"প্রথমবার সুন্দরবনে আমাদের হোমস্টেতে আয়োজিত ঝুমুর নাচ দেখার অভিজ্ঞতা"

in Incredible India • 19 days ago
IMG_20261019_230553.jpg
"হোমস্টের বারান্দায় বসে দেখা রাতের দৃশ্য। পুকুরের জলে পরা প্রতিচ্ছবি আরও অনেক বেশি সুন্দর লাগছিলো।"

Hello,

Everyone,

সুন্দরবন ভ্রমনের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রথমদিন হোমস্টেতে কাটানো সুন্দর সন্ধ্যার গল্প। আগের‌ পর্বেই জানিয়েছিলাম সন্ধ্যায় আমাদের সকলকে তৈরি হতে বলা হয়েছিলো, যাতে সন্ধ্যাকালীন টিফিন উপভোগ করতে করতে আমরা ঝুমুর নৃত্য ও দেখতে পারি।

সেইমতো যখন আমরা একটু বাদে তৈরি হয়ে এলাম, দেখলাম ঝুমুর নাচের শিল্পীরাও মোটামুটি তৈরি হতে শুরু করেছেন।হোমস্টের ডাইনিং রুমের সামনে সারিবদ্ধ ভাবে চেয়ার পাতা হয়েছে আমাদের বসার জন্য।

IMG_20261019_182945.jpg
"হোমস্টেতে প্রথমদিন সন্ধ্যায় টিফিন হিসেবে আমাদের চাউমিন দেওয়া হয়েছিলো।"

আমরা সেখানে বসতেই‌ এক এক করে আমাদের হাতে দেওয়া হলো গরম গরম চাউমিন। অন্যদিকে ততক্ষণে ঝুমুর নাচের জন্যেও সকলে তৈরি হয়ে নিয়েছিলেন। আমরা সকলে উপস্থিত হওয়ার পর নাচ শুরু হলো।

সুন্দরবনের ঝুমুর নাচ হলো সেখানকার স্থানীয় আদিবাসী, বিশেষ করে মুণ্ডা সম্প্রদায়ের এক ঐতিহ্যবাহী লোকনৃত্য। বর্তমানে এই ঝুমুর নাচ সুন্দরবনের পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ।

সব থেকে বড় ব্যাপার এই নাচ উপভোগ করার জন্য পর্যটকদের আলাদা করে কোথাও যেতে হয় না বরং যেখানে পর্যটকদের রাত্রিযাপনের ব্যবস্থা করা হয় অর্থাৎ বিভিন্ন হোটেল ও হোমস্টেতে সেখানেই ঝুমুর নাচের আয়োজন করা হয়। এই সম্পূর্ণ বিষয়টাই ট্যুর এজেন্সির পক্ষ থেকে আয়োজন করা হয়ে থাকে।

IMG-20261019-WA0093.jpg
"ঝুমুর নাচের প্রস্তুতির মুহূর্ত"

সুন্দরবনের স্থানীয় বাসিন্দা হিসেবে তাদের দৈনন্দিন জীবন সংগ্রাম এবং লোকগাঁথার সাথে মিশে গিয়ে এই নাচ এক অনন্য রূপ ধারণ করে। এই ঝুমুর নাচে প্রধান ভূমিকা থাকে মহিলাদের। তবে তাদের নাচের ছন্দের সাথে পুরুষ শিল্পীরা মূলত লোকবাদ্যযন্ত্র বাজিয়ে থাকেন। মাদলের আওয়াজ এই নৃত্যকে আরো আকর্ষণীয় করে তোলে।

IMG-20261019-WA0082.jpg
"নাচ শুরুর মুহূর্ত"
IMG-20261019-WA0092.jpg
"গানের সাথে সাথে নাচ গুলো আমরা সকলেই খুব উপভোগ করেছিলাম।"

সাধারণত বাড়ির মহিলারা সারাদিন জঙ্গলে বা নদীতে নিজেদের জীবিকা নির্বাহ করে। আর সন্ধ্যার পর তারা দল বেঁধে বিভিন্ন জায়গাতে এইরকম ঝুমুর নাচের অংশগ্রহণ করে। মূলত বর্তমানে এটি সুন্দরবনের মানুষের একটা বিকল্প আয়ের মাধ্যম হয়ে উঠেছে।

