স্বপ্নের রোদ
নমস্কার বন্ধুরা,
সময়ের পালাবদলে একটা প্রশ্ন থেকে যায়,আমরা আসলেই কি ঠিক ছিএলাম?আজকে এই ব্যস্ততম জীবনে দাঁড়িয়ে ফেরার তো আসলেই কোনো পথ নেই তবুও ভাবনারা আসে।
রোদের একটা স্বপ্ন নিয়ে
আমি এই শহরে ঘর ভাড়া করেছিলাম।
জানালার সামনে তখনও বাড়িটা ওঠেনি—
দূরের আকাশ দেখা যেত,
ভবিষ্যৎকে এত কাছ থেকে দেখার
সেটাই ছিল শেষ সুযোগ।
এখন সকাল আসে পাশের দেওয়াল বেয়ে,
আমার ঘরে পৌঁছতে পৌঁছতে
তার দুপুর হয়ে যায়।
চায়ের কাপে ঠোঁট রাখি,
কিছু না বলেও যে দিন শুরু করা যায়,
এই শহর আমাকে তা শিখিয়েছে।
মা ফোনে জিজ্ঞেস করেন,
জামাকাপড় রোদে দিয়েছি কি না।
আমি বলি, দিয়েছি।
মায়ের কাছ থেকে আড়াল করি
বারান্দার মাপ,
ভেজা জামায় থেকে যাওয়া
গত সপ্তাহের গন্ধ।
তুমি একদিন এখানে বসেছিলে।
তোমার হাঁটুর ওপর অল্প আলো পড়েছিল,
আমি পর্দা সরিয়ে দিয়েছিলাম আরও।
তারপর কত কথা হলো—
কোনোটাই সেই আলোর মতো
নিঃশব্দে থাকতে পারল না।
এখন বুঝি, রোদ চেয়েছিলাম
শুধু শীত কাটানোর জন্য নয়।
চেয়েছিলাম এমন একটি দুপুর,
যেখানে কারও সামনে বসে
নিজের ক্লান্তিটুকু নামিয়ে রাখা যায়,
তার কোনো ব্যাখ্যা দিতে হয় না।
বিকেলে একটি সরু রেখা
মেঝের ওপর দিয়ে হেঁটে যায়।
আমি চেয়ার সরাই,
পায়ের কাছে খুলে রাখি জুতো।
কাল বাড়িওয়ালা ভাড়া চাইবেন,
মা আবার জামাকাপড়ের কথা জিজ্ঞেস করবেন।
আজ এই কয়েক মিনিট
পা দুটো রোদে থাক।
VOTE @bangla.witness as witness

OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



