কথায় সমাধান!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
সুন্দরভাবে কথা বললে আসলে অনেক কিছুই সমাধান করা যায়।আমাদের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে একটু বুঝিয়ে বলা অন্যের কথা মন দিয়ে শোনা আর ঠান্ডা মাথায় কথা বললেই সমস্যাটা সহজ হয়ে যায়।কিন্তু কিছু মানুষ আছে যারা কোনো কিছু সহজভাবে নিতে চায় না।আসলে সবকিছুতেই তারা ঝামেলা খুঁজে বের করে।একটা ছোট বিষয়কেও এমনভাবে বড় করে তোলে যে শেষ পর্যন্ত সেটা নিয়ে অশান্তি শুরু হয়ে যায়।আমার কাছে মনে হয় যে মানুষের কথা বলার ধরন অনেক গুরুত্বপূর্ণ।কারণ একই কথা একেকজন একেকভাবে বলতে পারে।কেউ সুন্দরভাবে বুঝিয়ে বলে আবার কেউ এমনভাবে বলে যেনো সামনের মানুষটাকে ছোট করাই তার মূল উদ্দেশ্য।অথচ কথাটা একটু সুন্দর করে বললে হয়তো কোনো সমস্যাই হতো না।অনেক সময় আমরা অন্যের কথায় কষ্ট পাই কথাটার জন্য যতোটা তার চেয়ে বেশি কষ্ট পাই বলার ধরন দেখে।তাই কথা বলার সময় নিজের ভাষা আর আচরণের দিকে খেয়াল রাখা খুব দরকার।
কিন্তু সমস্যা হচ্ছে কি সবাই শান্তিতে থাকতে চায় না।কিছু মানুষ আছে যারা কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেয়ে তর্ক করতেই বেশি পছন্দ করে।ওদের সাথে সুন্দরভাবে কথা বলতে গেলেও তারা কথার মধ্যে অন্য অর্থ খুঁজে বের করে।ভালোভাবে কিছু বোঝাতে গেলে সেটাকেও ভুলভাবে উপস্থাপন করে।এমনকি নিজের ভুল থাকলেও সেটা স্বীকার করতে চায় না বরং কীভাবে অন্যের ওপর দোষ চাপানো যায় সেই চেষ্টাই করতে থাকে।আর এই ধরনের মানুষের সঙ্গে কথা বলতে গেলে অনেক সময় নিজের ধৈর্যের পরীক্ষা দিতে হয়।কারণ একটা পর্যায়ে গিয়ে মনে হয় যে আর কতবার একই কথা বুঝিয়ে বলব! যেখানে সহজেই বিষয়টা সমাধান করা সম্ভব সেখানে অযথা তর্ক করে সময় নষ্ট করার কোনো মানে হয় না।কিন্তু তাই বলে সব পরিস্থিতিতে চুপ থাকাও সমাধান না।নিজের অবস্থানটা শান্তভাবে পরিষ্কার করে বলা দরকার।এরপরও কেউ যদি ইচ্ছা করে ঝামেলা তৈরি করতে চায়।তাহলে তার সঙ্গে তর্ক বাড়িয়ে না নিয়ে সেখান থেকে সরে আসাই ভালো।
আমাদের একটা বিষয় মনে রাখা উচিত সুন্দরভাবে কথা বলা মানে দুর্বল হওয়া না।নিজের রাগ নিয়ন্ত্রণ করে অন্যকে সম্মান দিয়ে নিজের কথা বোঝাতে পারাটা অনেক বড় একটা গুণ।সব কথার উত্তর দিতে হবে এমন কোনো নিয়ম নেই।কেউ যদি সমস্যার সমাধান না চেয়ে শুধু ঝামেলা করতে চায়।তাহলে তাকে বারবার বোঝানোর দায়িত্বও আমাদের না।লাইফে শান্তিতে থাকতে হলে আমাদের বুঝতে হবে কোথায় কথা বলতে হবে আর কোথায় থেমে যেতে হবে।কারণ সব সমস্যার সমাধান তর্ক করে হয় না।অনেক সমস্যার সমাধান হয় সুন্দর ব্যবহার আর একটু বোঝাপড়ার মাধ্যমে আবার কিছু সমস্যা তৈরি হয় শুধু মানুষের খারাপ মনোভাবের কারণে।তাই সবকিছু নিজের কাঁধে নিয়ে অশান্তিতে থাকারও কোনো প্রয়োজন নেই।আর আমরা যদি একে অপরের সঙ্গে একটু সুন্দরভাবে কথা বলতে শিখি।তাহলে অনেক ভুল বোঝাবুঝি এমনিতেই কমে যাবে।সম্পর্কগুলোও ভালো থাকবে।কিন্তু সেই চেষ্টা দুই দিক থেকেই থাকতে হবে।একজন বারবার সুন্দরভাবে কথা বলবে আর অন্যজন বারবার ঝামেলা তৈরি করবে এমন পরিস্থিতিতে সম্পর্ক ঠিক রাখা কঠিন।তাই সুন্দরভাবে কথা বলার পাশাপাশি নিজের মানসিক শান্তি রক্ষা করাটাও জরুরি।

