সপ্তমীর দুপুরে প্রাণের বান্ধবীদের সাথে.....
নমস্কার বন্ধুরা,
সকলে কেমন আছেন? আবারও চলে এসেছি আপনাদের আমার গত পোস্টের বাকি পর্ব টুকু শেয়ার করার জন্য। আগের পর্বে আমি জানিয়েছিলাম কীভাবে আমরা, মানে আমি এবং আমার আরও তিনজন বান্ধবী সময় বের করেছিলাম সপ্তমীর দিন ঘুরতে যাওয়ার জন্য। আজকে আমি শেয়ার করবো আমরা সেই দিনটি কীভাবে উপভোগ করেছিলাম এবং অনেকদিন বাদে একে অপরের সাথে দেখা হওয়ার পর আমরা কীভাবে দিনটি কাটিয়েছিলাম এই সমস্ত বিষয়গুলো। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।
দুর্গাপুজোর সপ্তমীর দিন দেখা করব বলে ঠিক হলেও, কোথায় দেখা করব এই বিষয় নিয়ে আমাদের মধ্যে অনেক রকমের মতবিরোধ ছিল। এক এক জন এক একটা রেস্টুরেন্টের নাম বলছিল। যার ফলে কোথায় দেখা করব এই বিষয় নিয়ে আমাদের অনেক আলোচনা করতে হয়েছে। অবশেষে আমরা ঠিক করলাম আমাদের শহরের সবচেয়ে বড় যে রেস্টুরেন্ট আছে (Mother's Hut) সেখানেই যাবো। যেহেতু পুজোর মধ্যে ওই রেস্টুরেন্টে প্রচন্ড ভিড় হয় তাই আমরা সন্ধ্যে কিংবা রাতে যেতে চাইছিলাম না। তাই আমরা দেখা করার জন্য দুপুরে সময়টাকেই বেছে নিয়েছিলাম। আমরা ঠিক করেছিলাম বারোটার মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব।
সেই মতো সপ্তমীর দিন দুপুর বারোটার মধ্যে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী একটা জায়গায় দেখা করি তারপর গাড়ি ভাড়া করে আমরা সাড়ে বারোটার মধ্যে Mother's Hut পৌঁছে যাই। সেখানে গিয়ে দেখি ইতিমধ্যে বেশ ভিড় জমেছে। আমরা যেতেই একজন স্টাফ এসে আমাদের মধ্যে একজনের মোবাইল নাম্বার নিল এবং আমাদের টোকেন নম্বর হোয়াটসঅ্যাপ এ পাঠিয়ে দিল। সেই সাথে উনি বলে দিলেন আপনাদের টোকেন নাম্বার ২৮৬, আপনাদের এক্ষুনি ডাকা হবে। তখনো আমি whatsapp খুলে ওদের পাঠানো মেসেজটা দেখিনি। এরপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ বাদে ২৬৮ নম্বর অ্যানাউন্স করলো। এটা শুনে একটু খটকা লাগলো কারণ ওই স্টাফ টা বলেছিল এক্ষুনি আমাদের টোকেন নম্বর announce করবে। তখন আমি হোয়াটসঅ্যাপ খুলে দেখলাম আমাদের টোকেন নাম্বার ২৬৮, ২৮৬ নয়, উনি হয়তো ভুল করে ২৮৬ বলেছিলেন। যাই হোক, আমরা কাউন্টারে গিয়ে আমাদের টোকেন নাম্বার বলাই, উনি আমাদের জন্য সিট arrange করে দিয়েছিলেন।
প্রথমে যেতেই আমরা আগে খাবার অর্ডার করেছিলাম। কারণ অন্য সময় খাবার ডেলিভার করতে ওরা বেশ খানিক সময় নিয়ে নেয়। তবে এই খাবার অর্ডার করতে গিয়ে আরও ঝামেলায় পড়তে হয়েছিল কারণ, সেই দিনটা ছিল শনিবার। আর শনিবারে আমি সহ আর একজন বান্ধবী নিরামিষ খাই। তবে নিরামিষ এর মধ্যে ভালো আইটেম খুঁজে পাচ্ছিলাম না। যেহেতু এর আগে রেস্টুরেন্টে এসে কখনোই veg item খাইনি, তাই কোনটা ভালো হবে সেটা বুঝতেই পারছিলাম না। যাইহোক অবশেষে সকলের সম্মতি অনুযায়ী আমরা দুটো স্টার্টার অর্ডার দিয়েছিলাম। একটা ছিল মাশরুম এর আইটেম আর একটা ছিল চিলি বেবি কর্ন। তবে যখন খাবারটা আমাদের দিল তখন আমরা বেশ অনেকক্ষণ হেসেছিলাম কারণ দুটো খাবারের মধ্যেই রসুন, পেঁয়াজ ছিল। রসুন, পেঁয়াজ এই দুটো জিনিসকেই আমরা আমি হিসেবে মানি। তাই নিরামিষ আইটেম অর্ডার করার পরেও সেই খাবারের মধ্যে রসুন, পেঁয়াজ কে আবিষ্কার করতে পেরে আমরা খুব হেসে ছিলাম। যদিও আমরা কিন্তু খাবার অর্ডার করার আগে একজন স্টাফকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম। তারপরেও এইসব দেখে অবাক হয়েছিলাম। যাইহোক, অর্ডার যখন করেই ফেলেছিলাম তখন আর কিছু করার ছিল না। তাই সকলে ভাগ করে খেয়েছিলাম।
এখানেই শেষ নয়, এরপরে আরো অনেক চমক বাকি ছিল। যেগুলো আমি আপনাদের পরবর্তী পোস্টে শেয়ার করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।