"পুরীতে কাটানো আমাদের প্রথম সকালের কিছু সুন্দর মুহূর্ত"
|
|---|
Hello,
Everyone,
আশাকরি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলের আজকের দিনটাও খুব ভালো কেটেছে।
আজ পুরী ভ্রমণের পরবর্তী পর্বে আপনাদের সকলের সাথে শেয়ার করবো, পুরীতে আমাদের প্রথম সকালের গল্প।
আমাদের ট্রেন পুরীতে পৌঁছানোর কথা ছিলো ভোর ৫.২০ নাগাদ। কিন্তু ট্রেন কিছুটা লেট করায়, আমরা মোটামুটি ভোল ৫.৪৫ নাগাদ পুরী স্টেশনে পৌঁছলাম। এরপর তিতলি তাতানকে ঘুম থেকে ডেকে, নিজেদের সমস্ত লাগেজ বের করে, ধীরে ধীরে ট্রেন থেকে যখন পুরী স্টেশনে নামলাম, তখন ঘড়িতে সকাল ছয়টা বাজে।
|
|---|
সেই প্রথমবার পুরী স্টেশনে নামা। পুরী স্টেশনের কোনো ভিডিও বা ছবি ইতিমধ্যে দেখা হয়নি, তাই স্টেশনটা নিয়ে একটু অন্যরকম কল্পনা ছিলো আমার। তবে নামার পর বুঝলাম স্টেশনটা আমাদের এখানকার অন্যান্য অনেক স্টেশনের তুলনায় বেশ ছোটো।
যাইহোক এরপর আমরা কিছুক্ষন ওয়েট করলাম প্রিয়াঙ্কা দিদিদের জন্য, কারণ ওনাদের কামরা আমাদের থেকে আরও বেশ কিছুটা দূরে ছিলো। একটু বাদে ওনরা এগিয়ে এলে, সকলে মিলে হাঁটতে শুরু করলাম। স্টেশনের বাইরে গিয়ে একটু ওয়েট করলাম। সকলে মিলে একটা ম্যাজিক গাড়ি ঠিক করা হলো।
|
|---|
আমরা বড়রা ছিলাম ছয়জন। আর তার সাথে তিনজন বাচ্চা ছিলো। সকলের মিলে একটা গাড়িতে যেতে হলে অটোতে বসা কষ্টকর হয়ে যেতো, যেহেতু আমাদের সাথে লাগেজও ছিলো। আমাদের জন্য আগে থেকেই একটা গেস্ট হাউস বুক করা হয়েছিলো। তবে যেহেতু প্রিয়াঙ্কা দিদিদের আসার কোনো প্ল্যান ছিলো না, তাই ওনাদের জন্য কোনো রুম বুক করা ছিলো না।
|
|---|
|
|---|
আমরা আসলে কোনো বড় হোটেল ইচ্ছে করেই বুক করিনি। কারণ বড় হোটেলে সাধারণত রান্না করার জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকে না। তবে গেস্ট হাউস গুলিতে আপনি চাইলে গ্যাস, বাসনপত্র ভাড়া নিয়ে রান্নাও করতে পারেন।
তাই আমরা গেস্ট হাউসই ভাড়া নিয়েছিলাম। আসলে আমার দিদি এখন নিরামিষ খাবার খায়, তাই বাইরে বেরিয়ে যেকোনো হোটেলে খাবার খাওয়াটা ওর জন্য সম্ভব নয়। সেই কারণেই এইরম চিন্তাভাবনা। আর বাইরে কোথাও ঘুরতে গিয়ে এই প্রথম কোনো গেস্ট হাউসে থাকার অভিজ্ঞতা ছিলো আমার। এটাও এক অন্যরকমের অভিজ্ঞতা ছিলো।
|
|---|
আমাদের ঘরে লাগেজপত্র সবকিছু রেখে, প্রিয়াঙ্কা দিদিরা নিজেদের জন্য একটা হোটেল খুঁজতে বেরিয়েছিলো। কিছুক্ষণের মধ্যে সেটা পেয়েও গিয়েছিলো। আমাদের গেস্ট হাউস থেকে দু তিন মিনিট হাঁটা পথে ছিলো ওনাদের হোটেলটা।
যাইহোক আমাদের রুম ছিলো দোতালায়। রুমটা বেশ খোলামেলা এবং অনেকখানি বড় ছিলো। আমাদের পাঁচ জনের জন্য যথেষ্ট। ছোট্ট একটা কিচেন ও বাথরুম ছিলো। তার সঙ্গে ছিলো ব্যালকনি, যেখানে জামা কাপড় মেলার জন্যও সুব্যবস্থা ছিলো।
