আমার কবিতার খাতা থেকে:গভীর রাতে।।১৮ নভেম্বর ২০২৬
হ্যালো বন্ধুরা,
আজকে আমি একটা কবিতা লেখার চেষ্টা করছি।আশা করি আপনাদেরও ভালো লাগবে।
কবিদের মৃত্যুতে শহর বন্ধ হয় না।
সকালের বাসে যথারীতি খুচরোর অভাব,
বাজারে মাছের কানকো তুলে
একজন দেখে নেয়—
আজও কতটা তাজা আছে বেঁচে থাকা।
শুধু যে টেবিলে গতরাতে একটি বাক্য
শেষ হতে পারেনি,
সেখানে রোদ এসে অনেকক্ষণ বসে থাকে।
চশমার দুই কাচে জমে ওঠে
পৃথিবীর আর কোনো কাজে না-লাগা আলো।
খবর আসে।
আমরা কিছুক্ষণ নিজের ভাষা ভুলে
তাঁরই লেখা থেকে ধার নিই শোক।
যে পঙ্ক্তিতে তিনি একদিন সন্দেহ রেখেছিলেন,
সেটিকেই নিঃসন্দেহে ছাপিয়ে দিই
তাঁর ছবির নিচে।
সভায় তাঁর জন্য জল রাখা হয়।
কেউ সেই গ্লাসে হাত দেয় না।
বক্তারা বলেন সময়ের কথা, মানুষের কথা,
বলেন, এই ক্ষতি পূরণ হওয়ার নয়—
বাড়িতে তখন তাঁর জামার পকেট থেকে
বেরিয়ে আসে একটি ওষুধের বিল,
আর ফেরত না-দেওয়া সামান্য টাকা।
কবিদেরও সংসার ছিল।
কল মিস্ত্রিকে ফোন করার কথা ছিল,
মেয়ের অভিমান ভাঙানোর,
বৃষ্টির আগে জানালার ফাঁক সারানোর।
অথচ আমরা তাঁদের এমন উঁচুতে টাঙাই,
সেখান থেকে কোনো অসমাপ্ত কাজের জন্য
আর নেমে আসা যায় না।
মৃত্যুর পর তাঁর রাগকে বলা হয় ব্যক্তিত্ব,
অনটনকে সাধনা,
দীর্ঘ প্রত্যাখ্যানকে—
সময়ের চেয়ে এগিয়ে থাকা।
এভাবে আমাদের প্রত্যেকের দায়
একটু একটু করে সাহিত্য হয়ে যায়।
তাঁর খাতায় একটি কাটা শব্দ পড়ে আছে।
পাশে আরেকটি শব্দ,
সেটিও তিনি মেনে নিতে পারেননি।
কত রাত গেছে এই সামান্য দ্বিধায়—
যে মানুষটি চলে গেল,
সে শেষ পর্যন্ত সব কথা
জেনে যায়নি।
অনেকদিন পরে, দূরের কোনো ঘরে
একটি মেয়ে বই খুলে বসবে।
সারাদিন কাউকে বোঝাতে পারেনি
কেন তার ভালো নেই।
পড়তে পড়তে এক জায়গায় থামবে সে,
পাতার কোণ মুড়ে রাখবে,
তারপর জানালাটা একটু খুলে দেবে।
সেই ঘরে কবির কোনো ছবি থাকবে না।
জন্ম-মৃত্যুর তারিখও মনে থাকবে না কারও।
বাইরে কাপড় তুলতে ডাক পড়বে,
রান্নাঘরে ফুটে উঠবে জল।
মেয়েটি উত্তর দিতে একটু দেরি করবে।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community