"রাতের দৃশ্য: ছাদ বাগানে গাছের ফলন দেখলে বেশ ভালো লাগে"
|
|---|
Hello,
Everyone,
সকলকে জানাই শুভ পঞ্চমীর অনেক শুভেচ্ছা। আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।
চারিদিকে পুজো পুজো রব বেশকয়েকদিন আগে থেকে শুরু হয়েছে ঠিকই, কিন্তু প্রতিদিনের জীবনযাপনে খুব বেশি পরিবর্তন আসেনি, কারণ এখনও পর্যন্ত শুভর অফিস খোলা রয়েছে।
আগামী শনিবার পর্যন্ত অফিস। তারপর পুজোর ছুটি শুরু হবে। তাই ওর অফিস থাকলে রোজকার রুটিন মোটামুটি একই থাকে। খুব বেশি পরিবর্তন হয় না। তবে পুজোর এই কয়েকদিন বাড়তি পাওনা বলতে, সকাল থেকে পাড়ার পুজো প্যান্ডেলের গান শোনা যায়। আর সন্ধ্যার পর থেকে রাস্তার লাইট গুলো জ্বলে ওঠে।
যাইহোক আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের সাথে আরও একবার আমার ননদের ছাদ বাগানের কিছু ছবি শেয়ার করবো। এর পূর্বে আপনাদের সাথে ননদের ছাদ বাগান সম্পর্কে অনেক কথাই আলোচনা করেছি। বেশ কিছু ফলের গাছ এবং ফুলের গাছ লাগিয়ে, তার পরিচর্যা করতে করতেই আজকাল ননদের দিনের অধিকাংশ সময় ব্যয় হয়। তবে সব থেকে আনন্দ হয় তখন, যখন সেই পরিশ্রমের ফল আমরা নিজের চোখের সামনে দেখতে পাই।
কয়েকদিন আগে আমার দিদির ছেলে ও মেয়ে অর্থাৎ তিতলি ও তাতানকে নিয়ে ননদের বাড়িতে গিয়েছিলাম। সেদিন রাতেই ননদের ছাদ বাগান ঘুরে দেখেছিলাম সকলে। তখনই কিছু ছবি তুলেছিলাম, যেগুলো আজকের লেখার মাধ্যমে শেয়ার করবো।
|
|---|
|
|---|
|
|---|
আগে শেয়ার করা একটা পোস্টে আপনাদের জানিয়েছিলাম, ননদ ধনেগাছ লাগিয়েছে এবং এখান থেকে ছোট ছোট চারা গাছ বেরিয়েছে। তবে ঐদিন গিয়ে দেখলাম গাছগুলো অনেকটাই বড় হয়েছে। ঠিক তার পাশের একটা টবেই সুন্দর ভাবে বেড়ে উঠেছে পুদিনা পাতারাও। রাতের বেলায় যেন গাছগুলোকে আরও বেশি সতেজ ও প্রাণবন্ত মনে হচ্ছিলো।
|
|---|
লাউ গাছের কথা তো এর আগের পোস্টেই শেয়ার করেছিলাম এবং সেটা মাচার উপর বইতে শুরু করেছিলো, এমনকি তাতে ফুলও এসেছিলো। তবে এদিন গিয়ে আরও অবাক হলাম যখন সেই মাচা থেকে ছোট্ট একটা লাউ নিচের দিকে ঝুলতে দেখলাম।
|
|---|
|
|---|
দূর থেকে প্রথমে বুঝতেই পারছিলাম না, তবে যখন নিচু হয়ে মাচার নিচে প্রবেশ করলাম, তখন দেখে একেবারে অবাক হয়ে গেলাম। একদম ছোট্ট একটা লাউ ধরেছে গাছে, গাছটাও যে খুব বেশি বড় এমনটাও নয়।
|
|---|
|
|---|
|
|---|
লাউ গাছের সাথেই একটা ঝিঙে গাছে লাগিয়েছিলো, যাতে একই মাচায় বইতে পারে। আর সেখানেও বেশ কয়েকটি ঝিঙে হয়েছে দেখলাম। একটা ঝিঙে তো অনেকটাই বড় হয়েছে।
|
|---|
ছাদের ওপর প্রান্তে আরও একটা ঝিঙে গাছ অন্য একটা টবে লাগিয়েছিলো। তবে গাছটা খুব একটা ভালোভাবে বেড়ে উঠেছিলো না। প্রথম যেদিন দেখেছিলাম গাছটাকে বেশ দুর্বল মনে হচ্ছিলো। এমনকি ননদ ভেবেছিলো গাছটা বোধহয় বাঁচবে না। তবে সবাইকে অবাক করে দিয়ে সেই গাছটিতেও কিন্তু রীতিমতো ঝিঙে হয়েছে।
|
|---|
বেশ কয়েক প্রকার জবা ফুল গাছ ছাদ বাগানে লাগিয়েছে। প্রায় সবগুলোতেই কুঁড়ি এসেছিলে, একথা আগের লেখায় উল্লেখ করেছিলাম। লক্ষ্মী জবা ফুল এবং আরও একটা সাদা-গোলাপীর রং এর জবা ফুলের ছবিও শেয়ার করেছিলাম।
|
|---|
|
|---|
সেদিন গিয়ে দেখলাম অন্য একটা জবা ফুলের কুঁড়িও বড় হয়েছে। যেটা দেখে বোঝা যাচ্ছিলো যে পরদিন সকালেই ফুটবে। আর সত্যিই এমনটা হয়েছিলো। যদিও পরদিন সকালে আমি ছাদে যাইনি, তবে ননদ ফুলগুলো তুলে এনেছিলো। অপূর্ব সুন্দর লাগছিলো গোলাপী রঙের সেই জবা ফুলগুলো দেখতে।
|
|---|
আপনারা সকলেই জানেন দুর্গা পুজো আসা মানেই প্রকৃতিতে তার সাড়া পাওয়া যায়। এমনকি বেশ কিছু ফুলের ফুটে ওঠা মানেই আমরা মায়ের আগমনী বার্তা পেতে শুরু করি। যদিও এখন সারা বছর জুড়ে সব গাছে ফুল ফোটানো সম্ভব। কিন্তু তবুও আমি বিশ্বাস করি প্রতিটি ঋতুতে, একটা বিশেষ ফুলের নিজস্বতা আছে। দুর্গা পূজা মানেই শিউলি ফুল ও পদ্ম ফুলের ফুটে ওঠার সময়।
|
|---|
|
|---|
আমাদের ছাদে যেমন স্থলপদ্ম ফুল গাছ আছে, তেমনই ননদও একটা স্থলপদ্ম ফুল গাছ লাগিয়েছে। যার ছবি ইতিপূর্বেও শেয়ার করেছি। তবে গাছগুলোতে কুঁড়ি আসতে শুরু করেছে, এমনকি কয়েক দিনের মধ্যে ফুলও ফুটবে, সেটাই ননদ সেদিন রাতে ডেকে নিয়ে দেখাচ্ছিলো। মাত্র কয়েক দিনের ব্যবধানেই গাছটিতে কুঁড়ি এসেছে, কারণ খুব বেশিদিন হয়নি ননদ গাছটা লাগিয়েছে।
তিনি ভেবেছিলেন হয়তো সামনের বছর ফুল ফুটবে, এ বছর আর ফুটবে না। তবে প্রকৃতির ইচ্ছে মানুষের ভাবনার উপরে নির্ভর করে না। তাই নতুন গাছে প্রথম বার কুঁড়ি দেখে খুশি হওয়াটা খুব স্বাভাবিক।
|
|---|
এটি ফলসা গাছ। নামটা আমার কাছে একেবারেই নতুন। তবে আপনাদের মধ্যে কারা কারা গাছটা চেনেন তা অবশ্যই জানাবেন। এর আগেও গাছটা দেখেছিলাম। তখন গাছে কোনো পাতা ছিলো না। শুধুমাত্র ডাল ছিলো। এখন নতুন পাতা ছাড়তে শুরু করেছে।
|
|---|
এই ফলটা ননদের খুবই পছন্দের। তাই বেশি টাকা দিয়ে হলেও এই গাছটা তিনি এনেছেন ছাদে লাগাবেন তাই। আর দেখে ভালো লাগলো যে, গাছটা বেঁচে গেছে এবং নতুন পাতা ছাড়তে শুরু করেছে। নিজের পছন্দের এইরকম কিছু কিছু গাছ দিয়ে যখন নিজের হাতে বাগান তৈরি করা হয়, তখন সেই বাগানের প্রতি এক আলাদা টান তৈরি হয়।
যেমন একদম ছোট্ট থেকে একটা শিশুকে বড় করে তোলার দায়িত্ব মা পালন করেন, ঠিক তেমনি আমার ননদও যেন গাছগুলোকে ছোট্ট বাচ্চার মতন যত্ন করে। আর যত্নের ফলে যখন গাছে নতুন পাতা জন্মায়, কিংবা ফুল আসে, অথবা ফল হয়, তখন তার অনুভূতি কেবলমাত্র বোধহয় সেই অনুভব করতে পারে, যারা এই গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এতো পরিশ্রম করে।
যাইহোক আরও একবার ননদের ছাদ বাগানের রাতের দৃশ্যের কিছু ছবি শেয়ার করলাম। এগুলো দেখে আপনাদের কেমন লাগলো এবং কোন কোন গাছ গুলো আপনার পরিচিত, সেই সম্পর্কে আপনার মতামত অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুজোর দিনগুলো আপনাদের সকলের খুব ভালো কাটুক, এই প্রার্থনা করে আজকের লেখা শেষ করছি।