"পুরীর উদ্দেশ্যে রওনা হওয়ার পরের কিছু সুন্দর মুহূর্ত"

in Incredible India • 6 days ago
IMG_20261103_184333.jpg
"রাতের শিয়ালদহ স্টেশন,‌আমাদের জাতীয় পতাকার রঙে রঙিন"

Hello,

Everyone,

লেখার শুরুতেই সকলকে জানাই শুভ দীপাবলীর অনেক শুভেচ্ছা। আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি খুবই ভালো কেটেছে।

গতকাল সকালে আমরা পুরী থেকে ফিরেছি। পুরী থেকে ফিরে দিদিদের সাথে ওদের ফ্ল্যাটেই গিয়েছিলাম। সেখান থেকে আজ সন্ধ্যায় বাড়িতে এলাম। আসলে পুরী থেকে ফেরার পর শরীরটা বেশ খারাপ ছিলো বলেই, আর গতকাল বাড়ি ফেরা হয়নি।

পুরীতে আমরা কেমন মজা করলাম, কিভাবে আমাদের দিন কাটালাম। সেই সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করবো। তবে আজ শুরু করবো একেবারে পুরীর যাত্রা শুরু হওয়ার মুহূর্ত থেকে।

IMG_20261103_094330.jpg
"বাড়ি থেকে বেরোনোর আগে শেষ মুহূর্তের গোছগাছ।"

এই মাসের ৩ তারিখে আমাদের পুরীতে যাওয়ার টিকিট আগে থেকেই কাটা ছিলো। মাঝখানে শাশুড়ি মা অসুস্থ হয়ে যাওয়ার কারণে ভেবেছিলাম হয়তো যাওয়া হবে না। তবে শেষ পর্যন্ত ২ তারিখ রাতে আমি বাড়ি থেকে রওনা হয়েছিলাম দিদি বাড়ির উদ্দেশ্যে। আর সেখান থেকেই সকলের সাথে পরদিন সন্ধ্যায় রওনা হয়েছিলাম পুরীর উদ্দেশ্যে।

আগের একটা পোস্টেই জানিয়েছিলাম, টুকটাক কিছু কেনাকাটা করার জন্য আমি আর দিদি বাজার থেকে একেবারে ফ্ল্যাটে ঢুকেছিলাম। আর আমার লাগেজটা স্টেশন থেকে বাবা‌ ফ্ল্যাটে নিয়ে গিয়েছিলো।

IMG_20261103_124235.jpg
"ঘুরতে যাওয়ার আনন্দে দুপুরে না‌ ঘুমিয়ে, এইভাবে দুজন টিভি দেখছিলো।"

বেশ কিছু জামাকাপড় আগের দিন রাতেই গুছিয়ে রাখার প্ল্যান ছিলো, কারণ পরদিন দিদির অফিস ছিলো। ও অফিস থেকে ফেরার পর আমরা খুব একটা সময় পেতাম না গোছগাছ করার জন্য। তাই বেশিরভাগ কাজ আগের দিন রাতেই শেষ করে রেখেছিলাম। শেষ মুহূর্তের কিছু জিনিস, সেগুলো পরদিন দিদির হাজব্যান্ড আর আমি মিলেই গুছিয়ে নিয়েছিলাম।

IMG_20261103_172644.jpg
"আমার‌ আর তিতলির সব জামাকাপড় এই ট্রলিতে নিয়েছিলাম।"

বেশ অনেকখানি গোছগাছ সেরে আমরা সেদিন রাতে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে উঠে দিদি ডিউটি চলে গিয়েছিলো। সেদিন সব থেকে বেশি আনন্দে ছিলো তিতলি এবং তাতান, যেটা খুব স্বাভাবিক একটা বিষয়। কারণ সমুদ্রে বড়দের থেকেও ছোটোদের আনন্দ বেশি।

