অনেক দিন পর একটু সময় পেতেই চলে গিয়েছিলাম আমাদের একটা খুব পছন্দের জায়গায়
নমস্কার বন্ধুরা ,
সকলে কেমন আছেন? আজকে চলে এসেছি আপনাদের সাথে আরও একটি নতুন দিনের গল্প শেয়ার করার জন্য। বিয়ের পর এই আটটা মাস কিভাবে যে কেটে গেল বুঝতেই পারছি না। এখন যেন ঘড়ির কাঁটা টা একটু তাড়াতাড়িই চলে, সময়ের হিসেব রাখতে পারি না। নতুন পরিবেশে, নতুন মানুষজনদের সাথে মানিয়ে নিতে একটু সময় লাগছে। যদিও সকলেই আমার পূর্ব পরিচিত, মানে বিয়ের আগেও অনেকবার এই বাড়িতে এসেছি। তবে সর্বক্ষণ তো থাকা হয়নি। তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে বিস্তর ফারাক। তখন কিছু সময়ের জন্য আসতাম, থাকতাম, গল্প করতাম, খাবার খেতাম, চলে যেতাম। কিন্তু এখন ২৪ ঘন্টাই এই মানুষগুলোর সাথে থাকতে হয়, মানিয়ে নিতে হয়। দুটো সময় এবং পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। আমার এমন কিছু অভ্যাস আছে যা হয়তো ওদের পছন্দ হয় না। বা ওদেরও অনেক বিষয় আমার অপছন্দের। তবুও দিন শেষে আমরা একটাই পরিবার তাই সকলের সাথে মানিয়ে গুছিয়ে চলাই জীবন।
এই সমস্ত কিছুর মাঝে কখনো কখনো সময়টাকে ঠিকভাবে কাজে লাগাতে পারিনা। খুব ইচ্ছে থাকলেও সমস্ত কাজ গুছিয়ে করতে পারিনা। এই প্লাটফর্মেও অনেকদিন সময় দিতে পারি না। জানি ইচ্ছে থাকলেই একটু সময় বের করাই যায়। তবুও যেন মনে হয়, "কিচ্ছু করতে ভালো লাগছে না।" এই করে করেই অনেকদিনই আমার লেখালেখি বন্ধ ছিল। কিন্তু মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করে তাই ঠিক করেছি এবার থেকে যেভাবেই হোক একটু সময় আমি অবশ্যই বের করব এই প্লাটফর্মকে দেওয়ার জন্য। যারা ইতিমধ্যে বিবাহিত কিংবা সদ্য বিবাহিত তারা সকলেই আমার পরিস্থিতি টা বুঝতে পারবেন।
যাইহোক, সংসার সামলানো এবং একই সাথে বাচ্চাদের পড়ানো সবটাই চলছে। তাই এখনো একটু সুযোগে থাকি কোন দিন একটু সময় পাবো এবং বরের সাথে কোথাও ঘুরে আসব। তবে চাইলেই তো সবসময় সেটা হয় না। কিন্তু যেদিন সময় পাই আমরা অবশ্যই একসঙ্গে একটু সময় কাটাই। গতকাল বিকেল বেলায় আমার পড়ানো ছিল না।সেই সময়টাকেই কাজে লাগানোর জন্য আমরা মানে আমি আর আমার বর দুজন মিলে চলে গিয়েছিলাম আমাদের একটা পছন্দের জায়গায়। যেখান থেকেই আমাদের প্রেম পর্বের সূচনা হয়েছিল। এই জায়গাটা আমাদের পুরনো দিনের অনেক সাক্ষী হয়ে আছে। তাই সময় পেলেই আমি এই জায়গাটায় যেতে খুব পছন্দ করি। এই জায়গা সম্পর্কে আপনাদের এর আগেও অনেক ব্লগে আমি জানিয়েছি।
