নিজেকে পরিবর্তন করেছেন তো?
সমাজ পরিবর্তন চান, এটা নিঃসন্দেহে ভালো ভাবনা। সমাজের প্রচলিত অসংগতি, অনিয়ম, দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ইচ্ছা অবশ্যই প্রশংসনীয়।
তা ভাই, আপনি নিজেও তো এই সমাজেরই একজন অংশ। যে সমাজটাকে পরিবর্তন করতে চান, সেই সমাজের পরিবর্তনে নিজের ভূমিকা কতটুকু,সেই প্রশ্নটাও কি কখনো নিজেকে করেছেন?
নিজেকে আজ পর্যন্ত কতটুকু পরিবর্তন করতে পেরেছেন? নিজের চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি, আচরণ আর মানসিকতার কতটুকু ইতিবাচক পরিবর্তন ঘটাতে পেরেছেন?
আপনার মধ্যে মনুষ্যত্ব, বিবেক, মানবিকতা, চরিত্র আর সৎ চিন্তাভাবনার চর্চা কতটুকু আছে? অন্যের ভুল ধরার আগে নিজের ভুলগুলো চিহ্নিত করার সৎ সাহসটুকু কি আপনার আছে? নিজের স্বার্থের বাইরে গিয়ে অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে পারেন তো? নিজের সুবিধার জন্য কখনো অন্যায়কে প্রশ্রয় দেন না তো?
মনে রাখবেন ভাই, সমাজ কোনো আলাদা সত্তা নয়, আপনি, আমি, আমরা সবাই মিলে এই সমাজ। এখানে প্রত্যেকের চিন্তা, বিবেক, আচরণ আর মূল্যবোধের সম্মিলিত প্রতিফলনই সমাজের প্রকৃত চিত্র তুলে ধরে।
তাই শুধু সমাজ পরিবর্তনের স্লোগান দিলেই সমাজ পরিবর্তন হয় না। পরিবর্তন শুরু করতে হয় নিজের ভেতর থেকে, নিজের চিন্তায়, নিজের আচরণে, নিজের বিবেকে।
নিজের ভেতরের অন্ধকার দূর না করে গোটা সমাজকে আলোকিত করার স্বপ্ন দেখাটা অনেকটা নিজের ঘর অন্ধকার রেখে অন্যের ঘরে আলো জ্বালানোর উপদেশ দেওয়ার মতো।