আমাদের বাড়ি থেকে বের হতে হতো প্রায় পাঁচটা নাগাদ। কারণ আমাদের ট্রেন ছিলো শালিমার স্টেশন থেকে। তার আগে আমাদের দমদম থেকে ট্রেন ধরে শিয়ালদহ , শিয়ালদহ থেকে ট্যাক্সি নিয়ে শালিমার স্টেশন পৌঁছাতে হতো। চাইলে আমরা হাওড়া হয়েও যেতে পারতাম, তবে সেটা আরও বেশি ঝক্কির হতো বলে, প্ল্যানটা করা হয়েছিলো এই ভাবে যাওয়ার।

দিদিদের একেবারে পাশের ফ্ল্যাটের দাদারাও দিদিদের সাথে যাবে বলে, তৎকালে টিকিট কেটেছিলো। কিন্তু যাওয়ার টিকিট কনফর্ম হলেও ফিরে আসা টিকিট সেদিন পর্যন্ত কনফর্ম ছিলো না। তবে আমরা ভেবেছিলাম পরবর্তীতে হয়তো কনফর্ম হয়ে যাবে।

IMG_20261103_143156.jpg
"রাতের খাওয়ার জন্য নেওয়া আলু ভাজা।"
IMG_20261103_142934.jpg
"পনীরের তরকারি"

যেহেতু বাড়ি থেকে পাঁচটা নাগাদ আমরা বেরিয়ে যাবো ঠিক ছিলো। তাই রাতের খাবার আমাদেরকে নিয়ে যেতে হবে বলে, দুপুরের দিকে আমি একটু পনির ও আলু ভাজা তৈরি করে নিয়েছিলাম। পরোটা বিকালের পরপর তৈরি করা হয়েছিলো। সেটা অবশ্য দিদির বাড়িতে যে দিদি রান্নাবান্না করেন, তিনিই তৈরি করে দিয়েছিলেন।

যাইহোক আমরা সমস্ত কিছু গোছগাছ করে ফেলেছিলাম। দিদি অফিস থেকে ফিরে বাড়িতে এসে সন্ধ্যা দিয়ে দেওয়ার পরেই আমরা তৈরি হয়ে গিয়েছিলাম এবং নিজেদের ব্যাগ পত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, দমদম স্টেশনের উদ্দেশ্যে। কারণ কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনের সময় ছিলো।

IMG_20261103_173359.jpg
"আমি আর তাতান"
IMG_20261103_184328.jpg
"শিয়ালদহ পৌঁছে তোলা ছবি।"

প্রথমে লিফটে করে আমি আর তাতান নেমেছিলাম। তাই দুজনে মিলেই একটা ছবি তুলে নিয়েছিলাম। এরপর স্টেশনে পৌঁছে আমরা ট্রেনে উঠে গিয়েছিলাম। বাড়িতে বসেই দাদা মোবাইলে অ্যাপ এর মাধ্যমে টিকিট কেটেছিলো বলে, আর আলাদা করে কাউন্টারে লাইন দিতে হয়নি।

কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম শিয়ালদহ স্টেশনে। একেবারে স্টেশনের বাইরে পৌঁছে শালিমার স্টেশনে যাওয়ার জন্য ট্যাক্সি বুক করার দরকার ছিলো। তবে তার আগে আমরা অপেক্ষা করছিলাম দিদিদের প্রতিবেশী ওই ফ্যামিলির জন্যেও।

IMG_20261103_193120.jpg
"শিয়ালদহ থেকে শালিমার যাওয়ার মুহূর্ত।"

যেহেতু একসাথেই যাওয়া, তাই ট্যাক্সিও আমরা একসাথেই বুক করবো এমনটাই প্ল্যান হয়েছিলো। যাইহোক সেখানে দাঁড়িয়ে শিয়ালদহ প্লাটফর্মের একটা ছবি তুললাম। অন্যদিকে ট্যাক্সি ঠিক করা হয়ে গেলে, আমি, দিদি, দিদির হাজব্যান্ড এবং তাতান একটা ট্যাক্সিতে গেলাম। তিতলি অন্য ট্যাক্সিতে ওই দিদিদের সাথে গিয়েছিলো।

