কতোটা জানি!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
একটা ব্যাপার কি আমার মাঝেমধ্যে একটা বিষয় ভেবে সত্যিই অবাক লাগে যে আমরা আমাদের চারপাশের কিছু মানুষকে নিয়ে এমনভাবে ভাবি যেনো ওদের সম্পর্কে সবকিছুই আমরা জানি।ওদের স্বভাব জানি,ওদের পছন্দ অপছন্দ জানি,ওরা কীভাবে চিন্তা করে সেটাও জানি এমনকি কোনো পরিস্থিতিতে তারা কী করবে সেটাও আমরা আগে থেকেই ধরে নিই।কিন্তু আসলে সত্যিটা হচ্ছে আমরা একজন মানুষ সম্পর্কে যতোটা জানি বলে মনে করি বাস্তবে তার খুব অল্প একটা অংশই আমরা জানি।আর একজন মানুষের সাথে প্রতিদিন কথা বললেই যে তাকে পুরোপুরি চেনা হয়ে যায় এমনটা আসলে না।আমরা একজন মানুষের কিছু আচরণ দেখি,কিছু কথা শুনি,কিছু পরিস্থিতিতে তার ব্যবহার দেখি।তারপর সেগুলো মিলিয়েই তার সম্পর্কে একটা ধারণা তৈরি করে ফেলি।কিন্তু সেই মানুষটার মনের মধ্যে কী চলছে সে কোন বিষয় নিয়ে চিন্তিত,কোন কষ্টটা কাউকে বলছে না,কোন পরিস্থিতির কারণে তার আচরণ বদলে যাচ্ছে এগুলোর অনেক কিছুই আমাদের অজানা থেকে যায়।
অনেক সময় এমনও হয় যে যাকে আমরা অনেক বছর ধরে চিনি বলে মনে করি কোনো একটা পরিস্থিতিতে গিয়ে তার এমন একটা দিক দেখতে পাই যেটা আগে কখনো দেখিনি।তখন মনে হয় কি এতদিন তাহলে মানুষটাকে আমরা আসলে কতোটুকুই বা চিনেছি।আবার কখনো এমন মানুষও থাকে যাকে শুরুতে একরকম মনে হয়েছিলো সময়ের সাথে সাথে তার সম্পর্কে আমাদের ধারণা পুরোপুরি বদলে যায়।আসলে মানুষকে বোঝার জন্য শুধু তার ভালো সময়ের আচরণ দেখলেই হয় না।তার খারাপ সময়ের আচরণ,চাপের মধ্যে তার ব্যবহার,অন্য মানুষের সাথে তার আচরণ,নিজের ভুলের ক্ষেত্রে তার অবস্থান,অন্যের সাফল্যকে সে কীভাবে নেয় বা দুর্বল মানুষের সাথে কেমন ব্যবহার করে এসবও অনেক কিছু বলে দেয়। আর এসব বুঝতেও অনেক সময় লাগে।আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আসলে মানুষ নিজেকেও সবসময় একভাবে প্রকাশ করে না।কেউ নিজের কষ্ট লুকিয়ে রাখে আর কেউ নিজের ভয় লুকিয়ে রাখে আর কেউ আবার নিজের আসল চিন্তাগুলো প্রকাশই করে না।
তো তাই বাইরে থেকে একজন মানুষকে দেখে তার পুরো জীবন বা পুরো ব্যক্তিত্ব সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে ফেলা আসলে ঠিক না।আর এই কারণেই হয়তো মানুষ চিনতে আমাদের এতো দেরি হয়।আমরা একটা মানুষকে তার কয়েকটা আচরণ দিয়ে বিচার করে ফেলি তারপর মনে করি আমরা তাকে বুঝে গেছি। কিন্তু সময় গেলে আরও অনেক কিছু সামনে আসে।কখনো ভালো কিছু আবার কখনো খারাপ কিছু।তো তখন আমাদের আগের ধারণাগুলোও বদলে যায়।আর আমার মনে হয় যে মানুষকে চেনার ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভালো।কাউকে একদিনে ভালো বা খারাপ বলে ধরে নেওয়ার দরকার নেই।সময়কে তার কাজ করতে দেওয়া উচিত।কারণ সময়ের সাথে মানুষ নিজের অনেক দিক এমনিতেই প্রকাশ করে।আর সবচেয়ে মেইন বিষয় হচ্ছে আমরা যতই কাউকে কাছ থেকে চিনি না কেনো তার সম্পর্কে সবকিছু জানি এমন ভাবা ঠিক না।প্রত্যেক মানুষেরই এমন কিছু জায়গা থাকে যেখানে অন্য কারো প্রবেশ থাকে না।কিছু অনুভূতি,কিছু চিন্তা,কিছু অভিজ্ঞতা শুধু সেই মানুষটাই জানে।তাই আমার মনে হয় যে কাউকে চেনার ক্ষেত্রে আমাদের একটু ধৈর্য থাকা দরকার।মানুষকে বোঝার চেষ্টা করা দরকার।কিন্তু তাকে পুরোপুরি বুঝে ফেলেছি এমন অহংকার না থাকাই ভালো।কারণ সত্যি বলতে আমরা একজন মানুষ সম্পর্কে যতোটা জানি তার চেয়ে অনেক বেশি কিছুই জানি না।আর এই না জানার জায়গাটাই হয়তো মানুষকে চিনতে এতো সময় লাগার সবচেয়ে বড় কারণ।

