পৈশাচিক আনন্দ!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমি না দেখেছি জানেন কিছু কিছু এমন মানুষ আছে যারা সবসময় অন্য মানুষকে নিচু দেখাতে পছন্দ করে।মানে সুযোগ পেলেই এমন কিছু কথা বলবে, এমন কিছু আচরণ করবে যাতে অন্য মানুষটা ছোট হয়ে যায়।সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এসব করে তাদের আসলে নিজের কোনো লাভ হয় না।তারপরও ওরা অন্যকে ছোট করে একধরনের আনন্দ পায়। আমার কাছে বিষয়টা খুবই অদ্ভুত লাগে।কারণ একজন মানুষকে ছোট করে নিজেকে বড় প্রমাণ করার মধ্যে আসলে কী ধরনের আনন্দ আছে সেটা আমি বুঝতে পারি না।আর আমাদের আশেপাশে এমন অনেক মানুষ থাকে যারা অন্যের ভালো কিছু দেখলে সেটা সহজভাবে মেনে নিতে পারে না।কেউ ভালো কিছু করলে তার প্রশংসা করার বদলে কীভাবে তাকে ছোট করা যায় সেটাই ভাবতে থাকে।কেউ কোনো কাজে সফল হলে তার ভুল খুঁজে বের করবে।কেউ নিজের মতো করে জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করলে তাকে নিয়ে হাসাহাসি করবে।এমনকি কেউ কোনো বিষয়ে একটু দুর্বল হলেও সেটা নিয়ে বারবার কথা বলবে।ওদের আচরণ দেখে মনে হয় যে অন্য মানুষকে ছোট করতে পারলেই যেন তারা অনেক বড় কিছু অর্জন করে ফেলেছে।

কিন্তু আমার মনে হয় যে এই ধরনের মানুষের উদ্দেশ্য সবসময় নিজের উন্নতি করা না।কারণ নিজের উন্নতি করতে হলে নিজের কাজের দিকে মনোযোগ দিতে হয় নিজের ভুলগুলো বুঝতে হয় এবং সেগুলো ঠিক করার চেষ্টা করতে হয়।অথচ কিছু মানুষ এসব না করে অন্যের ভুল নিয়ে ব্যস্ত থাকে।ওরা চায় যে অন্য মানুষটা যেন আত্মবিশ্বাস হারিয়ে ফেলে,নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করতে শুরু করে বা নিজেকে অন্যদের চেয়ে কম মনে করে।অন্য একজনকে মানসিকভাবে দুর্বল করে দিয়ে ওরা যে আনন্দ পায় সেটাই তাদের কাছে বড় হয়ে ওঠে।আর সবচেয়ে খারাপ লাগে তখন যখন এমন আচরণ কাছের মানুষদের কাছ থেকে আসে।যাদের কাছ থেকে একটু ভালো ব্যবহার আশা করি তারাই যখন বারবার ছোট করার চেষ্টা করে।তখন সেটা মেনে নেওয়া কঠিন হয়ে যায়।অনেক সময় আমরা তাদের কথাকে গুরুত্ব দিয়ে নিজের ওপর সন্দেহ করতে শুরু করি।ভাবতে থাকি যে হয়তো সত্যিই আমাদের মধ্যে কোনো যোগ্যতা নেই হয়তো আমরা কিছুই পারি না।অথচ অন্য একজনের ছোট করার মানসিকতা দিয়ে নিজের যোগ্যতা বিচার করা একদমই উচিত না।

আর আমার কাছে মনে হয় যে মানুষকে ছোট করে কেউ কখনো সত্যিকারের বড় হতে পারে না। একজন মানুষের আসল পরিচয় তার ব্যবহারেই প্রকাশ পায়। অন্যের দুর্বলতা নিয়ে হাসাহাসি না করে তাকে সাহায্য করা অন্যের ভালো কিছু দেখে খুশি হওয়া আর সবাইকে সম্মান দিয়ে কথা বলার মধ্যেই মানুষের সুন্দর মানসিকতার পরিচয় পাওয়া যায়।তাই যারা সবসময় অন্যকে নিচু দেখানোর চেষ্টা করে ওদের কথায় নিজের আত্মবিশ্বাস নষ্ট করা উচিত না। প্রয়োজন হলে ওদের সঙ্গে দূরত্ব রাখা উচিত আর নিজের সীমারেখা বুঝিয়ে দেওয়া উচিত।কারণ সবার কথার উত্তর দেওয়া কিংবা সবাইকে নিজের যোগ্যতা প্রমাণ করে দেখানো আমাদের দায়িত্ব না। আমাদের উচিত নিজের কাজের দিকে মনোযোগ দেওয়া এবং নিজের উন্নতির চেষ্টা চালিয়ে যাওয়া।অন্যকে ছোট করে কেউ আনন্দ পেলে সেটা তার মানসিকতার পরিচয় আমাদের যোগ্যতার না।

ABB.gif