নীরবতা

in আমার বাংলা ব্লগ • 8 days ago

47120.jpg
source

ব্যস্ততা কি আমাদের জীবনকে, বাকশূন্য করে রাখবে ?

আজকাল মানুষ যেন ইচ্ছে করেই দূরত্ব তৈরি করতে চায়। অপরিচিত মানুষের সঙ্গে নতুন করে পরিচিত হওয়ার আগ্রহ নেই, পুরোনো সম্পর্কগুলোতেও যেন কেমন এক অদৃশ্য শীতলতা।

দুটো কথা বলা, একটু খোঁজখবর নেওয়া কিংবা নিছক কুশল বিনিময়,এসবও যেন এখন সময়ের অপচয়!

অথচ মানুষ মানুষের কাছাকাছি আসবে, কথা বলবে, ভাবনার আদান-প্রদান করবে, একে অপরকে জানবে,এটাই তো স্বাভাবিক।

কিন্তু এখন কে যে কোন ঘূর্ণিতে ঘুরছে, কার হাসির আড়ালে কতটা হিসাব লুকিয়ে আছে, আর কার ডানা কাটার জন্য কে যে নীরবে সূক্ষ্ম পরিকল্পনা করছে, তা বাইরে থেকে বোঝার উপায় নেই।

সবাই যেন নিজের মতো করে একেকটি বৃত্ত তৈরি করে নিয়েছে। সেখানে নতুন কারও প্রবেশের সুযোগ নেই, আবার পুরোনো কেউ বেরিয়ে গেলেও খুব একটা মাথাব্যথা নেই। সম্পর্কের চেয়ে হিসাব-নিকাশ বড় হয়ে উঠেছে, আন্তরিকতার চেয়ে প্রয়োজনের মূল্য বেশি।

সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, মানুষ এখন ব্যস্ততার অজুহাতে নীরবতাকে অভ্যাসে পরিণত করেছে। অথচ সব নীরবতা ব্যস্ততার কারণে আসে না,কিছু নীরবতা আসে ইচ্ছাকৃত অবহেলা থেকে, কিছু আসে স্বার্থের হিসাব থেকে, আর কিছু আসে মানুষকে মানুষ হিসেবে বিশ্বাস করতে না পারার ক্লান্তি থেকে।

দিনশেষে তবুও একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কি সত্যিই এতটা ব্যস্ত হয়ে পড়েছি, নাকি ইচ্ছে করেই একে অপরের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছি?