শুভকামনা

in আমার বাংলা ব্লগ • yesterday

45645.jpg
source

দেখো ভাই,
তোমাকে খুব একটা চিনি না, তোমার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত হওয়ারও সুযোগ হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় তোমার গান শুনে একটা কথা অকপটে স্বীকার করতেই হয়,তুমি সত্যিই দারুণ গাইতে পারো।

তোমার কণ্ঠে যে মাধুর্য, গায়কিতে যে আন্তরিকতা, তা সহজেই মনোযোগ কেড়ে নেয়। আর ভালো লাগার মতো কিছু শুনলে, সেটার প্রশংসা না করে চুপ করে থাকাটাও কেমন যেন বিবেকের কাছে দায়বদ্ধতার মতো মনে হয়।

আসলে ভালো কিছুর প্রশংসা করতে কারও সঙ্গে গভীর পরিচয় কিংবা ব্যক্তিগত সম্পর্কের প্রয়োজন হয় না। গুণের স্বীকৃতি দেওয়ার জন্য পরিচয়ের চেয়ে বড় বিষয় হলো, সেই গুণটুকু উপলব্ধি করার মতো উদার মানসিকতা থাকা। অথচ আমাদের সমাজে অনেক সময় পরিচিতির গণ্ডি পেরিয়ে কাউকে অকপটে প্রশংসা করার মানসিকতারও অভাব দেখা যায়। আমার কাছে অবশ্য মানুষের প্রকৃত গুণকে স্বীকার করে নেওয়াটাই সৌন্দর্যের, আর উদারতারও একটি অংশ।

তাই তোমার এই প্রতিভার প্রশংসা না করলে নেহাতই অন্যায় হয়ে যাবে। তুমি কতটা দূর এগিয়ে যাবে, ভবিষ্যতে কোথায় পৌঁছাবে, তা সময়ই বলে দেবে। তবে এটুকু বলতে পারি, নিজের প্রতিভার প্রতি যত্নশীল থেকো, নিয়মিত চর্চা করো, নিজের স্বকীয়তাকে ধরে রেখো। মানুষের ভালোবাসা ও স্বীকৃতি হয়তো একদিনে আসে না, কিন্তু আন্তরিকতা, সাধনা আর প্রতিভার সম্মিলন মানুষকে অনেক দূর এগিয়ে নিতে পারে।

তোমার গান ভালো লাগল বলেই কয়েকটি কথা লিখলাম। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই,ভালো কিছুকে ভালো বলা, আর একজন প্রতিভাবান মানুষকে সামান্য উৎসাহ দেওয়া,এটুকুই।

শুভকামনা নিরন্তর।