জীবনের গল্প || ব্যর্থতার আলিঙ্গন আর নয়

in আমার বাংলা ব্লগ • 3 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সময়ের সাথে সাথে নিজেকে আরো বেশী সতেজ ও চঞ্চল রাখার চেষ্টা করছি। অবশ্য এই সময়টা আমার জন্য দারুণ একটা সুযোগ, নিজেকে আরো বেশী এ্যাকটিভ রাখা, সতেজতার চঞ্চলতায় কার্যকর হওয়ার। কারণ শীতের দারুণ একটা আমেজ পড়তে শুরু করেছে। সকালে ঘুম হতে উঠেই একটু শিশির ভেজা ঘাস মাড়ানো, তারপর সতেজ নিঃশ্বাস নেয়ার চেষ্টা করার মানেই হলো নিজেকে ফিট রাখা।

দেখুন, এই সুযোগগুলো আমাদের মনকে যেমন চাঙ্গা করে ঠিক তেমনি হৃদয়ের চঞ্চলতা ফিরিয়ে দেয়। আমরা যারা নানাভাবে নানা প্রতিযোগিতায় সংযুক্ত থাকি, তাদের জন্য এগুলো খুবই প্রয়োজনীয়। মনে রাখতে হবে প্রতিযোগিতা হতে ছিটকে যাওয়ার মানেই হলো ব্যর্থতাকে আলিঙ্গন করা, প্রতিযোগিতা হতে পিছিয়ে যাওয়ার মানেই হলো নিজেকে গুটিয়ে নেয়া। আর এমন অবস্থায় আপনি কখনো বিজয়ের সেই স্বাদ পাবেন না, সক্ষমতা আপনাকে রঙিন করতে পারবে না।

51581-light-bulb-503881.jpg

যে সক্ষমতা কখনো প্রকাশিত হয় না, সে সক্ষমতা কোন কাজের নয়, যে প্রচেষ্টা প্রতিযোগিতার শেষ মুহুর্ত পর্যন্ত কার্যকর থাকে না সে প্রচেষ্টার কোন মূল্য নেই। এগুলো শুধু কথার কথা নয় বরং বাস্তবতা, আর এগুলো স্বীকার করেই আপনাকে প্রতিযোগিতায় নামতে হবে। যদি সেটা না পারেন তাহলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কোন মানে হয় না, সময়ের সাথে নিজেকে গতিশীল রাখতে না পারলে সেই সময়ের কাছে কিছু প্রত্যাশা করার নামই বোকামি করা।

অথচ আমরা এই কাজগুলোই সর্বদা করি, দিন শেষে নিজেকে সফলতার চূড়ায় কল্পনা করি। আফসোসের বিষয় হলো আমাদের কল্পনা আছে কিন্তু সেগুলো আমাদের সক্ষমতায় কোন প্রভাব ফেলতে পারে না, আমাদের সক্ষমতা আছে কিন্তু সেগুলো আমাদের প্রচেষ্টায় গতিশীলতা আনতে পারে না। আমরা কল্পনা করি বিজয়ের কিন্তু সক্ষমতাকে কার্যকর করি না, আমরা প্রতিযোগিতায় সংযুক্ত হই কিন্তু নিজের প্রতিভাবে কাজে লাগাতে পারি না। আর এই কারণেই দিন শেষে আমাদের কোন পরিবর্তন হয় না।

আমি কল্পনা কিংবা স্বপ্ন দেখতে বারণ করছি না, আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ হতে বিরত থাকতে বলছি না। বরং আমি এটা বলছি হাঁটতে নেমে হোচটের ভয় থাকলে হাঁটা যাবে না, বিজয়ী হওয়ার স্বপ্ন দেখলে সক্ষমতাকে ঢেকে রাখলে হবে না। সময়ের সাথে সাথে নিজেকে আরো গতিশীল রাখার সাথে সাথে সক্ষমতাকে ঝালাই করতে হবে, প্রতিভাবে সামনে রাখার সাথে সাথে সেটাকে প্রকাশ করতে হবে, তবেই হয়তো প্রকৃতির সাথে নিজেকে এবং নিজের সত্তাকে সতেজ রাখতে পারবেন।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png