"প্রিয় বান্ধবীর সাথে কাটানো সুন্দর সন্ধ্যার গল্প- শক্তিমান ক্লাবের প্যান্ডেল পরিদর্শন"

in Incredible India • 18 hours ago
IMG_20261110_173042.jpg
"এইবছর প্রথমবার শ্যামা পুজোর প্যান্ডেল দর্শন"

Hello,

Everyone,

কেমন আছেন আপনারা সকলে?
আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটা খুব ভালো কেটেছে।

পুরী ভ্রমণের গল্প শেয়ার করা থেকে আপাতত একটু বিরতি নিলাম। কারণ আপনাদের সাথে কালীপুজোর ঠাকুর দেখার কিছু মুহূর্ত উপস্থাপন করবো।

আসলে ঠাকুর দেখার তেমন কোনো প্ল্যান ছিলো না। হঠাৎ করে ঘন্টা দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নিয়েছিলাম, বান্ধবীর সাথে ঠাকুর দেখতে যাবো। আপনারা যারা আমার পুরনো পোস্ট পড়েছেন, তারা অনেকেই জানেন এবার সম্পূর্ণ দুর্গাপূজাটা আমাদের সুন্দরবনে কেটেছিলো। ফলতো দুর্গাপূজার সময় বান্ধবীদের সাথে একটা দিনের জন্যেও বেরোতে পারিনি। তাই প্ল্যান করেছিলাম কালী পূজার একটা দিন সকলে মিলে ঠাকুর দেখতে বেরোবো।

IMG_20261110_165009.jpg
"স্টেশনে পৌঁছে তোলা ছবি, আকাশের রঙটা তখন অপূর্ব সুন্দর লাগছিলো।"

তবে যেমনটা আপনারাও জানেন, আমরা যতই প্ল্যান করি না কেন, আমাদের জীবনের সমস্ত কিছুর প্ল্যান আগে থেকেই একজন করে রেখেছেন। পুরী থেকে ফিরেছিলাম কালীপুজোর দুদিন আগে। তবে শরীরটা এতোটাই খারাপ ছিলো যে, দিদি বাড়ি থেকে বাড়িতে আসতেই একদিন দেরি হলো। আর তারপর দিন শরীরের যা পরিস্থিতি ছিলো, তাতে ঠাকুর দেখতে যাওয়ার মতো এতোটুকুও এনার্জি ছিলো না। তাই বান্ধবীদের না বলতে বাধ্য হয়েছিলাম।

IMG_20261110_173619.jpg
"প্যান্ডেলের ভিতরের কারুকার্য"
IMG_20261110_173157.jpg
"বিভিন্ন রকমের জিনিস দিয়ে সাজিয়ে তোলা হয়েছিলো প্যান্ডলটি।"

ঠিক তারপর দিন অর্থাৎ মঙ্গলবার দুপুরের দিকে রাখি ফোন করলো। জানতে পারলাম আগের দিন গুরুত্বপূর্ণ কিছু কাজের কারণে ও নিজেও ঠাকুর দেখতে বেরোতে পারেনি। তাই আমাকে বারবার যাওয়ার জন্য রিকোয়েস্ট করছিলো। আমার তেমন কোনো প্ল্যান ছিলো না বলে, শুরুতে একটু আপত্তি করছিলাম।

কিন্তু পরে জানলাম বাকি সকলে ঠাকুর দেখা হয়ে গেছে। আমি না গেলে রাখীর আর বেরোনো হবে না। আর যেহেতু কথা দিয়েছিলাম দুর্গাপূজায় দেখা করতে পারিনি তবে কালীপূজায় একদিন অবশ্যই দেখা করবো। তাই আর বেশি কিছু না ভেবে ওকে হ্যাঁ বলে দিলাম।

IMG_20261110_173559.jpg
"ভারতবর্ষের ম্যাপটিও সুন্দর করে তৈরি করা হয়েছিল। জাতীয় পতাকার রঙে রাঙিয়ে তোলা হয়েছিলো ম্যাপটি।"
IMG_20261110_173336.jpg
"শ্যামা মায়ের মন্ডপের উপরের কারুকার্যটাও খুব সুন্দর লাগছিলো দেখতে।"

হাতে মাত্র ঘন্টা দুয়েক সময় ছিলো। দুর্ভাগ্যবশত সেদিন দুপুর থেকে আবার বৃষ্টি শুরু হয়েছিলো। কলকাতার দিকে অনেক বেশি বৃষ্টি হয়েছিলো, আমাদের এখানে হালকা বৃষ্টি হয়েছিলো, তবে রাখির কাছে শুনলাম আমাদের গ্রামের দিকে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি হয়নি একটুও।

যাইহোক এরপর তৈরি হয়ে দুপুরের খাওয়া-দাওয়া শেষ করলাম। ৪.৪০ মিনিটের ট্রেন ধরবো এমনটাই কথা হয়েছিলো। গ্রামের বাড়িতে যাবো না। দুজনে মিলে মছলন্দপুরে কয়েকটা ঠাকুর দেখে, আমি আবার বাড়িতেই ফিরে আসবো, আর রাখিও বাড়িতে ফিরে যাবে এমনটাই প্ল্যান হলো।

IMG_20261110_173153.jpg
"ভারতমাতার মূর্তি"
IMG_20261110_173235.jpg
"শক্তিমান ক্লাবের শ্যামা মায়ের মূর্তি।"

