ব্যর্থ হওয়াটাই সমস্যার না!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আসলে একটা বিষয় হচ্ছে ব্যর্থ হওয়াই কিন্তু সবসময় শেষ না!আমরা অনেক সময় কোনো একটা কাজে ব্যর্থ হলে মনে করি,সবকিছু বুঝি শেষ হয়ে গেলো।এতো চেষ্টা করলাম,এতো সময় দিলাম।তারপরও সফল হতে পারলাম না।তখন নিজের ওপরই অনেক রাগ হয়,মন খারাপ হয় এমনকি পরবর্তী সময়ে নতুন কিছু করার সাহসটাও হারিয়ে ফেলি।কিন্তু আসলে একটা কাজে ব্যর্থ হওয়া মানেই জীবনে আর কিছু করার সুযোগ নেই এমনটা ও না।আমাদের লাইফে সবকিছু সবসময় পরিকল্পনা অনুযায়ী হবে না।কখনো অনেক চেষ্টা করার পরও প্রত্যাশিত ফলাফল পাওয়া যাবে না।কখনো নিজের পছন্দের সুযোগটা হাতছাড়া হয়ে যাবে আবার কখনো এমন কোনো সিদ্ধান্ত নিতে হবে যেটার ফলাফল আমাদের মনমতো হবে না।এসব পরিস্থিতিতে কষ্ট হওয়াটা স্বাভাবিক।কারণ আমরা যখন কোনো কিছু মন থেকে চাই।তখন সেটার সঙ্গে অনেক আশা জড়িয়ে থাকে।
তাই সেই আশা পূরণ না হলে খারাপ লাগবেই।কিন্তু সেই খারাপ লাগাটাকে নিজের লাইফের শেষ সিদ্ধান্ত বানিয়ে ফেলা ঠিক না।আসলে ব্যর্থতা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা শেখার আছে সেটা হচ্ছে নিজের ভুলগুলো বুঝতে পারা।আমরা কোনো কাজে সফল না হলে শুধু হতাশ হয়ে বসে থাকলে সেখান থেকে নতুন কিছু শেখা সম্ভব না।তো কেনো কাজটা ঠিকমতো হলো না,কোথায় ভুল ছিলো।আরেকবার সুযোগ পেলে কীভাবে চেষ্টা করা যায় এসব নিয়ে ভাবা দরকার।কারণ প্রতিটা অভিজ্ঞতা থেকেই কিছু না কিছু শেখার সুযোগ থাকে।আজকে যে কাজটা করতে গিয়ে ভুল হলো সেই ভুল থেকেই হয়তো পরবর্তী সময়ে আরও ভালোভাবে কাজ করার অভিজ্ঞতা তৈরি হবে।আবার অন্যদের সঙ্গে নিজের জীবন তুলনা করাটাও আমাদের হতাশার একটা বড় কারণ।আশেপাশের মানুষকে সফল হতে দেখলে মনে হয় যে সবাই কতো সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে শুধু আমিই পিছিয়ে আছি।কিন্তু বাইরে থেকে কারো জীবন দেখে তার সব সংগ্রাম বোঝা যায় না।কে কতোবার ব্যর্থ হয়েছে,কতোটা কষ্টের মধ্যে দিয়ে গেছে সেগুলো আমরা সবসময় জানি না।তাই অন্য কেউ সফল হয়েছে বলে আমারও একই সময়ে সফল হতে হবে এমন কোনো নিয়ম নেই।প্রত্যেকের জীবনের পরিস্থিতি আলাদা এগিয়ে যাওয়ার গতিও আলাদা।
আর ব্যর্থ হওয়ার পর আবার চেষ্টা করার জন্য নিজের মনের মধ্যে সাহস রাখতে হবে।প্রথমবার পারিনি বলে দ্বিতীয়বারও পারব না এমনটা ভাবার কোনো কারণ নেই।অবশ্য একই ভুল বারবার না করে নিজের প্রস্তুতি ও পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে।কখনো নিজের লক্ষ্য অনুযায়ী আরও সময় দিতে হবে আবার কখনো নতুনভাবে পরিকল্পনা করতে হবে।প্রয়োজনে লক্ষ্য অর্জনের পথটাও পরিবর্তন করতে হতে পারে।কিন্তু একটা জায়গায় সফল হতে না পারলেই যে জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে বিষয়টাও এমন না।কিন্তু এটাও মনে রাখতে হবে যে সব ব্যর্থতার পর সঙ্গে সঙ্গে আবার উঠে দাঁড়ানো সম্ভব হয় না।কখনো নিজের মনকে সময় দিতে হয়।কিছুটা বিশ্রাম নিতে হয় নিজের কষ্টটাকে বুঝতে হয়।সবসময় শক্ত থাকার অভিনয় করার প্রয়োজন নেই।মন খারাপ হলে মন খারাপ হবে,হতাশ লাগলে সেটাও স্বাভাবিক।কিন্তু একটা সময় নিজেকে আবার গুছিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে।আর লাইফে সফল হওয়ার পাশাপাশি ব্যর্থতাকে মেনে নেওয়ার মানসিকতাও থাকা দরকার।কারণ আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না।অনেক সময় নিজের সর্বোচ্চ চেষ্টা করার পরও ফলাফল আমাদের পক্ষে আসে না।তাই বলে সেই চেষ্টার কোনো মূল্য নেই এমনটা ভাবা উচিত না।
লাইফে একটা দরজা বন্ধ হয়ে গেলে অন্য কোনো দরজা খোলার সুযোগও থাকতে পারে।আজকের ব্যর্থতা হয়তো আগামী দিনের সফলতার জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা তৈরি করবে।তাই ব্যর্থ হলে নিজেকে ছোট করে দেখা বা নিজের যোগ্যতা নিয়ে সবসময় প্রশ্ন তোলা ঠিক না বরং নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে আবার সামনে এগিয়ে যেতে হবে। কারণ ব্যর্থ হওয়া জীবনের একটা অংশ।কিন্তু সেই ব্যর্থতার কারণে নিজের সব সম্ভাবনাকে শেষ করে দেওয়াটা কখনোই ঠিক না।