IMG_20261103_191117.jpg
"তিতলি যখন অন্য ট্যাক্সিতে উঠছিলো, সেই মুহূর্তে তোলা ছবি"

আসলে ওই দিদিটার নাম প্রিয়াঙ্কা, আর ওনার একটা ছোট্ট ছেলে আছে যার নাম মহারাজ। সে তিতলিকে ছাড়া অন্য কারোর কাছে থাকতে চায় না। আর তিতলিও বাচ্চাটিকে খুব ভালোবাসে, যেই কারণে মহারাজের সাথেই তিতলি ওনাদের গাড়িতে উঠে পড়েছিলো।

IMG_20261103_195445.jpg
"শালিমার স্টেশনে পৌঁছে তোলা ছবি।"

বেশ কিছুক্ষণ বাদে আমাদের ট্যাক্সি গিয়ে পৌঁছালেও শালীমার স্টেশনে। এই প্রথমবার শালিমার স্টেশন দেখা। এর আগে কখনো এই স্টেশনে যাওয়া হয়নি। তবে স্টেশনটা এমন কিছু আলাদা নয়।

যাইহোক আমরা প্রথমে প্লাটফর্মে ঢুকলাম, সেখানে লাগেজ চেকিং ফরমালিটি পূরণ করার পর, মূল প্ল্যাটফর্ম এর ভেতরে প্রবেশ করে, বোঝার চেষ্টা করছিলাম আমাদের ট্রেন কত নম্বর প্লাটফর্মে দিয়েছে।

IMG_20261103_195754.jpg
"প্ল্যাটফর্মে ঢুকে তোলা ছবি।"

পরে দেখলাম আমরা যে প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলাম ট্রেনটি সেখানে নয় অন্য প্ল্যাটফর্মে দিয়েছে। অ্যানাউন্স ঠিকঠাক ভাবে করছিলো না, তাই জন্য বুঝে উঠতে পারিনি। এরপর আমরা অন্য প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম। দেখলাম আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে।

এটি ছিলো শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। রাত ৮:৩৫ মিনিটে শালিমার থেকে ছেড়ে যাওয়ার কথা‌ ছিলো। তাই প্রায় তাড়াহুড়ো করেই আমরা পৌছালাম প্ল্যাটফর্মে এবং নিজেদের নির্দিষ্ট কামরা দেখে উঠে পড়লাম।

IMG_20261103_201608.jpg
"ট্রেনে উঠে তোলা ছবি।"

সেখানে গিয়ে প্রথমে আমরা লাগেজ গুলো অ্যারেঞ্জ করে নিলাম। তারপর নিজেদের মত করে নিজেদের সিটে বসে আরাম করলাম। তিতলি এবং তাতান খুব খুশি হয়েছিলো। কারন ওদের জন্য আলাদা সিট ছিলো এবং তারা প্রথমবার ট্রেনে একা একা সিটে ঘুমাবে, এই বিষয়টি নিয়ে খুবই উত্তেজিত ছিলো দুজন।

যাইহোক কিছুক্ষণ বাদে আমাদের ট্রেন চলতে শুরু করলো। তারপর বাড়িতে ফোন করলাম, শুভকেও জানালাম। কিছুক্ষণ পরে ডিনার করার জন্য টিফিন গুলো বের করা হলো। প্রথমে দিদি তিতলি এবং তাতানকে খাইয়ে দিলো। তারপর আমি, দিদি এবং দিদি হাজব্যান্ড তিনজনে মিলে পরোটা, পনির ও আলু ভাজা দিয়ে ডিনার সারলাম।

IMG_20261103_201714.jpg
"আপনার সিটে একা থাকার ইচ্ছা ছিলো তাতানের"
IMG_20261103_201618.jpg
"দুজনেই বেশ আনন্দ পচ্ছিলো আপার সিটে‌‌ বসে।"

কিছুক্ষণ বাদে সকলেই নিজেদের সিট অ্যারেঞ্জ করে শুয়ে পড়লাম। কারণ ট্রেন পরদিন ভোর পাঁচটা‌ কুড়ি নাগাদ পুরীতে পৌঁছানোর কথা ছিলো। আপারের একটা সিট ছিলো আমাদের।

