মহালয়ার সকালটা যেভাবে শুরু হলো
নমস্কার বন্ধুরা,
সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে চলে এসেছি আপনাদের সাথে একটি নতুন দিনের গল্প শেয়ার করার জন্য। গতকাল ছিল মহালয়া। বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপূজা। আর এই দুর্গাপুজোর শুভারম্ভ হয় মহালয়ার মাধ্যমে। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান ঘটে এবং দেবিপক্ষের সূচনা হয়। বলা হয় এই দিনই নাকি মা দুর্গা মর্ত্যে আসার প্রস্তুতি নেন। তাই বাঙালির কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন।
মহালয়ার দিন টিভিতে সম্প্রচারিত হওয়া মহিষাসুরমর্দিনী দেখার জন্য সকলেই খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়ে এবং টিভির সামনে বসে পড়ে। তবে ছোটবেলায় যখন বাড়িতে টিভি ছিল না তখন অনেকের বাড়িতেই রেডিও শোনার চল ছিল। রেডিওতে ভোর চারটের সময় সম্প্রচারিত হতো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে 'মহিষাসুরমর্দিনী'। সেটা শুনতে এতটাই অপূর্ব লাগতো যে সেটা বলে বোঝানোর নয়। তবে বড় হওয়ার সাথে সাথে সেই মুগ্ধ হয়ে টিভির সামনে বসে দুই তিন ঘণ্টা মহালয়া দেখার ধৈর্য্য আর নেই। তাই আগে থেকে কোনরকম প্ল্যানিং ছিল না মহালয়া দেখার বা ভোরবেলায় ঘুম থেকে ওঠার। তার উপরে যেহেতু মহালয়ার দিন সকালবেলায় আমার পড়ানো ছিল, তাই ভোর বেলা উঠে মহালয়া দেখার এনার্জি একেবারেই ছিল না। তাছাড়া ছোট থেকে যা দেখে আসছি, সেই একই গল্প দেখতে আর ভালো লাগে না। পৌরাণিক গল্প তো আর সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে না।
তবে ভোর চারটের সময় হঠাৎ করে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে 'মহিষাসুরমর্দিনী' শুনে ঘুমটা ভেঙে গেল। দেখলাম আমার বর ইউটিউব থেকে ওটা চালিয়েছে। তবে আগের দিন ঘুমোতে ঘুমোতে প্রায় রাত একটা-দেড়টা বেজে গিয়েছিল। তাই ভোর চারটের সময় ঘুম থেকে ওঠা একেবারেই অসম্ভব ছিল। যার ফলে আমি কোনো মতেই ওই সময় মহিষাসুরমর্দিনী শুনতে রাজি ছিলাম না। তাই আমার বরকে সাউন্ডটা একটু আসতে দিতে বলেছিলাম এবং আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। পড়াতে যাব সেই হিসেবে সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম। ততক্ষণে টিভিতে মহালয়া প্রায় শেষ হয়ে এসেছে। পড়ানোর জন্য বেরোতে যাব এমন সময় পড়ানোর বাড়ি থেকে ফোন করে বললো, "পৃথার খুব শরীর খারাপ, আজকে তোমাকে আর পড়াতে আসতে হবে না।"
এই কথা শুনে আমার তো আনন্দ আর ধরে না। কারণ আমার বরের সাথে সম্পর্কে আসার পর প্রতি বছর মহালয়ার দিন সকালবেলায় আমরা দুজন মিলে আমাদের পছন্দের এবং শান্তির একটি জায়গায়(সেটা হলো দুর্গাশ্রম) যাই। তবে পড়ানো বন্ধ রাখলে পরে আবার একদিন পড়িয়ে দিতে হয় যার ফলে আমার খুব সমস্যা হয়। তাই ভেবেই রেখেছিলাম এই বছর আমি আর পড়ানো বন্ধ রাখবো না। যদি ওরা যেতে না বলে তাহলেই দুর্গাশ্রমে যাব। তাই পড়ানো ক্যান্সেল হয়ে গেছে শোনা মাত্রই আমার বর ঘুম থেকে উঠে চটজলদি রেডি হয়ে গিয়েছিল। আর আমি তো আগে থেকেই রেডি ছিলাম পড়াতে যাব বলে। তাই আলাদা করে আর রেডি হতে হলো না। তারপর দুজন মিলে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর প্রতিবছরের ন্যায় আমরা যে এই বছর যেতে পারছি এটা ভেবে সত্যিই খুব ভালো লাগছিল। ঠাকুর হয়তো নিজেও চেয়েছিলেন আমরা যাই তাই হয়তো তিনি নিজেই সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছেন।।
আজ এখানেই শেষ করছি। পরবর্তী পোস্টে আমি অবশ্যই আপনাদের সাথে বাকি পর্ব টুকু শেয়ার করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।