অনুরোধের কাজ।
যেহেতু পরিচিত এক ছোট ভাইয়ের জন্য স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে, তার নির্বাচনকেন্দ্রিক যাবতীয় স্ক্রিপ্টগুলো লিখে দেওয়ার দায়িত্ব নিয়েছি, তাই গতরাতে ও যখন ফোন দিয়েছিল, তখন নিম্নোক্ত কথাগুলো লিখে পাঠিয়েছিলাম ওর জন্য।
আমি মোঃ স্বাধীন, গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছি, এ তথ্য মোটামুটি আপনারা সকলেই জানেন।
প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সশরীরে, এমনকি মুঠোফোনেও অনেকেই শুভেচ্ছা ও ভালোবাসার বার্তা জানাচ্ছেন, যা নিঃসন্দেহে ভীষণ ইতিবাচক এবং আমার জন্য অনুপ্রেরণাদায়ক।
এটা সত্য, এই পথটা পুরোপুরিই কাঁটাযুক্ত, যেটা আপনারা নিজেরাও অবগত। তারপরও সবকিছুকে অতিক্রম করে আপনারা যে আমাকে আপনাদের বিবেকের ইতিবাচক চিন্তায় রেখেছেন, তা আমার মতো ক্ষুদ্র একজন মানুষের জন্য নিঃসন্দেহে বিশেষ প্রাপ্তি।
হয়তো এক কান থেকে আরেক কান হয়ে কথাগুলো ফিসফিসিয়ে আপনাদের কাছে পৌঁছে গেছে। তবে এটাও সত্য, খুব শিগগিরই হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে, আপনাদের দরজায়।
সেবাই যেহেতু আমার মূল ব্রত, তাই উন্মুক্তভাবে শুনতে চাই আপনাদের প্রত্যাশা ও সমস্যার কথাগুলো।