সেখানে কে ঘুমাবে এই বিষয়টি নিয়ে তিতলি এবং তাতনের মধ্যে প্রায় যুদ্ধ শুরু হওয়ার মতো অবস্থা। তাই দু'জনকেই কিছুক্ষণ আপারের সিটে বসে খেলতে দেওয়া হলো। তারপর তাতানকে বুঝিয়ে মিডিল সিটে আনা হলো। আর উল্টোদিকের মিডিল সিটে আমি শুলাম।

দিদি এবং জামাইবাবু একেবারে লোয়ার সিটে ছিলো। তবে মাঝে মধ্যেই ওরা উঠে তাতানকে দেখছিলো। যেহেতু এই প্রথমবার তাতান একা শুয়েছে, তাই দিদির একটু টেনশনে হচ্ছিলো। শোয়ার সাথে সাথেই তো আর ঘুম আসে না। তাই শুয়ে শুয়ে বেশ কিছুক্ষণ গল্প করলাম। ভাবলাম মুহূর্তগুলোকে একটু ক্যামেরা বন্দিও করি।

IMG_20261103_225306.jpg
"তিতলি তখন আমার সিটে আর আমি মিডিল‌ সিটে"

তাই তিতলি ও তাতানের সাথে ছবিও তুললাম। ছবিগুলো কেমন হয়েছে সেটা একেবারেই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিলো না। মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করাই ছিলো উদ্দেশ্য। আর এই লেখাটা লিখতে গিয়ে যখন ছবিগুলো শেয়ার করছি, তখন সেই মুহূর্তগুলোকে আরও একবার মনে করার সুযোগ পেলাম।

IMG_20261103_225227.jpg
"তাতান ও আমি দুজনেই মিডিল সিটে ছিলাম। মাঝখান থেকে আবার দিদি লোয়ার সিট থেকে হাত দিয়ে তাতানকে ধরেছিলো ছবি তোলার সময়।"

যাইহোক এরপর আমরা সকলেই ঘুমানোর চেষ্টা করলাম। যদিও ট্রেনে আমার খুব একটা ভালো ঘুম হয় না। তবুও শুয়ে পড়ার পর কিছুক্ষণ মোবাইল দেখার চেষ্টা করলাম, কিন্তু নেটওয়ার্ক ডিস্টার্ব থাকার কারণে সেটাও দেখতে পারলাম না। তাই ডাউনলোড করা গানগুলোর মধ্যে থেকে, কিছুক্ষণ গান শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। তবে মাঝেমধ্যেই ঘুম ভেঙেছে রাতের বেলায়।

ভোরের দিকে বোধহয় একটু গভীর ঘুমিয়ে পড়েছিলাম। তখনই হঠাৎ করে সকলের কথায় ঘুম ভাঙলো। বুঝলাম আমরা পুরী স্টেশনে পৌঁছে গিয়েছি। কারণ সকলেই তখন ট্রেন থেকে নামার জন্য লাগেজ বের করছে, একে অপরকে ডাকছে। কিছুক্ষণ বাদে দাদাও আমাদেরকে ডেকে তুললো।

এরপর তিতলি ও তাতানকে তোলা হলো। এক এক করে আমাদের লাগেজ বের করা হলো। ধীরে ধীরে আমরাও নেমে পড়লাম ট্রেন থেকে। প্রথমবার পুরী স্টেশনে নেমে এক অন্যরকম ভালোলাগা কাজ করছিলো। তবে আমাদের হোটেলে পৌঁছানো তখনও বাকি ছিলো।

এরপর আমরা কিভাবে হোটেলে পৌঁছালাম এবং প্রথম দিনটা কিভাবে কাটালাম, সেই গল্প আপনাদের সাথে পরবর্তী পোস্টে শেয়ার করবো। যাত্রা শুরুর গল্প এবং ট্রেন জার্নির গল্প আজ এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের যাত্রা শুরুর গল্প, তা মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না।

সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Loading...