পুরুলিয়ার পথে এক বিকেল
আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি জেলারই নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। কোথাও নদীর সৌন্দর্য, কোথাও সবুজ বনভূমি, আবার কোথাও পাহাড় ও বিস্তীর্ণ মাঠের মনোমুগ্ধকর দৃশ্য। তবে পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রয়েছে এক অন্যরকম আকর্ষণ। এখানকার মাটির রং, খোলা আকাশ, বিস্তীর্ণ মাঠ এবং গ্রামীণ পরিবেশ সহজেই যে কারও মন ভালো করে দিতে পারে। এই দৃশ্যপট পুরুলিয়ার পথে একটি বিস্তীর্ণ মাঠের পাশ থেকে বিকেলের সময় তোলা। খুব সাধারণ কিছু দৃশ্য হলেও প্রকৃতির সৌন্দর্য আর গ্রামবাংলার শান্ত পরিবেশের কারণে মুহূর্তগুলো আমার কাছে বিশেষ হয়ে রয়েছে। পুরুলিয়ার পথে যেতে যেতে রাস্তার পাশে চোখে পড়েছিল একটি বিশাল খোলা মাঠ। যতদূর চোখ যায়, শুধু মাঠ আর মাঠ। দূরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কিছু গাছপালা, আর মাথার উপরে বিশাল নীল আকাশ।
মাঠের মধ্যে তখন সবুজ ফসলের সমারোহ ছিল না। বরং মাঠজুড়ে ছড়িয়ে ছিল শুকনো খড় ও ফসল কাটার পর অবশিষ্ট অংশ। মাটির সঙ্গে সেই শুকনো খড়ের সোনালি-বাদামি রং মিশে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছিল। সাধারণত আমরা সবুজে ঘেরা প্রকৃতিকেই বেশি সুন্দর বলে মনে করি। কিন্তু সেদিন এই শুকনো মাঠের দিকে তাকিয়ে উপলব্ধি করেছিলাম, প্রকৃতির সৌন্দর্য শুধু সবুজের মধ্যেই সীমাবদ্ধ নয়। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রকৃতি নিজের রূপ বদলায়। আর সেই প্রতিটি রূপের মধ্যেই লুকিয়ে থাকে আলাদা সৌন্দর্য। এই মাঠের সৌন্দর্যের সঙ্গে আরও একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছিল। সেটি হলো মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ঘুরে বেড়ানো গরু ও ছাগলের দল।কোথাও কয়েকটি গরু একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে, কোথাও আবার ছোট ছোট ছাগল নিজেদের মতো করে খাবার খুঁজে বেড়াচ্ছে। মাঠের বিভিন্ন প্রান্তে কয়েকজন মানুষকেও দেখা যাচ্ছিল। দূর থেকে এই দৃশ্যগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল, যেন গ্রামবাংলার চিরপরিচিত একটি জীবন্ত ছবি চোখের সামনে ফুটে উঠেছে।