সেই মতো তৈরি হয়ে প্ল্যাটফর্ম পৌঁছে রাখিকে ফোন করলাম। ট্রেন সেদিন একটু লেট ছিলো, তাই যখন আমি মছলন্দপুর গিয়ে নামলাম, তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। রাখি আমার আগেই চলে এসেছিলো, আমার জন্যই অপেক্ষা করছিলো।

এরপর দুজনে মিলে টোটো ধরে চলে গেলাম সবথেকে দূরে যে ঠাকুরটি হয় সেটা দেখতে। কারণ গাড়িতে নো এন্ট্রি করে দিলে অতটা পথ আমাদেরকে হেঁটে যেতে হতো, তাতে সময়ও নষ্ট হতো অনেকটা।

IMG_20261110_173414.jpg

IMG_20261110_173447.jpg

IMG_20261110_173157.jpg

"ভিতরের কিছুটা জায়গা কাঁচের গ্লাস ও ছোট্ট ছোট্ট লাইট দিয়ে সুন্দর ভাবে সাজানো হয়েছিলো।"

যাইহোক প্রথমেই আমরা যে পুজোটা দেখতে গিয়েছিলাম, সেটা শক্তিমান ক্লাবের পুজো। বরাবর কালী পুজোতে এই প্যান্ডেলটা অনেক বেশি আকর্ষণীয় হয়। গতবারও যখন সব বান্ধবীদের সাথে গিয়েছিলাম, আপনাদের সাথে তখনকার বিভিন্ন ক্লাবের ঠাকুর দেখার অভিজ্ঞতা শেয়ার করেছিলাম।

IMG_20261113_180711.jpg
"প্যান্ডেলে ঢোকার মুখেই তৈরি করা হয়েছিলো ক্ষুদিরাম বসুর ফাঁসির মঞ্চ। আর উপরে লেখা বন্দেমাতরম।"

এই বছর শক্তিমান ক্লাবের পূজোর থিম আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। সেখানে ক্ষুদিরাম বসুর স্ট্যাচু যেমন তৈরি করা হয়েছিলো, তেমনি প্যান্ডেলের একেবারে উপরে লেখা হয়েছিলো "বন্দেমাতারাম"।

ভিতরে স্বাধীনতা সংগ্রামীদের ছবি সুন্দরভাবে লাগিয়েছিলো। সবকিছু মিলিয়ে প্যান্ডেলটি কিন্তু অসাধারণ হয়েছিলো দেখতে। ভিতরে ভারত মাতার একটা মূর্তিও করা হয়েছিলো, যেটাকে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছিলো। ঠিক তার পিছনেই ছিলো শ্যামা মায়ের মূর্তি।

IMG_20261110_173555.jpg
"ভিতরে তৈরি করা হয়েছিলো ট্রেন "
IMG_20261110_173438.jpg
"ভারতবর্ষের ম্যাপ"

প্যান্ডেল ঢোকার মুখে একটা পুরনো ট্রেন তৈরি করেছিলো, যেটাও দেখতে বেশ ভালো লাগছিলো। সম্পূর্ণ প্যান্ডেলের ভেতরটা আমরা খুব সুন্দর ভাবে পরিদর্শন করলাম। কাঁচের গ্লাস, ছোটো ছোটো বাল্ব, কাঠের টুকরো, বিভিন্ন রঙীন কাগজ, আরও বিভিন্ন রকমের জিনিস দিয়ে প্যান্ডেলটি তৈরি করা ছিলো।

IMG_20261110_173459.jpg
"স্বাধীনতা সংগ্রামীদের ছবিসহ বিখ্যাত উক্তি।"

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুভাষচন্দ্র বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো‌ বিখ্যাত ব্যক্তিত্বের বিখ্যাত উক্তিগুলোকেও, সুন্দরভাবে তাদের ছবির নিচে উল্লেখ করেছিলো, যা প্যান্ডেলটির সৌন্দর্য্য আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছিলো।

IMG_20261110_173309.jpg
"মায়ের সামনে দাঁড়িয়ে আমি।"
IMG_20261110_173245.jpg
"এরপর রাখীর ও একটা ছবি তুলে দিলাম"
IMG_20261110_173349.jpg
"দুজনের একসাথে তোলা ছবি। সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করার চেষ্টা।"

বাইরে থেকে প্যান্ডেলের সৌন্দর্য্য যতটা আকর্ষণীয় হয়েছিলো, ভিতরটাও ততটাই সুন্দর ছিলো। প্রত্যেকটা জিনিস সামনে দাঁড়িয়ে দেখে, দুজনে মিলে ছবি তুলে নিলাম। আগেরবার যখন অনেকের সাথে ঠাকুর দেখতে গিয়ে অনেক মজা হয়েছিলো। তবে এবছর আমি আর রাখিও কম মজা করিনি।

এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম পরবর্তী প্যান্ডেলের দিকে, সেটাও ছিলো খুবই সুন্দর। তবে একটা পোস্টের মধ্যে সমস্ত প্যান্ডেলের সৌন্দর্য্য উপস্থাপন করা সম্ভব নয়, তাই আজকের পোস্টে মাত্র একটা ক্লাবের ঠাকুর দেখার অভিজ্ঞতা শেয়ার করলাম। পরবর্তী পোস্টগুলোতে বাকি সমস্ত প্যান্ডেলের সৌন্দর্য্য উপস্থাপন করবো।

সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।

Sort:  
Loading...
image.png
curated by solaymann