ট্যুর এজেন্সির পক্ষ থেকে তাদেরকে কিছু টাকা অবশ্যই দেয়া হয় এমনকি পর্যটক হিসেবে আমরা যারা সেখানে ভ্রমণ করি, নাচের শেষে খুশি হয়ে তাদের মধ্যেও অনেকেই তাদেরকে পুরস্কৃত করে, সেই হিসেবে তাদের মোটামুটি কিছু অর্থ আয় হয়ে থাকে।

IMG-20261019-WA0105.jpg

IMG-20261019-WA0118.jpg

IMG-20261019-WA0090.jpg

IMG-20261019-WA0086.jpg

"পোস্টের পাশে ছোট্ট মার্কেটে ঘোরার সময় তোলা ছবি।"

আমরা সেখানে বসে অনেকক্ষণ ঝুমুর নাচ উপভোগ করলাম। তারপর সবাই হাঁটতে হাঁটতে পাশের মার্কেটে গেলাম। খুব ছোট্ট একটা মার্কেট।‌হাতে গোনা কয়েকটি দোকান। সবকটা দোকানেই পর্যটকদের ভিড়। আসলে সকলেই বাড়ির জন্য সুন্দরবন থেকে কিছু স্মৃতি নিয়ে ফিরতে চায়। মূলত সেই কারনেই সবাই দোকানে ভিড় জমিয়ে থাকেন।

IMG_20261030_141727.jpg
"চাবি রাখার স্ট্যান্ড"
IMG_20261030_141622.jpg
"কাঠের চিরুনি"
IMG_20261031_184311.jpg
"স্পিনার-বাচ্চাদের খেলার জিনিস"
IMG_20261030_222905.jpg
"ফ্রীজ ম্যাগনেট"

আমরাও ব্যতিক্রম নই। তাই টুকটাক কিছু জিনিস আমরাও কিনে নিলাম। তিতলি, তাতানের জন্য, আমার শাশুড়ি মায়ের জন্য, অন্য আরেকজন বিশেষ মানুষের জন্য আমি কয়েকটা জিনিস কিনলাম। আমার ননদ ও মাসি শাশুড়িও কিছু কিছু জিনিস কিনলেন। তারপর আমরা আবার হোমস্টেতে ফিরে এলাম।

ফোনের চার্জ ততক্ষণে শেষ। তাই ফোনটা চার্জে বসিয়ে রুমে তালা দিয়ে আমরা ডিনার করতে চলে গেলাম। রাতে মেনু ছিলো ভাত, ডাল, বেগুন ভাজা ও মটন কষা। আমি মটন খাই না। তাই শুধু ডাল আর বেগুন ভাজা দিয়েই ডিনার করলাম।

IMG_20261019_222146.jpg
"আমাদের হোমস্টেতে এরাও ছিলো। দেখে মনে হচ্ছিলো যেন‌ কোনো আলোচনায় মগ্ন।"

হোমস্টের ভিতরেই অনেকগুলো কুকুর ঘোরাফেরা করে। ডিনার সেরে যখন আমি রুমের সামনে এসে দাঁড়ালাম, দেখলাম তারা নিজেরা নিজেদের মতো করে কোনো গভীর আলোচনায় মগ্ন।

IMG_20261019_185703.jpg
"আকাশে চাঁদ উঠেছিলো। তারসাথে অন্যান্য হোমস্টের আলো মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর হয়ে উঠেছিলো।"

যাইহোক এরপর সকলে ঘরে এসে কিছুক্ষণ সময় গল্প করে কাটিয়ে অবশেষে শুতে গেলাম। তবে তার আগে উপরে চাঁদের ছবিটি তুলেছিলাম কারণ সেটা দেখতে বেশ সুন্দর লাগছিলো।

পরদিন খুব সকালে তৈরি হয়ে আমরা আবার লঞ্চঘাটে গিয়ে, লঞ্চে করে পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। যার গল্প আপনাদের সাথে পরবর্তী পোস্টে শেয়ার করবো।

আজকের পর্ব আপনাদের কেমন লাগলো, মন্তব্যের মাধ্যমে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন।

Sort:  
Loading...


TEAM 8
Congratulations! This post has been voted through steemcurator06. We support quality posts, good comments anywhere and any tags.

(curar.png
Curated by: @mvchacin