এই জায়গাটা হল দুর্গাশ্রম। এখানে এটি দুর্গা মন্দির রয়েছে সেই সাথে রয়েছে অপূর্ব সুন্দর প্রকৃতি। একটি নদীর ধারেই গড়ে উঠেছে এই সুন্দর মন্দির টি। সুন্দর মনোরম পরিবেশ এবং শান্ত স্নিগ্ধ মন্দিরটি দর্শন করতে অনেক মানুষ এখানে আসে। তবে দুর্গাপূজার সময় এখানে সবচেয়ে বেশি ভিড় হয়। বাকি সারা বছর খুব বেশি ভিড় না হলেও বেশ অনেক মানুষই আসেন। এখানে পৌঁছেই ঠাকুর দর্শন করে আমরা চলে গিয়েছিলাম পাশেই থাকা একটা রেস্টুরেন্টে। প্রতিবারই আমরা এখান থেকে কিছু না কিছু খাবার খাই। এখানে সমস্ত কিছুই নিরামিষ পাওয়া যায়। এই মন্দিরটা যেই সময় থেকে তৈরি হয়েছে তখন থেকেই আমি এই মন্দিরটাই গিয়েছি। তাই এই মন্দিরটাকে ধীরে ধীরে বড় হয়ে উঠতে দেখেছি। আগে এত বড় রেস্টুরেন্ট এখানে ছিল না। খড়ের ছাউনি দেওয়া একটা জায়গা ছিল যেখানে কিছু খাবার পাওয়া যেত। ধীরে ধীরে এতগুলো বছর পেরিয়ে জায়গাটা বেশ জমজমাট হয়ে উঠেছে। সেই সাথে মন্দিরে যেমন সমৃদ্ধি ঘটেছে, ঠিক তেমনি রেস্টুরেন্টেও বেশ বড়সড়ো হয়েছে।
অন্যবার আমরা এখান থেকে মাসালা ধোসা ও লস্যি খাই। তবে এই দিন মনে হল একটু অন্য কিছু খাওয়া যাক। তাই আমরা একটা পনির রোল অর্ডার দিয়েছিলাম। তবে আগে যেহেতু কখনোই এখান থেকে পনির রোল খাইনি তাই কেমন হবে সেটা বুঝতে না পেরে আমরা একটাই অর্ডার দিয়েছিলাম এবং ওটাকেই দুই ভাগ করে দিতে বলেছিলাম। এর সাথে আমরা একটা ধোসাও নিয়েছিলাম। তবে নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। খাবার অর্ডার করার পর আমরা কিছুক্ষণ গল্প করছিলাম। তারপর কিছুক্ষণ বাদে প্রথমে পনির রোলটা দিয়ে গিয়েছিল। প্রথম বাইট নেওয়া মাত্র বুঝতে পারলাম এটা দারুণ খেতে। সত্যিই এত ভালো পনির রোল আগে কখনো খাইনি। এখানকার ধোসা তো প্রথম থেকেই আমার পছন্দের ছিল তবে এখন থেকে পনির রোল টাও পছন্দের তালিকায় যুক্ত হল। আমার বরেরও কিন্তু এটা ভীষণ পছন্দ হয়েছিল। পনির রোল খাওয়ার পরে ধোসাটা দিয়ে গিয়েছিল। সেটাও খেতে দারুণ ছিল।
এরপর আমরা মন্দিরের প্রাঙ্গণে কিছুক্ষণ সময় কাটালাম। ওই নদীর জলে যে শিব ঠাকুর টি প্রতিস্থাপন করা হয়েছে এটা এক কথায় অনবদ্য। সেই দিন আকাশের চাঁদটা যেন সৌন্দর্যটা আরো অনেক গুণ বাড়িয়ে তুলেছিল। বেশ কিছুক্ষণ সেখানে বসে ঠান্ডা হাওয়া খাওয়ার পর আমরা আবার বাড়ি ফিরে এসেছিলাম। আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।