মন্তব্য

in আমার বাংলা ব্লগ • 2 days ago

আজকাল অনেকের লেখাই সোশ্যাল মিডিয়াতে ভেসে আসে। পড়তেও ভালো লাগে, আবার কোনো কোনো লেখা নিজের ভাবনার সঙ্গে মিলে গেলে ইচ্ছা করেই মন্তব্য করে বসি।

যেহেতু বাস্তবভিত্তিক লেখা পড়তে ভালো লাগে, তাই হয়তো ভেসে আসা লেখা পড়ে নিম্নোক্ত মন্তব্য করেছিলাম।

জানিনা আপনি কে, হুট করেই লেখাটা চোখের সামনে পড়েছিল। পড়ে মনে হলো, কথাগুলো বাস্তবতার খুব কাছাকাছি। তাই পড়ে চুপ করে থাকতে পারিনি, নিজের অনুভূতি থেকেই মন্তব্য করে ফেলেছি। এর বাইরে লেখকের সঙ্গে আর কোনো পরিচয় বা পূর্বপরিচয় নেই।

চাটুকারিতার ভিড়ে সত্যিকারের শুভাকাঙ্ক্ষী চেনা কঠিন, আর ক্ষমতা ও জনপ্রিয়তার মোহে সত্য কথা শোনার মানুষ আরও দুর্লভ। চারপাশে অনেকেই থাকে, কিন্তু সবাই যে শুভাকাঙ্ক্ষী বিষয়টা আসলে তেমন নয়। কেউ পাশে থাকে স্বার্থে, কেউ থাকে সুবিধার আশায়, আর কেউ কেউ থাকে শুধু সময় বুঝে নিজের অবস্থানটা নিরাপদ রাখতে।

যারা পিঠ বাঁচিয়ে নয়, বিবেক বাঁচিয়ে পাশে থাকে, যারা মুখের সামনে সত্য কথাটা বলতে দ্বিধা করে না, তাদের মূল্য অনেক সময় বোঝা যায় খুব দেরিতে। অথচ সংকটের সময় কিংবা কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়ালে তখনই বোঝা যায়, কে সত্যিকার অর্থে পাশে ছিল আর কে শুধু সুবিধার সময়টুকুর সঙ্গী।

পদলেহন করতে না জানা মানুষগুলো হয়তো সাময়িকভাবে হেরে যায়, অনেক সময় একা হয়ে যায়, অবহেলিতও হয়। কিন্তু অন্তত দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রাখতে পারে। নিজের বিবেকের কাছে তাকে জবাবদিহি করতে হয় না।

আর আমার কাছে সেটাই শেষ পর্যন্ত সবচেয়ে বড় অর্জন,মানুষের বাহবা নয়, নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা।