নন্দনকাননে ডাইনোসরের যুগে এক ঝলক ভ্রমণ

প্রকৃতি, বন্যপ্রাণী এবং ইতিহাসের প্রতি যাদের আগ্রহ রয়েছে, তাদের জন্য নন্দনকানন ভ্রমণ সবসময়ই এক বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকবে বা তাদের জন্য একটা সুন্দর ভ্রমণযোগ্য স্থান হয়ে থাকবে। সম্প্রতি পুরী সফরের সময় ঘুরতে গিয়েছিলাম নন্দনকানন চিড়িয়াখানায়। এখানে একটি আকর্ষণীয় অংশ রয়েছে, যেখানে প্রাগৈতিহাসিক যুগের বিশালাকৃতির প্রাণীদের প্রতিরূপ তৈরি করা রয়েছে। চিড়িয়াখানার প্রবেশপথের কাছেই চোখে পড়ে বিশালাকার এক ডাইনোসরের মূর্তি। দূর থেকে দেখলে মনে হয় যেন কোটি কোটি বছর আগের কোনো প্রাণী হঠাৎ করেই জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে। বিশাল মুখ, ধারালো দাঁত এবং শক্তিশালী দেহের গঠন মুহূর্তের মধ্যেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছিলো।

এই ধরনের স্থাপনা শুধু বিনোদনের জন্য নয়, বরং শিক্ষামূলক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে শিংযুক্ত এক ডাইনোসরের প্রতিরূপ, যা দেখতে অনেকটা ট্রাইসেরাটপসের মতো। বনভূমির পরিবেশ এবং কৃত্রিম প্রাকৃতিক পটভূমির মধ্যে এটিকে এমনভাবে স্থাপন করা হয়েছে যে মনে হয় প্রাণীটি যেন সত্যিই কোনো প্রাচীন অরণ্যে বিচরণ করছে। এর বিশাল শিং, শক্ত মাথার ঢাল এবং ভারী শরীর প্রাগৈতিহাসিক প্রাণীদের বৈচিত্র্য ও অভিযোজন ক্ষমতার কথা মনে করিয়ে দেয়। কোটি বছর আগে পৃথিবীতে বিচরণ করা এই প্রাণীগুলোর অস্তিত্ব আজ আর নেই, কিন্তু তাদের সম্পর্কে মানুষের কৌতূহল আজও সমানভাবে বিদ্যমান।