দুঃখের ডিএনএ - কাজী অ্যাডাম

in #banglakobita • 7 days ago

আমার রক্তে
কারও নাম লেখা নেই,
তবু কিছু ব্যথা
বংশগত রোগের মতো
প্রজন্ম পেরিয়ে আসে।

আব্বার নীরবতা,
আম্মার চোখের নিচে জমে থাকা রাত,
আমার বুকের গোপন ভাঙন—
সবাই যেন
একই অদৃশ্য বর্ণমালায়
লিখে যাচ্ছে মানুষ হওয়ার ইতিহাস।

ডাক্তারের কাছে গেলে
রক্ত স্বাভাবিক আসে।

শুধু হৃদয়ের পরীক্ষায়
একটি পুরোনো ক্ষত
বারবার পজিটিভ।

দুঃখেরও জিন থাকে।

শরীর থেকে শরীরে নয়,
কখনো নীরবতা থেকে
সন্তানের স্বভাবে পৌঁছে যায়।

খসড়াধ্বনি: উত্তরাধিকার কি শুধু সম্পত্তি, নাকি কিছু অদৃশ্য দুঃখও রক্তের সঙ্গে জন্মায়?

kazi adam, adam kazi poetry, দুঃখের ডিএনএ - কাজী অ্যাডাম.png