খুশি উদযাপন!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আচ্ছা একটা অদ্ভুত বিষয় খেয়াল করেছি।সেটা হচ্ছে কি আমি না এমন অনেক মানুষ দেখেছি যারা খুশিটাকে খুশি হিসেবেই মেনে নিতে পারে না।মানে একটা মানুষ ভালো আছে যে নিজের মতো করে সুন্দর সময় কাটাচ্ছে,কোনো কিছু নিয়ে খুশি আছে এটা দেখেও কিছু মানুষের শান্তি হয় না।ওরা এমনভাবে কথা বলবে কিংবা এমন কিছু বিষয় সামনে নিয়ে আসবে যাতে সেই খুশিটা আর বেশিক্ষণ ধরে রাখা সম্ভব না হয়।আমার কাছে বিষয়টা সত্যিই খুব অদ্ভুত লাগে।মানে একজন মানুষ ভালো আছে এতে সমস্যা কোথায়?সবাইকে কি সবসময় কোনো না কোনো দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে?আসলে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা অন্যের ভালো থাকা সহজভাবে নিতে পারে না।কেউ একটু ভালো কিছু করলে,কোথাও ঘুরতে গেলে,পছন্দের কিছু কিনলে বা জীবনে ছোটখাটো কোনো সাফল্য পেলে ওরা সেটাকে স্বাভাবিকভাবে দেখতে পারে না।এমন কিছু কথা বলবে যাতে নিজের আনন্দটাই মাটি হয়ে যায়।অথচ একজন মানুষের জীবনে ভালো মুহূর্ত এমনিতেই খুব বেশি আসে না।সেই মুহূর্তগুলোও যদি অন্যের কথায় নষ্ট হয়ে যায়।তাহলে ভালো থাকার জায়গাটা কোথায়?
আমার মনে হয় কি অন্যের খুশিতে খুশি হতে পারাটাও মানুষের অনেক বড় একটা গুণ।সবাইকে যে আমার মতো করে ভাবতে হবে এমন কোনো কথা নেই।কারো জীবনযাপন আমার পছন্দ না হতেই পারে।কারো কোনো সিদ্ধান্তের সঙ্গে আমার মতের মিল নাও থাকতে পারে।কিন্তু তাই বলে তার ভালো থাকাটাকে ছোট করে দেখার কোনো মানে হয় না।আমি যেভাবে ভালো থাকতে পছন্দ করি অন্য একজন মানুষও তার নিজের মতো করে ভালো থাকার অধিকার রাখে।আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি কিছু মানুষ আবার এমনভাবে কথা বলে যেনো তারা আমাদের অনেক ভালো চায়।কিন্তু তাদের কথাবার্তার মধ্যে এমন কিছু বিষয় থাকে যেগুলো শুনলে নিজের খুশিটাই আর ধরে রাখা যায় না।হয়তো কোনো একটা ভালো খবর জানালাম তো সাথে সাথে এমন কিছু বলবে যা নিয়ে নতুন করে চিন্তা শুরু হয়ে যাবে।একটা সুন্দর মুহূর্তের মধ্যে পুরোনো কোনো সমস্যা টেনে আনবে।এমনকি ভবিষ্যতে কী খারাপ হতে পারে সেটাও মনে করিয়ে দেবে।অথচ সবসময় সবকিছুর খারাপ দিক নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই।আর আমার কাছে মনে হয় যে মানুষকে ভালো থাকতে দেওয়াটাও এক ধরনের সুন্দর ব্যবহার।কেউ খুশি থাকলে তার সঙ্গে একটু হাসাহাসি করা যায়,ভালো খবর শুনলে অভিনন্দন জানানো যায়।
আর সবসময় উপদেশ দেওয়া বা খুশির মধ্যেও সমস্যা খুঁজে বের করার দরকার নেই।কারণ অনেক সময় মানুষ শুধু নিজের আনন্দটা ভাগ করে নিতে চায়।সেখানে তাকে নতুন করে দুশ্চিন্তায় ফেলার কোনো প্রয়োজন থাকে না।লাইফে সমস্যা সবারই আছে।কেউ হয়তো নিজের কষ্টের কথা প্রকাশ করে না,কেউ আবার হাসিখুশি থেকে সবকিছু সামলানোর চেষ্টা করে।তাই কাউকে ভালো থাকতে দেখলেই ভাবা উচিত না যে তার জীবনে কোনো সমস্যা নেই বরং মানুষটা যে পরিস্থিতির মধ্যেও একটু আনন্দ খুঁজে নিতে পারছে সেটাকে সম্মান করা উচিত।আর আসলে অন্যের খুশি নষ্ট করে কেউ নিজের জীবন সুন্দর করতে পারে না।উলটো অন্যের ভালো থাকার মুহূর্তগুলোকে সম্মান করতে শিখলে সম্পর্কগুলোও সুন্দর হয়।আর আমি চাই যে মানুষ অন্তত কাছের মানুষগুলোর আনন্দকে সহজভাবে নিতে শিখুক।কারণ সবসময় কারো কষ্টের সময় পাশে দাঁড়ানোই যথেষ্ট না তার খুশির সময়েও মন থেকে খুশি হতে পারাটা জরুরি।

