কন্ট্রোল!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার না সত্যি বলতে নিজেকে কন্ট্রোল করাটা মাঝেমধ্যে আমার দ্বারা প্রায় অসম্ভব মনে হয় আজকাল।মানে বিশেষ করে কিছু কিছু মানুষের চিন্তাভাবনা আর ব্যবহার দেখলে আমি আর সহ্য করতে পারি না।মানে কিছু মানুষের কথা শুনলে মনে হয় এরা কীভাবে এমন চিন্তা করে!একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে কীভাবে এত খারাপ ব্যবহার করতে পারে,কীভাবে এত ফালতু কথা বলতে পারে সেটা আমার মাথায় আসে না।আর সবচেয়ে বেশি বিরক্ত লাগে যখন দেখি, মানুষ নিজের ভুল বুঝতে চায় না বরং উল্টো এমনভাবে কথা বলে যেনো তার চেয়ে সঠিক আর কেউ নেই।আসলে আমরা সবাই যে একইভাবে চিন্তা করবো এমনটা তো না।প্রত্যেক মানুষের চিন্তাভাবনা আলাদা হবে এটাই স্বাভাবিক।কিন্তু আলাদা চিন্তাভাবনা থাকার মানে এই না যে যা ইচ্ছা তাই বলা যাবে বা অন্য মানুষকে অসম্মান করা যাবে।মানে কিছু মানুষ আছে যারা নিজের মতামত প্রকাশ করতে গিয়ে অন্যের সম্মানটুকুও রাখতে চায় না।এমনভাবে কথা বলে যেনো সামনে থাকা মানুষটার কোনো অনুভূতি নেই।ওদের কাছে নিজের কথাটাই শেষ কথা।অন্য কেউ কিছু বলতে গেলে সেটাও শুনতে চায় না।তখন সত্যিই নিজের রাগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়।
আর আমার কাছে সবচেয়ে বিরক্তিকর লাগে মানুষের এই অযৌক্তিক আচরণগুলো।কোনো একটা বিষয় নিয়ে সুন্দরভাবে আলোচনা করা সম্ভব।অথচ কিছু মানুষ সেটাকে এমন জায়গায় নিয়ে যায় যে কথা বলার পরিবেশটাই নষ্ট হয়ে যায়।একটু ভিন্ন মত হলেই তর্ক শুরু করে দেয় আবার কেউ নিজের ভুল ধরিয়ে দিলে সেটা মেনে নেওয়ার বদলে উল্টো বেয়াদবি করতে শুরু করে।তখন মনে হয় যে কিছু মানুষকে আসলে বোঝানোই সম্ভব না।কারণ বোঝার ইচ্ছা না থাকলে যত সুন্দর করেই কথা বলা হোক না কেনো তাতে কোনো লাভ হয় না।আর একটা বিষয় আমি বুঝি সবকিছুর প্রতিক্রিয়া সঙ্গে সঙ্গে দেখানোও ঠিক না।রাগের মাথায় এমন অনেক কথা বলে ফেলি যেগুলো পরে নিজের কাছেই খারাপ লাগে।হয়তো তখন মনে হয় যে মানুষটাকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছি।কিন্তু দিনশেষে নিজের মানসিক শান্তিটাই নষ্ট হয় যে মানুষটার আচরণে বিরক্ত হয়েছি,তার কথা নিয়ে চিন্তা করতে করতেই নিজের অনেকটা সময় চলে যায়।অথচ সে হয়তো নিজের মতোই আছে আমার রাগ বা কষ্ট নিয়ে তার কোনো চিন্তাই নেই।
তাই এখন আমার মনে হয় যে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করাটা খুব ইম্পর্ট্যান্ট।এর মানে এই নয় যে অন্যায় দেখেও চুপ করে থাকতে হবে কিংবা সবকিছু মেনে নিতে হবে বরং কোথায় প্রতিবাদ করতে হবে আর কোথায় চুপ থেকে দূরে সরে আসতে হবে সেটা বুঝতে হবে।কাউকে নিজের সীমা বুঝিয়ে দেওয়া দরকার হলে অবশ্যই দেওয়া উচিত।কিন্তু এমন মানুষের জন্য নিজের মেজাজ আর শান্তি নষ্ট করার কোনো মানে নেই যে নিজের আচরণ পরিবর্তন করতেই চায় না।দিনশেষে সব মানুষকে নিজের চিন্তাভাবনা অনুযায়ী চালানো সম্ভব না।কিছু মানুষের কথা আমাদের ভালো লাগবে না,কিছু মানুষের আচরণ আমাদের প্রচণ্ড বিরক্ত করবে।কিন্তু তাদের কারণে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ক্ষতিটা শেষ পর্যন্ত আমাদেরই হবে।তাই রাগ হওয়াটা স্বাভাবিক হলেও সেই রাগের কারণে নিজের ক্ষতি না করাটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট।