মাঝরাত

in আমার বাংলা ব্লগ • 15 hours ago

49188.jpg
source

কোনো রকমে ঘুম ভাঙতেই যখন সময়ের দিকে খেয়াল করলাম, তখন বুঝতে বাকি রইল না, এখন মাঝরাত। চারপাশে সজোরে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। অথচ গতরাতেও যেখানে ছিলাম, সেখানে যানবাহনের তীব্র শব্দে ঠিকমতো ঘুমোতে পারিনি।

কোনো রকমে ফোনটা হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ার নিউজফিড স্ক্রল করতেই পরিচিত একজনের বাবার বিয়োগের সংবাদ চোখে পড়ল। মুহূর্তেই যেন অনেকগুলো পুরোনো স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। কত কথা, কত ফেলে আসা সময়,সবকিছু যেন একসঙ্গে মনের দরজায় এসে কড়া নাড়তে লাগল।

আচ্ছা, তবে কি আজ রাতেও আর ঘুম হবে না?

এখানে তো গতরাতের মতো এখন যানবাহনের কোনো শব্দ নেই। শিয়ালের হাঁকডাকও খানিক বাদে অনেকটা কমে এসেছে। চারপাশ ক্রমেই নিস্তব্ধ হয়ে যাচ্ছে। অথচ এত নীরবতার মধ্যেও চোখে ঘুম নেই কেন?

এখনকার রাত বড্ড গভীর। শিরশিরে হিমেল বাতাস যেন বেশ ভালোভাবেই শীতের উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে। এমন আবহাওয়ায় কাঁথা মুড়ি দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকাটাই যেখানে সবচেয়ে স্বাভাবিক, সেখানে আমার সময় কাটছে এক অদ্ভুত নিদ্রাহীনতায়।

আচ্ছা, পরিচিত মানুষের বাবার বিয়োগের সংবাদই কি আমাকে এই মাঝরাতে এতটা হতবিহ্বল করে দিল? নাকি পুরোনো স্মৃতিগুলোর সামনে দাঁড়িয়ে হঠাৎ করেই খানিকটা দমে গেলাম?

কিছু রাত আসলে ঘুমানোর জন্য আসে না, আসে নিজের সঙ্গে একান্তে কিছুটা সময় কাটানোর জন্য। কিছু নীরবতা শব্দের চেয়েও বেশি কথা বলে, আর কিছু স্মৃতি মানুষকে ভেতর থেকে নিঃশব্দে ভিজিয়ে দেয়।

এখনো ভোর হতে অনেকটা সময় বাকি।