গেস্ট হাউস থেকেই একজন দিদিকে আমাদের রুমে পাঠানো হয়েছিলো, ঘর ছাড় দিয়ে মুছে দিয়ে গিয়েছিলেন। এমনকি বেডশিডটাও পাল্টে দিয়েছিলো। এগুলো গেস্ট হাউজের পক্ষ থেকেই ব্যবস্থা করা হয়েছিলো।
|
|---|
|
|---|
কিন্তু প্রতিদিন সেখানে রান্না করার পর বাসন মাজার জন্য দিদিকে আলাদা ভাবে পেমেন্ট করতে হবে, একথা আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন। রুমে ঢোকা থেকেই তিতলি এবং তাতান সমুদ্রে যাওয়ার জন্য বায়না শুরু করছিলো। কিন্তু সকালবেলায় যেহেতু আমরা পৌঁছেছিলাম, ওদেরকে কিছু না খাইয়ে সমুদ্রে নিয়ে যাওয়া সম্ভব ছিলো না।
|
|---|
|
|---|
এই কারণে সকলে ফ্রেশ হয়ে নিলাম। তারপর তিতলি ও তাতানের জন্য ম্যাগী রান্না করলাম, সাথে নিজের জন্যেও। কারণ দিদি এবং দাদা বাড়ি থেকে আনা পরোটা, আলু ভাজা এবং চা খাবে বলেছিলো। এই সমস্ত কিছু দিয়ে মোটামুটি সকালের ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম আমরা।
বাইরের দিকে চোখ পড়তেই দেখলাম প্রচন্ড রোদ্দুর উঠে গেছে। সেই সময় সমুদ্রে নামাটা বেশ কষ্টকর হবে ভেবে সিদ্ধান্ত নিলাম দুপুরের জন্য কিছু রান্না করে রেখে, একেবারে সমুদ্রে যাই।
তাহলে ফিরে এসে স্নান করে, খেয়ে নিতে পারবো। তখন আর রান্নার ঝামেলা থাকবে না। বাড়ি থেকে আমরা কিছু জিনিস গুছিয়েই নিয়ে গিয়েছিলাম। শুধু দিদির হাজব্যান্ড নীচের দোকান থেকে ডিম কিনে এনেছিলো।
|
|---|
তিতলি তাতানকে একটু বুঝিয়ে বলা হলো। তারপর রান্না বসিয়ে দিলাম। ভাত, মুসুরির ডাল, আলু সিদ্ধ ও ডিম সেদ্ধ করলাম। দিদি নিরামিষ খাবার খাবে তাই আলু সেদ্ধর সাথে সাথে, দিদির জন্য অল্প একটু মুগডালও সেদ্ধ করেছিলাম।
|
|---|
রান্নাবান্না শেষ করে একটা জায়গায় গুছিয়ে রেখে, তারপর সকলে মিলে বেরিয়ে পড়লাম সমুদ্র দর্শনের উদ্দেশ্যে। বাইরে আবহাওয়া ততক্ষণে মেঘলা হয়ে গিয়েছিলো। পুরীর সমুদ্র আমি এই প্রথমবার দেখলাম। তবে দিদিরা এর আগেও দেখেছে, ২০২৩ সালে ওরা একবার গিয়েছিলো।
|
|---|
যাইহোক আমাদের গেস্টহাউস থেকে সমুদ্র পায়ে হেঁটে মোটামুটি চার পাঁচ মিনিটের পথ ছিলো। যাওয়ার পথে প্রিয়াঙ্কা দিদিদেরকেও ফোন করে দেওয়া হয়েছিলো। ওনরাও তৈরি হয়ে নিচে নেমে এসেছিলো। এরপর একসাথে আমরা পৌঁছেছিলাম সমুদ্রে।
এইভাবেই পুরীতে আমাদের প্রথম সকালটা শুরু হলো। সমুদ্রে দারুন কাটলো আমাদের দুপুর বেলাটা, সেই অভিজ্ঞতা পরবর্তী পর্বে আপনাদের সকলের সাথে শেয়ার করবো। আজকের পর্ব এখানেই শেষ করলাম।
কেমন লাগলো আজকের পর্ব মন্তব্যের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।