সুখছবি
মানুষের প্রতিটি মুহূর্তই কি সুখের হয়?
হয় না!
জীবনের প্রতিটি অধ্যায়ে সুখের উপস্থিতি থাকে না, কিংবা চাইলেই সব সময় সুখকে নিজের মতো করে পাশে রাখা যায় না। সুখ আসলে ধরে রাখার কোনো বিষয় নয়। বরং সুখ হুট করে আসে, আবার ফুট করে চলেও যায়।
সুখের এই ছোট্ট পর্বটা এতটাই ক্ষণস্থায়ী যে, চাইলেও হয়তো তাকে ইচ্ছেমতো আটকে রাখা সম্ভব হয় না।
তাহলে কী করি আমরা? মাঝেমধ্যে পুরোনো সুখস্মৃতিগুলো ফিরে দেখি। কোনো পুরোনো ছবি, বিশেষ মুহূর্ত, কিংবা জীবনের ফেলে আসা কিছু গল্পের ভেতর ডুব দিয়ে নিজের অজান্তেই আনমনে হেসে উঠি। কখনো কখনো সেই স্মৃতিগুলোই মনের ভেতর নতুন করে একটুখানি সুখের অনুভূতি জাগিয়ে তোলে।
মনে হয়, আহা! সময়টা কত সুন্দরই না ছিল! অথচ সেই সময়ে হয়তো বুঝতেই পারিনি, কতটা ভালো ছিলাম। হয়তো সুখকে ফিরে পাওয়ার এর চেয়ে বেশি কোনো উপায়ও আমাদের জানা নেই।
কিন্তু বাস্তবতা হচ্ছে, জীবনের প্রতিটি বাঁকে যে ঝুটঝামেলা, হতাশা, দুর্দশা আর টানাপোড়েন লেগেই আছে, সেসবের ভিড়ে সুখ কেমন করে জায়গা করে নেবে, বলুন?
প্রতিদিনের হিসাব-নিকাশ, না পাওয়ার আক্ষেপ, দায়িত্বের বোঝা আর অনিশ্চিত ভবিষ্যতের ভাবনা,সব মিলিয়ে জীবন যেন এক নিরন্তর পথচলা। যেখানে স্বস্তির চেয়ে অস্বস্তিই বেশি, আর ভালো থাকার চেষ্টাটাই কখনো কখনো ক্লান্তিকর হয়ে ওঠে।
সুখ তো বিদায় নিয়েছে বহু আগেই। এখন যা অবশিষ্ট আছে, তা হয়তো ভালো থাকার কিছু বাহ্যিক আয়োজন, মুখে হাসি ধরে রাখার চেষ্টা, কিংবা চারপাশের মানুষের কাছে নিজেকে স্বাভাবিক প্রমাণ করার এক নিরন্তর অভিনয় মাত্র।
অথচ ভেতরের খবরটা হয়তো একেবারেই আলাদা।