জীবনের গল্প || আতংকের নতুন চক্র

in আমার বাংলা ব্লগ • yesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে শীতের উষ্ণতা উপভোগ করার চেষ্টা করছি। যদিও এই মুহুর্তে অফিসের কাজের চাপটা একটু বেশী। যেহেতু অফিসের ঠিকানা পরিবর্তন করা হয়েছে, সেহেতু অনেক কিছুই আবার নতুন করে সাজাতে হচ্ছে। কিন্তু মানসিক চাপটা হচ্ছে অন্য একজায়, দেশের পরিস্থিতি যেভাবে খারাপ হচ্ছে তার সাথে যোগ হয়েছে নতুন আতংক। আজকে সেই বিষয়টি নিয়েই একটু কথা বলার চেষ্টা করবো। যদিও নিত্য নতুন কৌশলের কাছে আমাদের হার মানতে বাধ্য করা হচ্ছে।

এমনিতে আগে শুনেছিলাম শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ, এটা নিয়েও আমাদের দেশে অনেক হৈ চৈ হয়েছিলো। যেহেতু দেশের অধিকাংশ সাধারণ মানুষ পাবলিক বাস ব্যবহার করেন কিংবা পাবলিক প্লেসে একটু বেশী থাকেন। এখানে নানা বিষয় কিংবা নানা কারণ থাকতে পারে, আর সেই সুযোগটাই কিন্তু অনেকেই ভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করছেন। যেমন শয়তানের নিঃশ্বাস এর বিষয়টি, আপনি শহরের কোন একটা রাস্তা ধরে হাটঁছেন। হঠাৎ বয়স্ক কোন এক ভদ্রলোক আপনার সামনে এসে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন আর আপনি সেটায় মনোযোগ দিলেন।

mitrey-glass-5105871.jpg

উনি পকেট হতে একটা কাগজের টুকরা বের করে সেটার ঠিকানায় কিভাবে যাবেন জানতে চাইলেন। আপনি কাগজের টুকরাটা হাতে নিয়ে মুখের সম্মুখে নিলেন লেখাগুলো পড়ার উদ্দেশ্য নিয়ে, ঠিক সেই সুযোগে কাগজের মাঝে থাকা কিছু পাউডার নিঃশ্বাসের সাথে আপনার শরীরে প্রবেশ করলো এবং তারপর সেটার ক্রিয়া আপনার মস্তিস্কে কাজ করতে শুরু করলো। অল্প সময়ের মাঝে আপনার পুরো শরীরের নিয়ন্ত্রণ সেই ভদ্রলোকের কাছে চলে গেলো, উনি যা যা বলবেন আপনি ঠিক তাই তাই করতে বাধ্য থাকবেন এবং করবেনও বিনা দ্বিধায়।

কারণ সেই সময়ে আপনার মস্তিষ্ক ঠিক মতো কাজ করতে পারবে না। কারণ আপনাকে বিভ্রান্ত বা বশীভূত করার উদ্দেশ্য নিয়েই সেটা করা হয়েছে। এটা নিয়ে অনেক বাস্তব চিত্র কিংবা ভিডিও আপনি সোশ্যাল মিডিয়া ঘাটলে সহজেই পেয়ে যাবেন। অনেক ঘটনা পড়ে আপনি নিজেও হতাশ হয়ে যাবেন। আমাদের মতো এমন ঘনবসতিপূর্ণ শহরের মাঝে এগুলো করা কোন ব্যাপারই না। আপনার চারপাশে হয়তো অনেক মানুষের উপস্থিতি থাকবে কিন্তু কেউ এগিয়ে আসবে না আপনাকে রক্ষা করতে, কারণ তারা বুঝতেই পারবে না কি ঘটছে আপনার সাথে।

সুতরাং এমন বিষয় নিয়ে একটু আতংকিত হওয়াটাই স্বাভাবিক। আজ অফিসে হয়তো ঠিক মতোই আসতে পেরেছি কিন্তু পুনরায় ঠিক মতো বাড়ীতে ফিরতে পারবো সেটার নিশ্চয়তা দিতে পারছি না। সচেতন থাকার পরও আমি নিজে আক্রান্ত হবো না, সেটারও কোন নিশ্চয়তা নেই, দিতে পারবো না। কারণ নিত্য নতুন কৌশলে হয়তো কোন একদিন আমাকেও আক্রান্ত করে ফেলবে, হয়তো সেদিন দিক বিভ্রান্ত হয়ে আমিও নিঃশ্ব হয়ে যেতে পারি। তবুও সাবধান থাকার চেষ্টা করছি, সেখানেই সর্বাত্মক মনোযোগী হওয়া আমাদের জন্য মঙ্গলজনক।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png