বিয়ের পর প্রথম বার গ্রহরাজ বাবার মন্দিরে পুজো দিতে যাওয়া

in Incredible India • last month

নমস্কার বন্ধুরা,

সকলে কেমন আছেন? আজকে চলে এসেছি আপনাদের সাথে নতুন একটি দিনের গল্প শেয়ার করার জন্য। কিছু দিন আগেই বাংলা বছরের ভাদ্র মাস শেষ হলো। এই ভাদ্র মাসের প্রত্যেক শনিবারে শনি দেবতা বা বাবা গ্রহরাজের পুজো খুব ধুমধাম করে হয়ে থাকে। অনেকেই প্রত্যেকটি শনিবার উপোস থেকে গ্রহরাজ বাবার পুজো করে থাকেন। আবার কেউ কেউ যেকোনো একটি শনিবারও পুজো করে। আমারও ইচ্ছে ছিল একটি শনিবার পুজো করতে যাওয়ার। আজকে আমি আপনাদের সাথে আমার উপোস করে পুজো দিতে যাওয়ার অভিজ্ঞতাই শেয়ার করব।

1000515028.jpg

বিয়ের আগে বাবার বাড়ি থাকতে আমি দুইবার শনি দেবতার পুজো করেছি। তবে আরো একবার পুজো করার ইচ্ছা থাকলেও যেহেতু আমি একেবারেই নির্জলা (জল পান না করে) উপোস করে থাকতে পারি না , তাই বিয়ের আগে আর তৃতীয় বার পুজো দেওয়া হয়নি। তবে এইবার প্রথম থেকে ইচ্ছে ছিল একটি শনিবার, শনি দেবতার পূজা করতে যাব। তবে "এই শনিবার থাক পরে শনিবার করব" এই ভাবতে ভাবতে শেষ শনিবার চলে এসেছিল। তাই সেই শনিবারেই উপোস করে পুজো দেবো বলে ঠিক করেছিলাম। তবে মনে মনে খুবই ভয়ে ছিলাম যে আমি কি আদেও রাত পর্যন্ত কিছু না খেয়ে উপোস করে থাকতে পারবো! শুধু আমি যে একা ভয়ে ছিলাম তা নয়, আমার শাশুড়ি মা, বর থেকে শুরু করে আমার মা এবং বৌদিও খুবই চিন্তা করছিল। তবে তৃতীয়বার পুজো না দেওয়া পর্যন্ত আমার যেন মন থেকে শান্তি হচ্ছিল না। তাই ভেবেই নিয়েছিলাম যা হয় হোক , তবুও আমি উপোস করবোই।

সেইমতো আগের দিন রাতে সমস্ত কিছু প্ল্যান হয়ে গেল। তবে মুশকিল এর ব্যাপার হল সারাদিন উপোস করে থাকা, আর তার থেকেও বড় সমস্যাই পড়তে হয়েছিল কারণ শনিবার আমার অনেকগুলো পড়ানো থাকে। সব পড়ানো অফ্ রেখে বাড়িতে বসে রেস্ট নেওয়া মানে পরের দিন দ্বিগুণ খাটুনি করা। কারণ যে স্টুডেন্টগুলোর পড়ানো শনিবারে অফ্ রাখবো তাদের কে আবার রবিবারে পড়িয়ে দিতে হবে। তাই আমার পক্ষে পড়ানো অফ্ রাখা সম্ভব ছিল না। তাই আমি সকাল ৭ টার সময় পড়াতে বেরিয়েছিলাম। ৭টা থেকে ৯ টা, ৯ টা থেকে ১১ টা ও ১১ টা থেকে ১ টা পর্যন্ত আমার পরপর তিনবার পড়ানো ছিল। পরপর তিনবার পড়ানো থাকলে এমনিতেই ভীষণ ক্লান্তি লাগে এবং খিদে পায়। তবে সেই দিন আশ্চর্যজনকভাবে আমার তেমন খিদে পাচ্ছিল না। ভগবানের কৃপা ছাড়া এটা অসম্ভব একটা ব্যাপার ছিল।

যাইহোক, পড়ানোর বাড়ি থেকে বেরিয়ে আমি আর আমার বর চলে গিয়েছিলাম বাজারে। বাজারে গিয়ে শনি দেবের পুজোর জন্য প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র ( পাঁচ রকমের ফল, আটা, আখের গুড়, কলা, সন্দেশ, নারকেল, দুধ, কাজুবাদাম , কিসমিস, মোমবাতি, দেশলাই, ধূপ কাঠি ইত্যাদি) কিনে নিয়েছিলাম। তারপর দুপুর দুটোর দিকে আমরা বাড়ি ফিরেছিলাম। এরপর আমি স্নান করে ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমি পুজোর জন্য ফল কাটলাম, নারকেল ছাড়িয়ে নারকেল ঝিরিঝিরি করে কাটলাম।

1000496714.jpg

এরপর একটা গামলার মধ্যে শনি দেবতার প্রধান প্রসাদ অর্থাৎ সিন্নি প্রসাদ তৈরি করার জন্য আটা, আখের গুড়, করা, দুধ, সন্দেশ, কাজুবাদাম, কিসমিস, নারকেল কোড়া ইত্যাদি দিয়ে সাজিয়ে নিয়েছিলাম ‌। যেহেতু পুজো শেষ হতে হতে রাত হয়ে যেত, তাই আমি প্রসাদটা মেখে নিয়ে যায়নি। অনেকক্ষণ মাখা অবস্থায় থাকলে নষ্ট হয়ে যেতে পারে সেটা ভেবে। সমস্ত কিছু গোছানো হয়ে গেলে আমি যে শাড়িটা পরে পুজো করতে যাব, সেটা পরে নিয়েছিলাম। এরপর শাশুড়ি মাও রেডি হয়ে গিয়েছিল। যদিও উনি উপোস করেননি তবে সারাদিন নিরামিষ খেয়েছিলেন আমার সাথে মন্দিরে যাবেন বলে। সন্ধ্যা ৭ টার দিকে আমরা দুজন মিলে বাড়ির কাছাকাছি একটা মন্দিরে চলে যাই।

1000515030.jpg

সেখানে গিয়ে দেখলাম ইতিমধ্যে অনেক মানুষ পুজো করতে চলে এসেছে। ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছেন। পুজো শেষ হতে হতে প্রায় রাত দশটা বেজে গিয়েছিল। তারপর আমরা বাড়ি ফিরে এসেছিলাম। এরপর সিন্নি প্রসাদ মেখে আশেপাশে কয়েকজনকে প্রসাদ নিয়ে যেতে বলেছিলাম। তারা এসে উঠোনে বসেই প্রসাদ খেয়ে গিয়েছিল। এই প্রসাদ যেহেতু ঘরে তোলা যায় না তাই বাইরে বসেই খেতে হয়। প্রসাদ খেয়ে, ঠাকুরের বাসন ধুয়ে আবার স্নান করেছিলাম। সমস্ত কিছু যখন হয়ে গেল তখন মনটা হালকা হল। এর মাঝে আমার বাড়ি থেকে মা এবং বৌদির অনেকবার ফোন করেছিল আমার শরীর ঠিক আছে কিনা সেটা জানার জন্য। অন্যদিকে আমার শাশুড়ি মাও অনেক চিন্তা করছিলেন আমি শেষ পর্যন্ত উপোস করে থাকতে পারবো কিনা সেটা ভেবে। তবে সবটা খুব সুন্দর ভাবে সম্পন্ন হয়েছিল।

1000515032.jpg

আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Sort:  
 last month 

Thank you so much.

Loading...