ভাইফোঁটার সকাল

in Incredible India • 3 days ago

নমস্কার বন্ধুরা,

সকলে কেমন আছেন? আজকে চলে এসেছি আপনাদের সাথে ভাই ফোঁটার দিনের সকাল এর গল্প শেয়ার করার জন্য। ভাইফোঁটার দিন আমাদের সকাল শুরু হয়েছিল ৭ টা থেকে। ৭ টার সময় ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি মা ইতিমধ্যে ঘুম থেকে উঠে সকালের কাজকর্ম শুরু করে দিয়েছে। এই দিক থেকে আমি নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করি যে শ্বশুর বাড়িতে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার কোনো বাধ্যবাধকতা নেই। আমার উঠতে দেরি হলে শাশুড়ি মা নিজেই সমস্ত কাজকর্ম করে নেয়। যদিও আমার প্রত্যেক দিনই সকালবেলায় পড়ানো থাকে তাই সকালে তাড়াতাড়ি উঠতেই হয়। তবে যেদিন পড়ানো থাকেনা সেই দিনগুলোতে ঘুম থেকে উঠতে একটু দেরিই হয়ে যায়। তবে সেই নিয়ে কোনদিন শাশুড়ি মা কোনো কুমন্তব্য করেননি।

1000540320.jpg

ঘুম থেকে উঠেই বরকেও ঘুম থেকে তুলে দিয়েছিলাম। আমার বর সকাল বেলায় একদমই তাড়াতাড়ি উঠতে পারে না। তবে যেহেতু সকাল বেলায় ওর মামার মেয়ে ওকে ভাইফোঁটা দিতে আসবে তাই উঠে পড়েছিল। তার পর ঘরটা গুছিয়ে নিয়েছিলাম। সকালের আর যা যা কাজ ছিল সব করে স্নান করে নিয়েছিলাম। আমার বরও স্নান করে নিয়েছিল। তারপর ভাইফোঁটা আয়োজনে লেগে পড়েছিলাম। কিছুক্ষণ বাদেই মামি শাশুড়ি ও ছোটো ননদ চলে এসেছিল আমার বর কে আর মাসি শাশুড়ির ছেলেকে ফোঁটা দেওয়ার জন্য। প্রতিবছর এই বাড়িতেই ভাইফোঁটার আয়োজন করা হয় আর সকলে এক জায়গায় মিলিত হয়ে ভাইফোঁটা পালন করে।

1000540321.jpg

মামি শাশুড়ি যেহেতু ওনার ভাইকে ফোঁটা দেওয়ার জন্য বাবার বাড়ি যান তাই প্রতিবছর ছোট ননদ সকাল সকাল দাদাদের ফোঁটা দিয়ে যায়। ফোঁটা দেওয়ার জন্য ওরা নিজেরাই মিষ্টি কিনে এনেছিল। আমি সেগুলো সুন্দর করে প্লেটে সাজিয়ে দিয়েছিলাম। তারপর দুজনেই ফোঁটা নেওয়ার জন্য বসে পড়েছিল। ছোটো ননদ প্রথমে আমার বরকে ফোঁটা দিয়েছিল। ভাই ফোঁটারও বিভিন্ন নিয়ম থাকে, যেমন- প্রথমে বাঁ হাতে অল্প সরষের তেল দিয়ে দাদা বা ভাইদের মাথায় দিয়ে দিতে হয়, তারপর বা হাত দিয়েই চিরুনি দিয়ে মাথা আঁচড়ে দিতে হয়। এরপর পান, সুপারি, পৌঁতে দাদা বা ভাইদের হাতে দিতে হয়। এরপর কপালে চন্দনের ফোঁটা দিতে হয়। ফোঁটা দেওয়ার সময় আমরা একটা ছড়া বলি--- "ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।" এই মন্ত্রটি তিনবার মুখে বলতে হয় এবং বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে তিনবার চন্দনের ফোঁটা ভাই বা দাদার কপালে দিতে হয়।

1000540318.jpg

এরপর প্রদীপের শিখা মাথায়, বুকে ও গালে ছোঁয়াতে হয়। তারপর দাদা-বোনেরা একে অপরকে মিষ্টি ও জল খাওয়ায়। তারপর হয় গিফ্ট এক্সচেঞ্জ এর পালা। ননদ আমার বরকে কিছু কিনে নেওয়ার জন্য টাকা দিয়েছিল, আর আমার বর ওর জন্য কিনে রাখা ড্রেস মেটেরিয়ালস টা দিয়েছিল। এরপর একই রকম ভাবে আমার আর এক দেওরকেও ননদ ভাইফোঁটা দিয়েছিল। তারপর ওরাও গিফ্ট এক্সচেঞ্জ করল। অত সকালে তখনও লুচি করা হয়ে ওঠেনি। আর মামি শাশুড়িরা যেহেতু অনেক দূর যাবে তাই ওরা আর অপেক্ষা করতে পারছিল না কারণ ট্রেনের সময় হয়ে আসছিল। তাই মিষ্টিমুখ করেই ওরা রওনা হয়েছিল।

1000540323.jpg

এই ভাবেই সকালটা শুরু হয়েছিল। যদিও এখনো অনেক কিছু বাকি ছিল। সেই সব কিছু আপনাদের সাথে একে একে শেয়ার করব। আজ তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Sort:  


Curated by: adeljose

Loading...