শীতের আগমনী বার্তা শুরু হয়ে গেছে!

in Steem Space • 3 hours ago

বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলেই সবার আগে শীতের উপস্থিতি টের পাওয়া যায়। আর আমার বাড়ি যেহেতু দেশের এই উত্তরাঞ্চলে, তাই শীতের আগমনী বার্তাটা অন্যদের তুলনায় আমার একটু আগেই অনুভব করার সুযোগ হয়। আমাদের বাসা পার্বাতীপুর উপজেলার হাবড়া ইউনিয়ন। আজকের সকালের এই ছবির দৃশ্য গুলো নিয়েই শীতকালের আলোচনা।


আজকে আজকে ফজরের নামাজের শেষে ভোর পাঁচটার পর বাইরে বের হলেই প্রকৃতির পরিবর্তনটা বেশ স্পষ্টভাবে চোখে পড়ে। চারপাশে হালকা কুয়াশার আস্তরণ, ঘাসের ডগায় জমে থাকা শিশির, বাতাসে একটা শীতল অনুভূতি রয়েছে। সব মিলিয়ে মনে হচ্ছে , শীত যেন নীরবে আমাদের দরজায় এসে কড়া নাড়ছে।



সকালের সেই মায়াবী পরিবেশে দাঁড়িয়ে থাকলে শরীরে হালকা শীত অনুভূত হয়, আর প্রকৃতির নীরবতাও যেন অন্যরকম এক প্রশান্তি এনে দেয়। আমি নামাজ শেষ ঘাসের মধ্যে দৌড়াদৌড়ি করতে পছন্দ করি এর আগে আমার তেমন শীত অনুভব হয়নি কিন্তু আজকে হালকা শীতের আমেজ ছিল আর ঘনো কুয়াশা। রাস্তার পাশে দিয়ে থাকা সারি সারি গাছের পাতায় শীতের ছোয়া লেগেছে।



আর কিছুদিন পরেই হয়তো কুয়াশায় ঢেকে যাবে চারপাশ। তখন ২ মিটার দূরে আমরা কিছু দেখতে পাবো না। ভোরের বাতাস আরও ঠান্ডা হবে, গায়ে জড়াতে হবে শীতের কাপড়। শুরু হবে খেজুরের রস, পিঠাপুলি আর আগুন পোহানোর সেই চিরচেনা দিনগুলো। তখন বাহিরের মানুষের সংখ্যাও কম দেখতে পাওয়া যাবে।



শীত আসছে… আর উত্তরাঞ্চল সবার আগে তাকে স্বাগত জানাতে প্রস্তুত আমি। এই শীত আসলেই কেনো জানি মায়ের ভালোবাসা বেড়ে যায়। প্রায় প্রতিদিন সকালে বাসায় চলে বিভিন্ন রকম পিঠার আয়োজন। পরিবারের সবার সাথে এই পিঠা খাওয়ার মুহূর্তগুলো সত্যিই অসাধারণ। সর্বশেষ বলতে চাই শীতকাল আমার প্রিয় ঋতু।