সপ্তমীর সন্ধ্যায় আমাদের শহরের রাজবাড়ির পুজো ঘুরে দেখা

in Incredible India • 17 days ago

নমস্কার বন্ধুরা,

সকলে কেমন আছেন? আজকে চলে এসেছি আপনাদের সাথে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব এর ব্লগ নিয়ে। কলকাতার দুর্গাপূজো সম্পর্কে কমবেশি অন্য রাজ্যের মানুষেরা জানেন। কলকাতায় তো মহালয়ার পরের দিন থেকেই দুর্গাপুজোর ধুম শুরু হয়ে যায়। তবে আমাদের বাড়ি যেহেতু কলকাতা থেকে রেলপথে প্রায় আড়াই থেকে তিন ঘন্টার পথ, তাই এখানে দুর্গাপুজোর ধুম তুলনামূলক একটু কম। আমাদের এখানে দুর্গাপূজোই প্রধানত ঘোরাঘুরি শুরু হয় ষষ্ঠী থেকে। ষষ্ঠী,সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী, এই পাঁচ দিন আমরা দুর্গোৎসবে মেতে থাকি। যদিও আমাদের শহরে আগে দুর্গাপুজো খুব কম দেখা যেত তবে এখন মানুষ আনন্দ করতে ভালবাসে তাই এখন আমাদের এখানে দুর্গাপুজো আগের থেকে বেশ অনেক গুণ বেড়ে গেছে। আজকে আমি আপনাদের সাথে আমার এবং আমার বরের সপ্তমীর ঘোরাঘুরির গল্প শেয়ার করব।

1000529215.jpg

এই বছর যেহেতু দুই দিন ধরে সপ্তমী ছিল, তাই প্রথম দিন আমি বেরিয়েছিলাম আমার বান্ধবীদের সাথে, যেটা আমি ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথম সপ্তমীর দিন সন্ধ্যেবেলায় আর কোথাও ঘুরতে যাওয়ার মত এনার্জি ছিল না। তাই দ্বিতীয় সপ্তমীর দিন সন্ধ্যেবেলায় আমি আর আমার বর ঠিক করেছিলাম বেশ কয়েকটি জায়গায় ঠাকুর দেখতে যাব। তাই দুজনেই চট জলদি রেডি হয়ে গিয়েছিলাম। আমাদের শহরের কাছাকাছি বাদকুল্লা ও তাহেরপুর নামে দুটি জায়গায় প্রতিবছর বেশ ভালো পুজো হয়। তাই আমরা ঠিক করেছিলাম সেই দিন আমরা ওই জায়গাগুলোতে যাব। তবে নিজের শহরের পুজো না দেখে অন্য শহরে যায় কিভাবে? তাই আমি ও আমার বর প্রথমেই চলে গিয়েছিলাম আমাদের শহরের রাজবাড়িতে। রাজবাড়ির পুজো না দেখলে যেন দুর্গাপুজো অসম্পূর্ণ থেকে যায়।

1000529238.jpg

কৃষ্ণনগরের এই রাজবাড়িতে প্রতিবছরই খুব ধুমধাম করে মা রাজরাজেশ্বরীর পুজো হয়ে থাকে। রাজবাড়ির নাট মন্দিরে এই পুজোর আয়োজন করা হয়। কৃষ্ণনগরের রাজবাড়ির এই ঠাকুর দালান সারা বছর সাধারণ মানুষের জন্য খোলা থাকে না। দুর্গাপুজোর এই পাঁচটি দিন আর রাজবাড়ির মাঠে আয়োজিত এক মাস ব্যাপী 'বারোদোল' মেলার প্রথম তিনদিন নির্দিষ্ট সময়ের জন্য সাধারণ জনগণদের জন্য রাজবাড়ির এই নাট মন্দির খোলা থাকে। তাই এই দিনগুলোতে প্রচুর মানুষ এখানে এসে জমা হন। তাছাড়া নিজের শহরের প্রতি প্রত্যেকটা মানুষেরই একটা বিশেষ আকর্ষণ থাকে। সেই আকর্ষণের টানেই প্রত্যেকে অন্য জায়গায় যাক কিংবা না যাক রাজ বাড়িতে অবশ্যই আসে।

1000519360.jpg

প্রতিবছরের ন্যায় এই বছরও পুজোর আয়োজন করা হলেও এই বছর রাজবাড়িতে একটা শোকের ছায়া ছিল। কারণ কয়েক মাস হল কৃষ্ণনগরের বর্তমান রাজা পরলোকগমন করেছেন। যার ফলে এই পুজোর ব্যাপারে সবচেয়ে তৎপর যিনি ছিলেন অর্থাৎ রানী মা তিনি খুবই মনমরা ছিলেন। প্রতিবছর দশমীর দিন এই রাজবাড়ীতে বহু মানুষের সমাগম হয় এবং সকলে মিলে রানী মায়ের সাথে সিঁদুর খেলে। এই দৃশ্য যে কি অপরূপ লাগে তা নিজে চোখে না দেখলে বিশ্বাস হবে না। তবে এই বছর যেহেতু মহারাজা মারা গেছেন তাই রাণী মা আর সিঁদুর খেলতে পারবেন না। সেই জন্য তিনি এই বছর রাজবাড়িতে সিঁদুর খেলার অনুমতি দেননি। এই বিষয়টা সকলেই মন থেকে উপলব্ধি করতে পেরেছেন যে কতটা দুঃখের সাথে রাণীমা এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এটাও বলেছেন যে ওনার পরে যে রাণী মা হবেন তিনিই আবার সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী বছরগুলোতে রাজবাড়িতে সিঁদুর খেলা হবে কিনা।

1000519357.jpg

মা রাজরাজেশ্বরী কে দর্শন করে সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। তবে আমরা যেহেতু আরো বেশ কয়েকটি জায়গায় যাব বলে বেরিয়েছিলাম তাই শেষমেশ আমাদের মা রাজ রাজেশ্বরী কে বিদায় জানাতে হয়েছিল। যারা আমার ব্লগ পড়েন তারা অবশ্যই জানেন যে আমি ঐতিহাসিক জায়গা ভীষণ পছন্দ করি। আমাদের শহরের এই রাজবাড়িটিও বহু প্রাচীন। তাই এখানে এলেই ইতিহাসে নানা ঘটনা যেন চোখের সামনে ফুটে ওঠে। এখানে আলমারি তে রাখা সেই সময়কার নানা রকম জিনিস দেখলে শরীরে শিহরণ জাগে। যাই হোক, সেখান থেকে বেরোনোর পথে বেশ কয়েকজনের সঙ্গে দেখা হয়েছিল। তাদের সাথে কথা বলে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য স্থলের উদ্দেশ্যে।

1000529240.jpg

আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Sort:  
Loading...

SC04.jpg

Curated by @cruzamilcar63