"সারপ্রাইজ: জীবনের ছোট ছোট মুহূর্ত গুলোই, খুশির কারণ হয়ে ওঠে"

in Incredible India • last month
IMG_20261014_115713.jpg
"পছন্দের চকলেট"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি খুব ভালো কাটছে।

সকলেরই পূজো প্রস্তুতির একেবারে শেষ মুহূর্ত চলছে। কারণ মাঝখানে আর দুটো দিন, তারপরেই শুরু হতে চলেছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজা।

যদিও কয়েকদিন আগে শুনেছিলাম পূজোর সময় আবহাওয়া একটু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গতকাল আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী সেই সম্ভাবনা কমেছে অনেকটাই। তাই আশা করা যায় বাঙালি এবারও মন ভরে পূজোর প্রতিটা দিন উপভোগ করার সুযোগ পাবে।

যাইহোক আজ একেবারে ভিন্নধর্মী একটি লেখা শেয়ার করবো। আজকাল অনলাইন শপিং একটা কমন বিষয়। প্রত্যেকেই নিজেদের মতো করে অনলাইন শপিং করতে অভ্যস্ত। অনলাইনে শপিং করার জন্য প্রচুর অ্যাপও রয়েছে। তাই নিজেদের পছন্দের জিনিসগুলো, নিজেদের পছন্দের অ্যাপের মাধ্যমে বাড়িতে বসে অর্ডার করার সুযোগ আজকাল সকলেই পেয়ে থাকেন।

প্রথম যে কোনো কিছুই সকলের জন্য অন্যরকম হয়ে থাকে। আমার মনে আছে প্রথমবার অন্য কারোর সাহায্য ছাড়া, যখন আমি নিজে অনলাইনে একটা ব্যাগ অর্ডার করেছিলাম, তার অভিজ্ঞতা আপনাদের সকলের সাথে শেয়ার করেছিলাম। আগামীকালও এইরকমই একটি অভিজ্ঞতা হয়েছে। তবে বিষয়টা আমার জন্য সারপ্রাইজ ছিলো। সেই গল্প শেয়ার করবো আজকের লেখার মাধ্যমে।

IMG_20261014_120015.jpg
"এমন চকলেট মাঝেমধ্যে সারপ্রাইজ হিসেবে পেতেই বেশি ভালো লাগে।"

চকলেট খেতে আমি ভীষণ পছন্দ করি, এই কথাটা আমার পরিচিত প্রায় সকলেই জানেন। তাই আমার জন্মদিন হোক কিংবা বিবাহ বার্ষিকী, শুভ আমাকে চকলেট দিতে কখনোই ভোলে না। এইরকমই এক আলোচনা হচ্ছিলো আমার জন্মদিনের পর দিন, যেদিন জন্মদিনে পাওয়া চকলেটটি আমি ওর সাথে শেয়ার করেছিলাম।

তখনই চকলেট সংক্রান্ত বেশ কিছু আলোচনা হতে হতে ওকে জানিয়েছিলাম যে, Ferrero Rocher চকলেট টি আমার বেশ পছন্দের। কিন্তু এতো বেশি দাম যে, ইচ্ছে করলেই তা দামের কারণে অনেক সময় খাওয়া হয়ে ওঠে না।

একথা স্বীকার করতে আমার এতোটুকুও লজ্জা নেই যে, নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠার সুবাদে, নিজেদের সব ইচ্ছে মুহূর্তের মধ্যে পূরণ না হওয়ার অভ্যাস আছে ছোটবেলা থেকেই। তাই এই বিষয়টি আলাদা করে মনের ভেতরে কোনো খারাপ লাগার জন্ম দেয় না। আমাদের অনেক কিছুই ভালো লাগে, পেতে ইচ্ছেও করে, কিন্তু সাধ্যের বাইরে গিয়ে সাধ পূরণ করায় আমি অন্তত কখনোই অভ্যস্ত নই।

যাইহোক সেদিন রাতে এমনিই কথাপ্রসঙ্গে এই সকল কথা হয়েছিলো। তবে বিষয়টা যে শুভর মনে থাকবে বা এরকম কোনো সারপ্রাইজ হঠাৎ করেই পাবো, সত্যিই তা আশা করিনি। গতকাল দিদি বাড়ি থেকে ফিরেছি সন্ধ্যা নাগাদ। শুভ তার বেশ খানিকক্ষণ পর অফিস থেকে ফিরেছে।

IMG_20261014_115746.jpg
"শুভ প্রথমবার আমার পছন্দের দুটো জিনিসই অর্ডার দিয়েছে blinkit এ।"

বাইকের হর্ন শুনে যখন গেট খোলার জন্য গিয়েছি, দেখলাম ওর বাইকে একটা ব্যাগ ঝুলছে। আমাকে ব্যাগটা ধরতে বললো। আমি যথারীতি ব্যাগটা নিয়ে ঘরেই চলে আসছিলাম, তখন ও নিজেই বলল ব্যাগটা খুলে দেখতে। ব্যাগের ভেতর থেকে একটা blinkit এর‌ প্যাকেট বেরোলো।

আমি জানতাম আমাদের বাড়ির আশেপাশে এই অ্যাপ থেকে কোনো ডেলিভারি দেওয়া হয় না। তাই ভেবেছি হয়তো ওদের অফিসের আশেপাশে যেহেতু ডেলিভারি হয়, তাই কিছু জিনিস হয়তো ওখান থেকেই অর্ডার করেছিলো এবং অফিস থেকে সেটা ডেলিভারি নিয়ে বাড়িতে এসেছে। ওকে জিজ্ঞেস করলাম প্যাকেটের ভেতরে কি আছে?

