কথা ছিল
নমস্কার বন্ধুরা,
সময়ের পালাবদলে একটা প্রশ্ন থেকে যায়,আমরা আসলেই কি ঠিক ছিএলাম?আজকে এই ব্যস্ততম জীবনে দাঁড়িয়ে ফেরার তো আসলেই কোনো পথ নেই তবুও ভাবনারা আসে।
কথা হলো—
তোমার ওখানে তখন বৃষ্টি,
আমার জানালায় দুপুরের রোদ।
একই শহরের আবহাওয়াও
আমাদের হয়ে আলাদা কথা বলছিল।
তুমি জিজ্ঞেস করলে, খেয়েছি কি না।
আমি জানতে চাইলাম, ঘুম হচ্ছে তো?
যে কথাগুলো একদিন কাছে আসার সিঁড়ি ছিল,
এখন সেগুলোতেই দাঁড়িয়ে
আমরা কুশল বিনিময় করি।
দেখা করার কথা উঠতেই
দুজনেই ক্যালেন্ডার খুললাম।
কত কাজ, কত দায়—
কোনো অজুহাতই মিথ্যে নয়;
অথচ সত্যিগুলো পাশাপাশি রাখলে
একটা বন্ধ দরজার মতো দেখায়।
আগে তোমার দেরি হলে রাগ হতো।
এখন বলি, সাবধানে ফিরো।
বয়স আমাদের এটুকু শিখিয়েছে—
অভিমান নিয়ে
শেষ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যায় না।
তুমি বললে, একদিন নিশ্চয়ই।
আমি বললাম, হ্যাঁ।
তারপর কিছুক্ষণ
ফোনের দুপাশে ঘরের শব্দ শোনা গেল—
বাসন রাখার, দরজা খোলার,
অন্য কারও ডাকে সাড়া দেওয়ার।
আমাদের কথার মধ্য দিয়েই
আমাদের আলাদা জীবন
হেঁটে চলে গেল।
ফোন রাখার পর বেরিয়েছিলাম।
মোড়ের চায়ের দোকানটা এখনও আছে।
নতুন ছেলেটি চা দেয়,
কাকে কতটা চিনি দিতে হয় জানে না।
এক কাপ চা চাইলাম।
সে জানতে চাইল, আর কিছু?
বললাম, না—
তারপর একটু সরে দাঁড়ালাম,
পাশে একজনের জায়গা রেখে।
VOTE @bangla.witness as witness

OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



