আর আমার মনে হয় যে অকৃতজ্ঞতা খুব অদ্ভুত একটা জিনিস।কারণ এখানে কষ্টটা শুধু কোনো একটা ঘটনার জন্য হয় না।কারণ আমরা যে সময়,পরিশ্রম আর আন্তরিকতা দিয়ে মানুষটার পাশে ছিলাম সেগুলো জাস্ট এক মুহূর্তে অর্থহীন মনে হতে থাকে।তখন নিজের মনেই প্রশ্ন আসে যে এতোকিছু করার আসলে দরকার ছিলো কি?অনেক সময় আমরা কাউকে সাহায্য করি কারণ সত্যিই তার ভালো চাই।তার কোনো সমস্যা হলে খারাপ লাগে।সে বিপদে থাকলে পাশে দাঁড়াতে ইচ্ছে করে।
আর তখন হিসাব করে কিছু করি না।কিন্তু যখন পরে সেই মানুষটা এমন আচরণ করে যেনো আমরা তার জন্য কখনো কিছুই করিনি তখন কষ্ট লাগাটাই স্বাভাবিক।আর সবচেয়ে বেশি খারাপ লাগে তখন যখন একজন মানুষ আমাদের কাছ থেকে বারবার সাহায্য নিয়েছে,আমাদের ওপর ভরসা করেছে,প্রয়োজনের সময় আমাদের খুঁজেছে।কিন্তু তার নিজের ভালো সময় আসার পর আমাদের এফোর্টের কোনো মূল্যই রাখেনি।তখন মনে হয় যে প্রয়োজনের সময় মানুষকে মনে রাখা খুব সহজ।কিন্তু প্রয়োজন শেষ হয়ে গেলে সেই মানুষটার অবদান মনে রাখাটাই যেনো কঠিন হয়ে যায়।অবশ্য আমি মনে করি যে কাউকে সাহায্য করার পর সারাজীবন তার কাছ থেকে কিছু পাওয়ার আশা করাও ঠিক না।ভালো কিছু করলে সেটা ভালো কাজ হিসেবেই করা উচিত। কিন্তু তার মানে এই না যে একজন মানুষ আমাদের কষ্ট দেওয়ার পরও আমরা সবকিছু স্বাভাবিকভাবে মেনে নেব।কৃতজ্ঞতা না থাকলে অন্তত সম্মানটুকু থাকা দরকার।
আর একটা বিষয় বুঝতে হয় যে সবাই আমাদের মতো করে ভাবে না।আমরা যেভাবে অন্য মানুষের এফোর্টের মূল্য দিই অন্য মানুষও সেভাবে দেবে এমন কোনো নিশ্চয়তা নেই।কেউ কেউ সত্যিই বুঝতে পারে না যে তার জন্য অন্য একজন কতটা চেষ্টা করেছে।আবার কেউ কেউ বুঝেও স্বীকার করতে চায় না।আর এই জায়গাটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়।তাই এখন আমার মনে হয় যে মানুষের জন্য এফোর্ট দেওয়া ভালো।কিন্তু নিজের সীমাটাও বুঝতে হবে।
একই মানুষকে বারবার দিয়ে যেতে হবে এমন কোনো নিয়ম নেই।যে মানুষ আমাদের আন্তরিকতাকে সম্মান করে না তার জন্য নিজের সময়,শান্তি আর এনার্জি নষ্ট করারও দরকার নেই।আর অকৃতজ্ঞ মানুষকে দেখে মন খারাপ হবেই।কারণ আমরা তো মানুষ,আমাদের অনুভূতি আছে।এতোকিছু করার পর যখন মনে হয় যে আমাদের কোনো মূল্যই দেওয়া হয়নি তখন কষ্ট লাগাটা স্বাভাবিক।কিন্তু সেই কষ্ট থেকে একটা শিক্ষা নেওয়া দরকার।সবাইকে নিজের সর্বোচ্চটা দিতে নেই।কিছু মানুষকে দূর থেকেই ভালো থাকা দেখতে হয়।কারণ আমাদের এফোর্টের মূল্য যে বুঝবে না তার জন্য নিজেকে বারবার ভাঙার কোনো মানে নেই।আমরা ভালো থাকবো,মানুষের পাশে দাঁড়াবো।কিন্তু একই সাথে এটাও বুঝব কোথায় থামতে হবে।আর কেউ অকৃতজ্ঞ হলে তার আচরণ আমাদের করা ভালো কাজের মূল্য কমিয়ে দেয় না। আমরা আন্তরিক ছিলাম,পাশে ছিলাম সেটাই আমাদের জায়গা থেকে যথেষ্ট।

