বিসর্জন।

in আমার বাংলা ব্লগ • 10 days ago

46866.jpg

তোমার শৈশব কি এখনও জীবন্ত আছে, নাকি ধুলোবালি জমে শেষ? সেই চিরচেনা মাঠ, যেখানে অনায়াসে আড্ডা জমত পড়ন্ত বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত, কোলাহলে মুখরিত থাকত চারপাশ, সেখানে আজ কি শুধুই নীরবতা?

কত দূরত্ব তৈরি হয়ে গেছে সবার মধ্যে, তাই না! সেই খেয়াল কি আছে? মফস্বল তো আর মফস্বল নেই, এখন হয়ে উঠেছে ব্যস্ত নগরী। শৈশবেও তো ভাটা পড়েছে বহু আগেই। আর শৈশবের বুক ফানা ফানা করে তরতরিয়ে উঠে গেছে উড়ালসড়ক।

ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে শৈশব নামের অধ্যায়। এখন যেটুকু অবশিষ্ট আছে, তা হয়তো শুধুই ছিটেফোঁটা। খানিকটা কল্পনা নতুবা স্মৃতি হাতড়ে ফিরে দেখা।

উড়ালসড়কে যানজট কমবে, দূরদূরান্তের মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে, আর তাতেই ধামাচাপা পড়ে যাবে দুরন্ত শৈশব।

তারপরও কোনো মান-অভিমান নেই। মানুষের কল্যাণে যদি উড়ালসড়ক কার্যকর ভূমিকা পালন করে, তাহলে এমন শৈশব বারবার বিসর্জন দিতেও রাজি আছি।