শীতের আগমনী বার্তা!
copyright free image from Pixabay
বছরের এই সময়টাতে প্রকৃতি যেন অন্যরকম একটা অনুভূতি নিয়ে আসে আমাদের মাঝে। শহরের বাতাসে তখন শীতের আগমনী বার্তা, বিকালের নরম রোদ, সন্ধ্যার সময় চায়ের কাপে জমে থাকা সবকিছুই যেন শীতের বার্তা দেয়। বছরের এই সময়টাতে দিনের সময়টা যেন নিমিষেই চলে যাচ্ছে। দুপুর হওয়ার পর বিকাল হয়ে যাচ্ছে। বিকাল হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আবার সন্ধ্যা! দিনের সময়টা খুব কম মনে হচ্ছে। আর রাতের সময়টা বড় হচ্ছে। সাড়ে পাচঁটার আগেই মাগরিবের আযান দিয়ে দিচ্ছে।
রাত এখন এগারোটা বাজলে মনে হয় গভীর রাত হয়ে যাচ্ছে। শহরটাও যেন নিশ্চুপ থাকে। গ্রামে থাকলে এই সময়টা আরও উপভোগ করা যেত। কারণ গ্রামে এখন শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে। সকাল সকাল কুয়াশাভেজা ঘাস, সকালে নরম রোদের ছোয়া পেতে মানুষদের রাস্তায় বেরিয়ে সবকিছুই যেন শুরু হয়ে যাচ্ছে। কিছুদিন পর হয়তো সকালের নরম রোদ পাওয়ার জন্য অপেক্ষা করতে আমাদের কয়েকদিন বা সপ্তাহ!
এতোকিছুর পরও শীত আমার পছন্দের ঋতু। শীত আসলেই অন্যরকম একটা অনুভূতি কাজ করে নিজের ভিতরে। ছোটবেলায় শীতের সময়টা তো রোমাঞ্চকর ছিল। সকালে সকালে মক্তবে চলে যাওয়া। মায়ের হাতের বানানো নানা রকমের গরম পিঠা। এই পিঠার স্বাদ ছিল এক কথায় অতুলনীয়। সময়ের পরিক্রমায় এখন বড় হয়েছি। অনুভূতি পরিবর্তন হয়েছে। আগের মতো মায়ের হাতের বানানো শীতের পিঠা খাওয়ার সুযোগ হয় না। তবে বছরের এই সময়টা আসলে মনে হয় শৈশবের স্মৃতি।
শীত আবার জানান দেয় নিঃসঙ্গতা! কুয়াশাচ্ছন্ন বিকেল কিংবা জানালার পাশে বসে থাকা কিছু নীরব মুহূর্ত আমাদের জানান দেয় জীবনে কতটা একলা আমরা। একটা সময় যাদের সাথে জীবনের অনেকটা সময় পার করেছি। তারা এখন আমাদের পাশে নেই। আবার যারা আছে তাদের সাথে হয়তো আমাদের এখন আর যোগাযোগটা নেই। তবুও জীবনটা যেন থেমে নেই। জীবন যেন জীবিকার টানে চলে যাচ্ছে। জীবনের সৌন্দর্য বড় কোনো অর্জনের মাঝে লুকিয়ে থাকে না। মাঝে মাঝে এক কাপ গরম চা, সকালের নরম রোদ, বিকালের সূর্যাস্ত এই মুহূর্ত গুলোই যেন জীবনের আসল সৌন্দর্য।
জীবনের এই বেলায় অনেকেই নেই হয়তো। তবে তবুও জীবন ছুটে চলছে জীবনের নিয়মে। শীত আসুক আমাদের মাঝে নতুন কিছুর সূচনা নিয়ে, খুলে দিয়ে যাক হৃদয়ের যত বাধা।