ময়ূর পাহাড়ের সৌন্দর্য

পুরুলিয়া মানেই যেন রুক্ষ অথচ অপূর্ব এক সৌন্দর্যের নাম। লাল মাটির পথ, ছোট ছোট টিলা-পাহাড়, শাল-পিয়ালের বন, পাথুরে ভূমি আর বিস্তীর্ণ আকাশ- সবকিছু মিলিয়ে পুরুলিয়ার প্রকৃতি অন্য অনেক জায়গার থেকে সম্পূর্ণ আলাদা। শহরের কোলাহল থেকে দূরে এই ভূখণ্ডে প্রকৃতি তার নিজস্ব ছন্দে বেঁচে আছে। পুরুলিয়ার ময়ূর পাহাড় সেই প্রাকৃতিক সৌন্দর্যেরই একটি সুন্দর উদাহরণ। খুব উঁচু পাহাড় না হলেও এর পাথুরে ঢাল, শুকনো জঙ্গল, টিলা আর দূরের পাহাড়ি আবছায়া মিলে এখানে তৈরি হয়েছে এক অনন্য দৃশ্যপট। ময়ূর পাহাড়ের অন্যতম আকর্ষণ তার পাথুরে ভূপ্রকৃতি। পাহাড়ের ঢাল জুড়ে কোথাও মাটি, কোথাও শক্ত পাথরের চাদর, আবার কোথাও ছোট-বড় পাথর ছড়িয়ে রয়েছে।পাহাড়ের একটা বড় অংশ জুড়ে শুকনো ঘাস ও ঝোপঝাড়ের মধ্যে দিয়ে পাথুরে অংশ বেরিয়ে এসেছে।

দূর থেকে দেখতে মনে হয়, প্রকৃতি যেন নিজের হাতে এই পাহাড়ের গায়ে অসংখ্য রেখা এঁকে দিয়েছে। এখানকার মাটির রংও বেশ বৈচিত্র্যময়। কোথাও লালচে, কোথাও বাদামি, আবার কোথাও ধূসর পাথরের সঙ্গে মিশে তৈরি হয়েছে অন্যরকম একটা রঙের সমন্বয়। ময়ূর পাহাড়ের পরিবেশকে একেবারে অন্যরকম লাগছে। গাছপালার মাথার উপরে আকাশে সূর্য তখন অনেকটা নিচে নেমে এসেছে। চারপাশের আকাশে ছড়িয়ে পড়েছে হালকা গোলাপি ও কমলা আভা। ময়ূর পাহাড় থেকে চারপাশের দিকে তাকালে শুধু কাছের পাহাড় বা গাছপালাই দেখা যায় না। দূরে একের পর এক পাহাড়ের অস্পষ্ট রেখাও চোখে পড়ে। বিশেষ করে কুয়াশা বা হালকা ধোঁয়াশার পরিবেশে দূরের পাহাড়গুলো আরও রহস্যময় লাগে। মনে হয়, সামনে যতদূর চোখ যায় তার পরেও যেন আরও কোনো অজানা পাহাড় অপেক্ষা করে আছে।