কি হবে এখন?
পার্শ্ববর্তী গ্রামের মনোয়ার ভাইয়ের সঙ্গে পরিচয় খুব বেশি দিনের নয়। সন্ধ্যাবেলা করে গ্রামের বাজারে চায়ের দোকানে বসে আশপাশের মানুষের সঙ্গে খোশগল্প করার স্বভাব বড্ড পুরনো । সেই সূত্র ধরেই তার সঙ্গে পরিচয়।
ভদ্রলোক পেশায় ছিলেন মাংস বিক্রেতা।
আমার কাছে ভদ্রলোকের সংজ্ঞাটা কিছুটা আলাদা। স্যুট-বুট-টাই পরা মানুষগুলোকে আর যা-ই হোক, আপাতদৃষ্টিতে আমার খুব একটা ভদ্রলোক মনে হয় না। কেননা এদের ভদ্রতার ব্যাকরণ বড্ড জটিল।
সম্ভবত গত মাসের শুরুর দিকে মনোয়ার ভাইয়ের কাছ থেকেই শুনেছিলাম, তার স্ত্রী স্ট্রোক করেছেন। প্রথমে তাকে স্থানীয় উপজেলা সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
ভাই তার স্ত্রীকে বগুড়ায় নিয়ে গিয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসার পর ভাবী কিছুটা সুস্থও হয়েছিলেন। হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পর, ভাবী স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টাও করছিলেন।
কিন্তু সব চেষ্টা কি সর্বদা সফল হয়? হয় না!
কয়েক দিন আগে সন্ধ্যার দিকে ভাবী আবারও স্ট্রোক করেন। এবার মনোয়ার ভাই আর উপজেলা হাসপাতালে না নিয়ে সরাসরি বগুড়ার উদ্দেশে রওনা দেন। কিন্তু মহাস্থানের কাছাকাছি পৌঁছানোর আগেই পথের মধ্যে ভাবীর প্রাণবায়ু নিভে যায়।
মুহূর্তের মধ্যে পরিবারে নেমে আসে শোকের ছায়া।
তারপর থেকে মনোয়ার ভাইয়ের সঙ্গে আর সশরীরে দেখা হয়নি। তবে সবচেয়ে বেশি খারাপ লেগেছে তার দুটি ছোট্ট সন্তানের জন্য। একটির বয়স মাত্র তিন বছর, অন্যটির নয় বছরের কাছাকাছি।
আমি মাঝে মাঝে ভীষণ উদাস হয়ে যাই। কিছু ঘটনা দীর্ঘ সময় ধরে মনের মধ্যে দাগ কেটে থাকে। গত কয়েক দিন ধরে মনোয়ার ভাইয়ের স্ত্রীর বিয়োগান্তক ঘটনাটি আমাকে ভীষণভাবে মর্মাহত করছে।
বারবার শিশু দুটির মুখ চোখের সামনে ভেসে উঠছে। মনে পড়ছে তাদের অসহায় চাহনি, চোখের কোণে টলমল করা জল। হয়তো ওরা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি, তাদের মা আর কোনো দিন ফিরে আসবে না।
আচ্ছা,
তিন বছরের শিশুটি কি বুঝতে পারবে মায়ের শূন্যতা? নয় বছরের শিশুটিই বা কীভাবে সামলাবে এই অপূরণীয় অভাব?
সময় হয়তো একদিন সবকিছুকে স্বাভাবিক করে দেবে। কিন্তু মায়ের অভাব কি কখনো পূরণ হয়?
আচ্ছা,
বাচ্চা দুটির জীবন কি আর কখনো আগের মতো স্বাভাবিক হবে?
اللہ تعالیٰ مرحومہ کی مغفرت فرمائے اور انہیں جنت الفردوس میں اعلیٰ مقام عطا فرمائے۔ ان کے شوہر اور دونوں معصوم بچوں کو صبر و ہمت دے۔ آمین۔ بہت افسوسناک واقعہ ہے۔ 💔
May Allah forgive her and grant her the highest place in Jannah. May Allah give strength and patience to her husband and innocent children. Ameen. This is truly heartbreaking. 💔