ভাইফোঁটা উপলক্ষ্যে কেনাকাটি করতে যাওয়া

in Incredible India • 8 hours ago

নমস্কার বন্ধুরা,

সকলে কেমন আছেন? আজকে চলে এসেছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। কালীপুজো যেতে না যেতেই চলে এল ভাইফোঁটা। এই ভাইফোঁটার দিন দিদিরা এবং বোনেরা তাদের ভাই ও দাদার কপালে চন্দনের বা দই এর ফোঁটা দিয়ে ভাই ও দাদার চিরজীবি হওয়ার প্রার্থনা করে। বিয়ের পর এটা ছিল আমার প্রথম ভাইফোঁটা। তাই আমি আর আমার বর আগের দিন দুপুরে চলে গিয়েছিলাম কেনাকাটা করতে। আমার দাদার জন্য আর আমার বরের বোনেদের জন্য ও আমার শাশুড়ি মায়ের ভাইদের জন্য কেনাকাটা করার ছিল। আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম মঙ্গলবার দুপুর বেলা। সেদিন যেহেতু কালী ঠাকুরের বিসর্জন ছিল তাই দুপুর বেলাতেই কেনাকাটা সেরে রাখার প্ল্যান করেছিলাম।

1000540072.jpg

কেনাকাটা করতে প্রথমেই চলে গিয়েছিলাম 'Express Bazaar ' নামে একটি শপিংমলে। এখানে প্রথমে মেয়েদের সেকশনে গিয়েছিলাম। সেখান থেকে আমার বরের তিন বোনের জন্য কিছু কিনবো ভেবেছিলাম। তারপর দুজন মিলেই বেশ অনেক কিছুই দেখছিলাম। তবে আমরা তিনজনের জামার size সম্পর্কে খুব ভালো জানতাম না। তাই ঠিক করলাম রেডিমেড কিছু না কিনে ড্রেস মেটেরিয়াল কিনে নেব। তাহলে তারা নিজেদের পছন্দমত বানিয়ে নিতে পারবে। তারপর ড্রেস মেটেরিয়ালস গুলো দেখছিলাম। সেখান থেকে আমার চারটে পছন্দ হয়েছিল। তার মধ্যে তিনটে ওর তিন বোনের জন্য নিয়েছিলাম আর একটা আমি নিজের জন্য কিনেছিলাম।

1000540060.jpg

এরপর আমরা চলে গিয়েছিলাম ছেলেদের সেকশনে। সেখান থেকে প্রথমেই আমরা দুটো শার্ট দেখছিলাম যেগুলো আমার শাশুড়ি মা তার দুই ভাইকে দেবেন। তবে কিছুদিন আগেই পুজো গেল যার ফলে আমরা যে সাইজে চাইছিলাম এই সাইজের পাচ্ছিলাম না। বেশ অনেকক্ষণ সময় লেগেছিল আমাদের সাইজ খুঁজতে । যাইহোক অনেক খোঁজাখুঁজির পর আমরা একই রকমের দুটো হাফ হাতা শার্ট নিয়েছিলাম। ওগুলোর এক একটার দাম নিয়েছিল ৪৯৯ টাকা করে। মায়ের একটা ভাইয়ের বৌ এর যেহেতু কিছুদিন আগেই বেবি হয়েছে আর ওই বাচ্চাটাকে এখনো কিছুই দেওয়া হয়নি তাই আমরা একটা বেবি কিটও কিনেছিলাম। যদিও ওটা কেনার আমাদের প্ল্যান ছিল না তবে ১ মাসের বাচ্চা কে কি দেবো বুঝতে না পেরে আমরা ওটাই কিনেছিলাম। ওটার দাম বেশি ছিল না , ৩৫০ টাকা মতো দাম ছিল।

1000540062.jpg

এরপরে ঘুরতে ঘুরতে আমার একটা শাড়ি খুব পছন্দ হয়েছিল, সেটা কিনে নিয়েছিলাম। দামটা বাজেটের মধ্যেই ছিল তাই বলো কিনতে বারণ করেনি। তারপর আমার বরেরও নিজের জন্য একটা টি-শার্ট পছন্দ হয়। সেটাও নিয়ে নিয়েছিলাম। তবে এই সমস্ত কিছু কেনার পরে আমার দাদার জন্য একটা শার্ট কিনবো ভেবেছিলাম। তবে ওই শপিংমলে আমাদের কোনো শার্টই পছন্দ হয়নি। তাই আমরা ওইখান থেকে বাকি জিনিসগুলোর বিল করিয়ে পেমেন্ট করে চলে গিয়েছিলাম অন্য একটা শপিংমলে। সেখানেও কোনো শার্ট পছন্দ না হওয়ায় শেষমেশ আমরা একটা হুডি নিয়ে নিয়েছিলাম। শীতকাল আসতেই চলেছে তখন ওটা ব্যবহার করতে পারবে। ওটার দাম নিয়েছিল ৫৯৯ টাকা।

1000540070.jpg

এই সমস্ত কিছু কিনে আমরা চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে। সেখানে তো লম্বা লাইন পড়েছিল। আর আগের দিন তিনি না রাখলে পরের দিন দোকানে মিষ্টি পাওয়া যায় না। তাই লম্বা লাইন পেরিয়ে অবশেষে পছন্দ মত কিছু মিষ্টি কিনে বাড়ি ফিরেছিলাম। এইভাবেই আমাদের কেনাকাটি পর্ব শেষ হয়েছিল। আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।