"প্রিয় বান্ধবীর সাথে কাটানো সুন্দর সন্ধ্যার গল্প- ফ্রেন্ডস ক্লাবের প্যান্ডেল পরিদর্শন"

in Incredible India • 13 hours ago (edited)
IMG_20261110_175223.jpg
"ফ্রেন্ডস ক্লাবের এই বছরের শ্যামা পুজোর প্যান্ডেল।"

Hello,

Everyone,

কেমন আছেন আপনারা সকলে?
আশাকরছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি খুব ভালো কেটেছে।

সত্যি কথা বলতে আজকে আমার দিনটাও অনেক ভালো কেটেছে। তবে কিভাবে আজকের সারাদিন কাটিয়েছে, সেকথা আজকের পোস্টে নয়, পরবর্তী পোস্টে উল্লেখ করবো। আজকের পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো, বান্ধবীর সাথে আরও একটি পুজো প্যান্ডেলে ঠাকুর দেখার মুহূর্ত।

IMG_20261110_175433.jpg
IMG_20261110_175232.jpg

"শক্তিমান ক্লাব" এর ঠাকুর দেখা শেষ করে আমরা পরবর্তীতে যে ক্লাবের ঠাকুর দেখতে গিয়েছিলাম, তার নাম ছিলো "ফ্রেন্ডস ক্লাব"। এই দিন যতগুলো ঠাকুর দেখেছিলাম, ব্যক্তিগতভাবে আমার সবথেকে এই প্যান্ডেলটি ভালো লেগেছে।

প্যান্ডেলটা উচ্চতায় অনেকটা লম্বা ছিলো এবং অনেকখানি জায়গা জুড়ে তৈরি করা হয়েছিলো। সম্পূর্ণ প্যান্ডেলটা করা ছিলো বাঁশের তৈরি চটা দিয়ে। চটা বলতে বোঝায় বাঁশ গুলোকে একেবারে পাতলা পাতলা করে চেঁচে তৈরি করা লম্বা আকৃতির লাঠি জাতীয় জিনিস। সেগুলোকেই বিভিন্ন আকারে সাজানো হয়েছিলো। ঠিক যেভাবে এই এটা দিয়ে বিভিন্ন ধরনের ঝুড়ি, ধামা, কুলো তৈরি করা হয়।

IMG_20261110_175428.jpg

সেই ভাবেই এখানে বিভিন্ন ধরনের মূর্তিও তৈরি করা হয়েছিলো। এর মাঝেই কমলা রঙের কাপড় দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা ছিলো। আর মাঝে মধ্যে বসানো ছিলো মাটির তৈরি বিভিন্ন পুতুল। সবকিছু মিলিয়ে প্যান্ডেলটির রঙ এবং কারুকার্য সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলো। প্যান্ডেলে ঢোকার মুখেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা সম্পূর্ণ প্যান্ডেলটিকে সুন্দরভাবে পরিদর্শন করলাম।

IMG_20261110_175423.jpg

এরপর ধীরে ধীরে ভিতরের দিকে প্রবেশ করলাম এবং উপরের দিকে একটা অংশ চোখে পড়লো, যেখান থেকে লাল রঙের অনেকগুলো সূতো মতন ঝুলছিলো এবং সেগুলোর সাথে সাদা রংয়ের চুরির মতো কিছু ঝুলিয়ে দেওয়া হয়েছিলো। তার মাঝখানে জ্বলছিল ছোট ছোট বাল্ব। যা্যর সৌন্দর্য্য হয়তো কিছুটা হলেও ছবিটি দেখে বুঝতে পারবেন।

IMG_20261110_175501.jpg

এমনকি এই একই আদলে প্যান্ডেলের ভেতরের উপরের অংশটাও সম্পূর্ণ তৈরি করা হয়েছিলো। ভিতরের দিকে চারপাশের দেয়ালেও সুন্দর মাটির খেলনা দিয়ে এবং বাঁশ দিয়ে ডিজাইন করা ছিলো, যা প্যান্ডেলটির সৌন্দর্য্য অনেকখানি বাড়িয়ে তুলেছিলো।

IMG_20261110_175605.jpg

এছাড়াও স্বস্তিক চিহ্ন দিয়ে সম্পূর্ণ প্যান্ডেল এর কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছিলো। আর মাঝেমধ্যে কুলো ও ধামার ব্যবহার প্যান্ডেলর সৌন্দর্য্যকে অন্য মাত্রা দিয়েছিলো।

IMG_20261110_175519.jpg

ভিতরে প্রতিমার কথা আলাদাভাবে বলতেই হবে‌। অপরূপ সুন্দর একটা মূর্তি তৈরি করা হয়েছিলো, যেখানে শ্যামা মায়ের একটি ভিন্ন রূপ তুলে ধরা হয়েছিলো। যদিও সেখানে লেখা ছিলো কামাখ্যা দেবী দর্শন করুন।

তবে যেহেতু আমি কামাখ্যা মন্দিরে যাইনি, তাই জানিনা আদেও এমন কোনো মূর্তি সেখানে আছে কিনা। এই প্যান্ডেলে মানুষের ভিড় ছিলো ভালোই। তারই মাঝখানে আমরা দুজনে ঢুকে সম্পূর্ণ প্যান্ডেলটা সুন্দরভাবে পরিদর্শন করলাম।

IMG_20261110_175752.jpg

বেরিয়ে আসার সময় দুজনে মিলে ছবিও তুলে নিলাম, যাতে স্মৃতির পাতায় ধরা থাকে মুহূর্ত গুলো। আর একেবারে প্যান্ডেল থেকে বেরোনোর সময় রাস্তায় লাইটিং এর ছবিটা তুলতেও ভুলিনি। ভেবেছিলাম ঢোকার সময় তুলবো, তবে কথায় কথায় সেটা ভুলে গিয়েছিলাম।

IMG_20261114_234630.jpg

বেরোনোর সময় ছবিটি তুলেছিলাম। আশাকরি ছবিটা দেখেই বুঝতে পারছেন এই প্যান্ডেলের লাইটিংটা কতখানি আকর্ষণীয়।কালী পূজার এটা আরও একটা দর্শনীয় জিনিস হলো লাইটিং। বিভিন্ন রঙের লাইট দিয়ে এতো সুন্দর ভাবে রাস্তাটা সাজানো হয়, যাতে এই আলোর উৎসব আরো সকলের কাছে দ্বিগুণ আনন্দ বয়ে আনে।

যাইহোক এর পরবর্তীতে যে ঠাকুর দেখেছিলাম, তার গল্প অন্য পোস্টে শেয়ার করবো। আপাতত আজকের লেখা এখানেই শেষ করছি।

ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।