ও বলল আমার জন্য সারপ্রাইজ। আমি তো শুনে খুশি হলাম। তবে বুঝে উঠতে পারছিলাম না কি সারপ্রাইজ আছে। এরপর ঘরে এসে যখন প্যাকেট খুললাম আমি তো অবাক।

IMG_20261014_115803.jpg
"কোকাকোলার এই ক্যানটাও আমার পছন্দ অনুযায়ী কিনেছে।"

ছোট্ট একটা Ferrero Rocher চকলেটের প্যাকেট, তার সাথে একটা কোল্ডড্রিংসের ক্যান। ওটা দেখেই আমার মনে পড়লো, বেশ কিছুদিন আগে আমি শুভকে জানিয়েছিলাম মাঝেমধ্যে কোলড্রিংসের এই ক্যান গুলো খেতে বেশ ভালোই লাগে। ও সেটাও মনে রেখেছে এবং একসঙ্গেই দুটো জিনিস অর্ডার করেছে। পরে অবশ্য জানলাম এটা অফিসে অর্ডার করেনি।

ও অফিস থেকে কিছুক্ষণ আগেই এসেছে এবং ওর বন্ধুর দোকানে বসে blinkit এ অর্ডার করেছে। পুজো উপলক্ষ্যে আমাদের এখানেও নাকি এখন থেকে এই অ্যাপে বিভিন্ন জিনিস অর্ডার করা যাবে। ওর বন্ধুর কাছ থেকে বিষয়টা জানার পর ও প্রথমবারের মতো এই দুটো জিনিসই অর্ডার করেছে। বিষয়টা খুব সাধারণ হলেও আমার বেশ ভালো লাগলো। তাই ভাবলাম এই অভিজ্ঞতাটা শেয়ার করি আপনাদের সাথে।

যদিও চকলেটের বড় বক্স অর্ডার করতে চেয়েছিলো কিন্তু সেগুলো অ্যাভেলেবল ছিলো না। তাই যেটা পেয়েছে সেটাই অর্ডার করেছে, আর তার সাথে এই কোল্ড ড্রিংকস এর এই ক্যানটাও। চকলেট টার দাম অতিরিক্ত বেশি সেটা নিয়ে কথা বলে একটু বকাও খেলাম।

IMG_20261014_115856.jpg
"blinkit এর তরফ থেকে অক্টোবর মাসের এই ফেস্টিভ ক্যালেন্ডারও দিয়েছিলো।"

ওর কথা অনুযায়ী জীবনের ছোটো ছোটো ইচ্ছে পূরণ করা উচিত। সব সময় তো আর এই চকলেট আমি খাই না। তাই মাঝেমধ্যে একটু দাম দিয়ে খেলেও বিষয়টা নিয়ে অতো বেশি ভাবার কিছু নেই। আমিও ভাবলাম ঠিকই বলেছে, সত্যিই তো এখন আর তেমন পরিস্থিতি নেই যে এতোটুকু ইচ্ছেও পূরণ করতে পারবো না। আর এমন অভ্যাসও আমার নেই যে, সব সময়ই এই জিনিসটাই আমার চাই।

যাইহোক সবকিছু মিলিয়ে বিষয়টি আমার জন্য বেশ ভালোলাগার ছিলো। হিসেব মতো গতকালের এই সারপ্রাইজটা আমার পূজো স্পেশাল গিফট হিসেবেই আমি ধরে নিয়েছে। যাইহোক আপনারা সকলেই জানেন এই চকলেট বা কোল্ডড্রিংস্টার স্বাদ কেমন, তাই সেটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই।

আমি শুধু এই ছোট্ট মুহূর্তটার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করার জন্য, আজকে সম্পূর্ণ বিষয়টাকে পোস্টের মাধ্যমে তুলে ধরলাম। এইরকম ছোট্ট ছোট্ট সারপ্রাইজ পেলে, আমার অন্তত ভীষণ ভালো লাগে। আর আমার বিশ্বাস আমার মতন অনেকেই আছেন, যাদের কাছেই ছোট্ট বিষয়গুলো অনেক বড় পাওনা।

কারণ জীবনের ছোট্ট ছোট্ট অনুভূতিগুলোই বোধহয় আমাদেরকে খুশি থাকার কারণ দেয়। যাইহোক সকলের পুজো খুব ভালো কাটুক, এই প্রার্থনা করে আজকের লেখা শেষ করছি।

ভালো থাকবেন।

Sort:  

the booming three -10.26.jpg
curated by wirngo

Loading...